‘সাম্প্রাসের সাক্ষাৎকারও নিয়েছিলাম’
কোর্টের ভেনাস উইলিয়ামসকে সবাই চেনে। কিন্তু কোর্টের বাইরের ভেনাসকে? অনলাইনে পাওয়া এই সাক্ষাৎকারে উঠে এসেছে মাঠের বাইরের ভেনাস উইলিয়ামসপ্রশ্ন কোর্ট ও কোর্টের বাইরে আপনার সবচেয়ে গর্বের মুহূর্ত কোনটি?ভেনাস উইলিয়ামস আমি ঠিক জানি না। তবে মনে হয় ওই সময়, যখন নিশ্চিত হারের মুখ থেকে জিতে আসি। এ রকম ম্যাচ এত বেশি খেলেছি যে, কোনো একটাকে বেছে নেওয়া বেশ কঠিন। আর কোর্টের বাইরে বড় বোন হওয়াটাই গর্বের। আমি এটা উপভোগ করি। সাতটি গ্র্যান্ড স্লাম জিতেছেন। এর মধ্যে কোনটি আপনার প্রিয়? সাতটিই। (হেসে) প্রত্যেকটিই দারুণ। আমি বোঝাচ্ছি, একটিই আরেকটিকে নিয়ে এসেছে। তবে প্রথম জয়ের ব্যাপারটিই আলাদা। ওটাই তো আরও বড় অর্জনের দিকে নিয়ে গেছে। প্রথম যখন খেলা শুরু করেছিলেন, সে সময়ের চেয়ে কোন কাজটি আরও ভালোভাবে করছেন এবং কোনটি ভালোভাবে হচ্ছে না? আগের থেকে বেশি কুশলী হয়েছি এবং যেকোনো বিষয় নিয়ে ভালোভাবে ভাবতে পারি। আর নিশ্চিতভাবে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে খেলাকে বুঝতে পারায়। আর আগের থেকে বেশি চিন্তা করি—এটাই আমার দুর্বলতা। চিন্তা বেশি না করাতে অবশ্যই লাভ আছে। পুরোপুরি না হলেও কিছুটা তো আছেই। সেরেনাকে বাদ দিলে আপনার মুখোমুখি হওয়া সেরা খেলোয়াড় কারা? আমার সময়ে যারা খেলায় সেরা ছিল, অবশ্যই তারা। হিঙ্গিস, ডেভেনপোর্ট অথবা এ সময়ের ক্লাইস্টার্স—এরা প্রত্যেকেই বড় মাপের খেলোয়াড়। আর সেরেনাকে ছাড়া একজনকে বেছে নিতে বলা হলে আমি লিন্ডসেকেই (ডেভেনপোর্ট) বেছে নেব। স্টেফি গ্রাফ ও মনিকা সেলেসের ব্যাপারে কী বলবেন? স্টেফির সঙ্গে বেশি খেলিনি। তবে মনিকার সঙ্গে আমার রেকর্ডটা বেশ ভালো। সে অবশ্যই বড় মাপের খেলোয়াড়, কিন্তু রেকর্ডটা আমারই ভালো। ছোটোবেলায় কার খেলা ভালো লাগত? আমি মনিকা সেলেসের খেলা অনেক দেখেছি। সে খেলার সময় আওয়াজ করত বলে আমিও আওয়াজ করা শুরু করেছিলাম। বারাক ওবামাকে অনুসরণ করেন? না, আমি রাজনীতিটা অনুসরণ করি না। আপনার বাবা-মার দেওয়া সেরা উপদেশ কোনটি? সবার ওপরে সৃষ্টিকর্তা, এরপর পরিবার। টেনিসের ব্যাপারে? প্রতিটি বলের পেছনে যাবে এবং ইতিবাচক মানসিকতা নিয়ে খেলবে। আপনার ও সেরেনার ক্ষেত্রে তো বাবার কোচিং কাজে লেগেছে। কিন্তু অনেকের ক্ষেত্রেই কেন এটা কাজ করে না? আমার মনে হয়, মা-বাবা ও সন্তান—দুই পক্ষকেই যার যার ভূমিকাটা ঠিকমতো জানতে হবে। ভাগ্যক্রমে আমাদের ক্ষেত্রে সবকিছুই ঠিকমতো কাজ করেছে। চমৎকার মা-বাবা পেয়েছি। আমার বোনেরাও খুব সাহায্য করে। সেরেনা ও আমার দুজনেরই নিজস্ব চিন্তাভাবনা আছে। আমাদের এভাবে গড়ে তোলা হয়েছে, যাতে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারি। আপনি কি অন্যদেরও এই ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেবেন? আমি জানি না অন্যদের কী বলব। প্রত্যেকের পদ্ধতিই আলাদা। আমার মনে হয়, আপনার মা-বাবা যদি সহায়ক শক্তি হয়, আপনি তাদের মতে চলতে পারেন। আর না পারলে আলাদা থাকাটাই ভালো। সেরেনা কি এমন কিছু করে, যেটা আপনাকে অবাক করে? না, কোর্ট ও কোর্টের বাইরে তাঁর কোনো কিছুই আমাকে অবাক করে না। আমি তাকে বেশ ভালোভাবে জানি। একসময় আপনি ও সেরেনা তো একটি টেনিস নিউজলেটার বের করতেন। ওটা কি আবারও বের হবে? মনে হয় না। লেখা ও সম্পাদনা করাটা অনেক কঠিন। অবশ্য ওটা মজারও ছিল। আমরা সাম্প্রাস, গিমেলস্টবের সাক্ষাৎকারও নিয়েছিলাম। কখনো কি নিজেকে ডব্লুটিএর সিইও হিসেবে ভেবেছেন? না, টেনিস নিয়েই আমার অনেক স্বপ্ন। টেনিসের বাইরেও অনেক করার আছে। টেনিস ছাড়ার পর সেগুলো করব। যেমন? ফ্যাশন ও ইন্টেরিয়র নিয়ে আমার অনেক কিছুই করার আছে। ডব্লুটিএর জীবনবৃত্তান্ত বলছে, আপনি উপহার পেতে পছন্দ করেন। সর্বশেষ কী উপহার পেয়েছেন? বই। আপনাকে যদি মজার গল্প লিখতে বলা হয়, কী নিয়ে লিখবেন? মনে হয়, উইলিয়ামস বোনদের কারাওতে গান গাওয়া নিয়ে (হাসি)। অবসরে কি টেনিস দেখেন? হ্যাঁ, আমি প্রচুর টেনিস দেখি। মেয়েদের খেলাটাই বেশি পছন্দ করি। আগামী পাঁচ বছরের মধ্যে ভালো করবে—এমন কোনো তরুণ খেলোয়াড় কি আপনার চোখে পড়েছে? জানি না। কারণ, আমার বাছাইটা ঠিক হয় না। দেখা যায়, যে খেলোয়াড়টাকে ভালো মনে করলাম, সে ভালো করতে পারল না। যাকে গোনায় ধরলাম না, সে-ই ভালো করল। সত্যি বলছি, আমি ভালো স্কাউট না। কাদের খেলা দেখতে আপনার ভালো লাগে? বিখ্যাতদের খেলা দেখতেই ভালো লাগে। কোর্টে অন্যদের চেয়ে একটু আলাদা চিন্তা করেন তাঁরা। সময়-সুযোগ পেলেই বিলি জিন কিং, আর্থার অ্যাশ ও জিমি কোনর্সের খেলা দেখি।ভাষান্তর: সোলায়মান পলাশ