‘সারা ঘর নেপিয়া দুয়ারোত কাদো’
রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা থেকে মহিপুর যেতে আট কিলোমিটার সড়কের সাত কিলোমিটারই সংস্কার করা হলো। কিন্তু মাত্র এক কিলোমিটার সড়ক আর ভালো হচ্ছে না। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।এই সামান্য সড়কের সংস্কার না হওয়া প্রসঙ্গে কৃষক আবদুল জলিল বলেন, ‘সারা ঘর নেপিয়া (লেপে) দুয়ারোত কাদো থুইলে যেমন হয়, ঠিক এমন অবস্থা হইছে হামার এই রাস্তাটা নিয়া।’ উপজেলা প্রশাসনের স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ সূত্র জানায়, গত বছর গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা থেকে মহিপুর ঘাটে যাওয়ার সড়কটি মেরামত করা হলেও, মাত্র এক কিলোমিটার সড়কের বাজেট ছিল না। ফলে এই সামান্য সড়কের সংস্কার করা সম্ভব হয়নি।এদিকে এই সড়কটি পুরো সংস্কার না হওয়ায়, সাত কিলোমিটার সংস্কার হলেও যানবাহন চলাচলে তেমন কোনো উপকারে আসছে না। কেননা, এই সড়কটির প্রায় এক কিলোমিটার বিধ্বস্ত হয়ে পড়েছে। ফলে রিকশাসহ অন্যান্য যানবাহনের চালকেরা এই সড়ক ব্যবহার করতে অনীহা প্রকাশ করে থাকেন।এদিকে এক কিলোমিটার বিধ্বস্ত সড়কের আশপাশে আনুর বাজার, বান্দের পাড় বাজার, জয়দেব গ্রাম রয়েছে। আনুর বাজারের ব্যবসায়ী মাহমুদ হোসেন বলেন, ‘হামার রাস্তা যদি ভালোই করে, তাইলে পুরাটা করিল না কেনে?’ জয়দেব গ্রামের ব্যবসায়ী আলতাফ আলী বলেন, ‘এই সড়ক ভালো করিয়া কী লাভ হইল? বাকি রাস্তাকোনা কী দোষ করিল?’ একই এলাকার একজন চাকরিজীবী মোফাজ্জল হোসেন বলেন, এই সড়কের দৈন্য দশা নিয়ে উপজেলা অফিসে জানানো হয়েছে। ভালো করা হবে বলে এক বছর চলে গেলো, কিন্তু এখনো কোনো উদ্যোগ নেওয়া হলো না। কৃষক রহিম মিয়া বলেন, ‘হামরা এই সড়ক ভালো দেইকপার চাই।’লক্ষ্মীটারি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, সড়কটি সংস্কারের জন্য উপজেলা প্রশাসনে ধরনা দেওয়া হয়েছে, কিন্তু এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রংপুর অফিসের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম বলেন, নতুন করে অর্থ বরাদ্দ না থাকায় এই সড়কটির কাজ করা যাচ্ছে না। এ বছরের জুনের মধ্যে অর্থ বরাদ্দ পাওয়া যেতে পারে বলে তিনি জানান।