‘সাবাস বাংলাদেশ’
মুক্তিযুদ্ধের বিজয়ের ৪০ বছর উদ্যাপন উপলক্ষে মুক্ত আসর গতকাল রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের গল্প বলা, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধন করেন বীর প্রতীক এ কে এম জয়নুল আবেদীন খান। অনুষ্ঠানে বক্তব্য দেন বীর প্রতীক রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা এস এম মান্নান। স্বাগত বক্তব্য দেন মুক্ত আসরের আহ্বায়ক আবু সাঈদ।‘সাবাস বাংলাদেশ’ শিরোনামের এ অনুষ্ঠানে ২০০ শিশু-কিশোর ছবি আঁকার প্রতিযোগিতায় অংশ নেয়। আঁকার পরই শুরু হয় মুক্তিযুদ্ধের গল্প বলা। ফাঁকে ফাঁকে চলে দেশাত্মবোধক গান ও আবৃত্তি। কবিতা আবৃত্তি করেন আশফাকুজ্জামান, হুর-ই-জান্নাত। গান গেয়ে শোনান রোকেয়া ইয়ামিন, সুমি চক্রবর্তী, জাহিদসহ অনেকে। অনুষ্ঠান শেষে তিনটি বিভাগে ২১ জনকে পুরস্কার দেওয়া হয়।