ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করার ঘোষণা দেওয়ার পর থেকেই বিতর্ক তাড়া করে ফিরছে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিককে।শোয়েব মালিককে সবচেয়ে বেশি ভোগাচ্ছে গত শুক্রবার হঠাৎ করেই আসা একটি অভিযোগ। আয়েশা সিদ্দিকি নামের এক মেয়ের বাবা ভারতীয় এক মিডিয়ায় জানিয়েছেন শোয়েব মালিক ২০০২ সালে তাঁর মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেছিলেন।সানিয়া মির্জার সঙ্গে বিয়ের কথা পাকাপাকি হওয়ার পরই এই অভিযোগ তোলপাড় তুলেছে উপমহাদেশের মিডিয়াজুড়ে। টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে এক আলাপচারিতায় শোয়েব মালিক জানিয়েছেন সেই ঘটনাটি। সেই সঙ্গে স্বীকার করেছেন, ২০০২ সালে মাত্র ২০ বছর বয়সে তিনি একটি প্রতারণারই শিকার হয়েছিলেন।প্রথম আলো অনলাইনের পাঠকদের জন্য শোয়েব মালিকের সেই সাক্ষাত্কারটির হুবহু অনুবাদ প্রকাশ করা হলো।আয়েশা সিদ্দিকির সঙ্গে আপনার প্রথম কবে দেখা হয়েছিল?উত্তর: ২০০১ সালে টেলিফোনের মাধ্যমে আয়েশার সঙ্গে আমার প্রথম পরিচয়। আমি তখন পাকিস্তানের হয়ে খেলতে শারজায় ছিলাম। সে তখন আমাকে টেলিফোন করে জানায়, সে আমার একজন ভক্ত। তার নাম আয়েশা এবং তারা সৌদি আরবে থাকে। এভাবেই আয়েশার সঙ্গে আমার আলাপচারিতার শুরু।আয়েশার সঙ্গে কি আপনার দেখা হয়েছিল?উত্তর: এরপর আমরা প্রায়ই ফোনে কথা বলতাম। একদিন আয়েশা আমাকে কিছু ছবি পাঠিয়ে বলে, যে ছবিগুলো ওর। তবে সেই ছবিতে আমি যে মেয়েটিকে দেখেছিলাম, তার সঙ্গে আমার কোনো দিন দেখা হয়নি।ব্যাপারটা একটু ব্যাখ্যা করে বলবেন?উত্তর: শারজা থেকে ফিরে আমি ছবিগুলো আমার মা-বাবাকে দেখাই। বলি, মেয়েটিকে আমার খুব পছন্দ হয়েছে। আমরা প্রতিদিনই কথা বলতাম। আমি সামনাসামনি দেখা করার জন্য মেয়েটিকে প্রায়ই অনুরোধ করতাম। কিছুটা চাপও দিয়েছি। মেয়েটি বলত, আমরা আমাদের বিয়ের দিনই দেখা করব।আপনি একজন মেয়ের সঙ্গে প্রতিদিন কথা বলতেন। বিয়ে করারও ইচ্ছা ছিল আপনার। এমন একটি মেয়ের সঙ্গে আপনার কখনই দেখা হলো না, এমনকি দেখা করার ইচ্ছা হলো না?উত্তর: অবশ্যই হয়েছে। ২০০২ সালে আমি হায়দরাবাদে আসি কেবল আয়েশা নামের মেয়েটির সঙ্গেই দেখা করতে। যেদিন আমি পাকিস্তানে ফিরে যাচ্ছি, তার ঠিক আগে আয়েশা আমাকে ফোন করে বলে, তাকে তাড়াতাড়ি সৌদি আরবে ফিরে যেতে হবে। তার কী যেন জরুরি কাজ পড়ে গেছে। আয়েশার এক চাচাতো বোন রিমা ও তার বড় বোন আমার সঙ্গে দেখা করবে। আমি আয়েশার চাচাতো বোন ও বড় বোনকে ওর কথা জিজ্ঞেস করতে তারা বলে, মুটিয়ে যাওয়ার কারণে আয়েশা আমার সঙ্গে দেখা করছে না। এই কথায় আমি বেশ অপ্রস্তুত হয়ে যাই এবং বলি, আমার কাছে আয়েশার ছবি আছে। ছবিগুলো দেখে তারা বলে, ওগুলো অনেক পুরোনো। সে যত দিন পর্যন্ত তার ওজন না কমাতে পারছে, তত দিন সে আমার সঙ্গে দেখা করবে না। এর পরও আমি হায়দরাবাদে এসেছি, আয়েশার সঙ্গে দেখা করতে চেয়েছি। রিমা ও আয়েশার বড় বোনের সঙ্গে দেখা করেছি, কিন্তু আয়েশা ওজন কমাতে না পারার একই অজুহাত দেখিয়ে আমার সঙ্গে দেখা করেনি।আপনার প্রতিক্রিয়া কী রকম ছিল সেই সময়?উত্তর: আমি আয়েশাকে বোঝার চেষ্টা করছিলাম। আমি তাকে সাহায্য করতে চেয়েছিলাম।আপনারা কি শেষ পর্যন্ত বিয়ে করেছিলেন?উত্তর: ২০০২ সালে আমি আয়েশাকে টেলিফোনে বিয়ে করি। সে তখন বিয়ের জন্য খুব চাপ দিচ্ছিল। আমিও তাকে বিয়ে করতেই চাচ্ছিলাম। তখনো তার সঙ্গে আমার দেখা হয়নি। আয়েশা তখন আমাকে টেলিফোনে বিয়ের জন্য চাপ দেয়। আমি তাকে বলি, টেলিফোনে বিয়ে আমার মা-বাবা মেনে নেবেন না। টেলিফোনে কখনই আমাদের পরিবারের কারও বিয়ে হয়নি। আয়েশা এরপর আমাকে বলে, আমি যদি তাকে এই মুহূর্তে বিয়ে না করি, তাহলে তাদের পরিবার হায়দরাবাদে মুখ দেখাতে পারছে না। কারণ ঘটনাটি জানাজানি হয়ে গেছে। কী মনে করে ২০০২-এর জুন মাসের এক সকালে আমি বাড়ি থেকে বের হয়ে এক বন্ধুর বাড়িতে গিয়ে টেলিফোনে আয়েশাকে বিয়ে করে ফেলি। তবে সেই সময় আমার মাথায় প্রথম পাওয়া ছবিগুলোর মেয়েটির চেহারাই ছিল। তবে পরে আমার মনে হয়েছে, পুরো ব্যাপারটিই ছিল এক ধরনের প্রতারণা।২০০২ সালে আপনার বয়স ছিল ২০। ভারতে ২০ বছর বয়সে বিয়ে অবৈধ...উত্তর: পাকিস্তানের আইনে ১৮ বছর বয়স হলেই বিয়ে করা যায়। আমি আসলে তখন বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না। কিন্তু ভারত সফরের সময় একদিন আয়েশার বাড়িতে আমাদের রাতে খাবার দাওয়াত ছিল। আমরা সেই দাওয়াতে গিয়েও আয়েশার দেখা পাইনি। আমার সতীর্থ কয়েকজন খেলোয়াড়ও এ ব্যাপারে তাদের বিরক্তি প্রকাশ করে। আমিও বেশ হতাশ ছিলাম।আপনি তখনো অন্য কিছু আঁচ করতে পারেননি?উত্তর: দেখুন, আমি সব সময়ই চেয়েছি, সম্পর্কটা টিকে থাক। আর তা ছাড়া পুরো ব্যাপারটা ঘটেছে আমার কোন বয়সে সেটাও দয়া করে খেয়াল করুণ। ২০০২ সালে আমার বয়স মাত্র ২০। আস্তে আস্তে আমি কয়েকটি বিষয়ে যোগফল মেলাতে থাকি। আয়েশা নামের যে মেয়েটিকে আমি টেলিফোনে বিয়ে করেছিলাম, তার বড় বোনের সঙ্গে যতই আমি কথা বলতে থাকি, ততই আমার মনে হতে থাকে, টেলিফোনে আমি যার সঙ্গে কথা বলি, তার সঙ্গে ‘তথাকথিত’ এই বড় বোনের প্রতিটি শব্দের উচ্চারণ থেকে শুরু করে হাসি, অভিব্যক্তি—সবই একই রকম।পুরো ব্যাপারটা কখন ধরতে পারলেন?উত্তর: ২০০৫ সালের আগস্ট মাসে। আমার বোনজামাই আমাকে জানান, তাঁর এক ভাগ্নে সৌদি আরবে থাকে। সে খবর বের করেছে সেখানে এক শিক্ষিকা আছে, যার নাম মাহা সিদ্দিকী। মাহা সিদ্দিকী বলে বেড়াচ্ছে সে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী। আমি সেই মাহা সিদ্দিকীর ছবি দেখে আঁতকে উঠি। কারণ যে ছবি দেখে আমি তথাকথিত আয়েশা নামের মেয়েটিকে পছন্দ করেছিলাম ও পরে বিয়ে করেছিলাম, তার সঙ্গে এখনকার মাহা নামের মেয়েটির কোনো মিলই নেই। শুধু তাই নয়, এই মাহা হচ্ছে তথাকথিত আয়েশার সেই আলোচিত বড় বোন।আমি সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ হয়ে তথাকথিত আয়েশাকে ফোন করি এবং জানাই সবকিছুই এখন আমার কাছে পরিষ্কার। আমার কাছে যে ছবিগুলো ছিল, সেগুলো আসলে অন্য কোনো মেয়ের। সেই বড় বোনই হচ্ছে তথাকথিত আয়েশা। সেই সময় আমি এই প্রতারণার কারণ জানতে চাই এবং বলি, আমার কাছে থাকা ছবিগুলো আমি মিডিয়ায় দিয়ে দেব। আয়েশা তখন আমার কাছে মাফ চায় এবং বলে, তার ভুলের জন্য যেন একজন সাধারণ মেয়ের সর্বনাশ না হয়। কারণ ছবির মেয়েটি জানেই না যে তাঁর ছবি নিয়ে এত কাহিনি।আপনি কি মনে করেন আপনি যা বললেন, তা বিশ্বাসযোগ্য?উত্তর: আমি আমার ঘটনাটা বললাম। আমার বোকামির কারণেই এটি ঘটেছে। এর জন্য আমার নির্বুদ্ধিতা ও ছেলেমানুষীই দায়ী। তাই আমি এখনো নিজেকে অভিসম্পাত দিই। আমার পরিবার ও বোনজামাই আমাকে অনেক সাহায্য করেছে ঘটনাটা পেছনে ফেলতে। তবে একটি কথা আমি বলতেই পারি, ওটা কোনো বিয়েই নয়। সানিয়ার সঙ্গে বিয়েটাই আমার জীবনের প্রথম বিয়ে।