বাংলাদেশ প্রথম টেস্ট জয়টা ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে পেলেও সেটা হতে পারত ২০০৩-এর মুলতান টেস্টেই। পাকিস্তানের বিপক্ষে মাত্র ১ উইকেটে হেরে যাওয়া সেই টেস্ট এখনো আক্ষেপ হয়ে আছে সে সময়ের অধিনায়ক খালেদ মাহমুদের মনে ২০০৩-এর মুলতান টেস্টের পর এই প্রথম বাংলাদেশ দল আবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলছে। আপনি নিজেও কি খেয়াল করেছেন, আট বছরের লম্বা একটা বিরতি পড়ে গেছে মাঝখানে?খালেদ মাহমুদ: গত আট বছরে পাকিস্তানের বিপক্ষে আমরা কোনো টেস্ট খেলিনি...! খুবই অবাক হচ্ছি, আট বছর হয়ে গেল আমরা পাকিস্তানের বিপক্ষে কোনো টেস্ট খেলিনি, এটা বিশ্বাসই করতে পারছি না। মনেও নেই আমার...আপনার কাছেই শুনলাম। ওই টেস্টে জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছিল বাংলাদেশ দল। এখনো নিশ্চয়ই আক্ষেপ হয় সেটার জন্য...মাহমুদ: সারা জীবনই ওটার জন্য আক্ষেপ থাকবে। আক্ষেপ থাকবে ওই সিরিজটা নিয়েই। পেশোয়ার টেস্টেও আমরা ৬৬ রান লিড নিয়েছিলাম। আমার মনে সিরিজটা আজীবন দাগ কেটে থাকবে। আমাদের টেস্ট মর্যাদা নিয়ে কথা উঠছিল, বিশ্বকাপেও আমরা ভালো ক্রিকেট খেলিনি। পাকিস্তানের অনেকেই মনে করেছিল, আমার টেস্টে দাঁড়াতেই পারব না। সেখানে আমরা এত ভালো খেললাম! করাচি টেস্টও সম্ভবত সাড়ে চার দিন-পাঁচ দিন গিয়েছিল। আমরা যে টেস্ট খেলতে পারি, সেটা প্রমাণিত হয়েছিল ওই সিরিজে। শুধু ওই জয় হাতছাড়া হওয়ার আক্ষেপ, নাকি ওই সিরিজে আরও কিছু পাওয়ার ছিল?মাহমুদ: মাঝেমধ্যে মনে হয়, ওই ম্যাচটা জিতলে আমি হয়তো আরেকটু ভালো ক্রিকেট খেলতে পারতাম, বাংলাদেশ আরেকটু ভালো জায়গায় যেতে পারত। আমি অধিনায়ক ছিলাম। আমার হাত ধরে যদি প্রথম টেস্ট জয়টা আসত, তাও বিদেশের মাটিতে, আনন্দটা অন্য রকম হতো। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারানো ম্যাচে আমি ম্যান অব দ্য ম্যাচ ছিলাম। মুলতান টেস্টেও আমার বোলিং খুব ভালো হয়েছিল, দুই ইনিংসে ৭ উইকেট পেয়েছিলাম। এই ম্যাচেও ও রকম কিছু হলে এর চেয়ে বড় কোনো পাওয়া হতো না। ব্যক্তিগত আক্ষেপও আছে তাহলে...মাহমুদ: ব্যক্তিগত আক্ষেপের চেয়ে বাংলাদেশ প্রথম টেস্ট জিতত, সেটাই বড় ব্যাপার ছিল। আর সত্যি বলতে কি, পাকিস্তানের সঙ্গে যখনই খেলা হতো, আমি খুব উত্তেজিত থাকতাম। খেলার মধ্যে বিষয়টা জড়াতে চাই না, তবে হয়তো আসে আমার জন্ম ১৯৭১-এর আশপাশে বলেই। আপনার কি মনে হয়, মুলতানের জয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য বড় একটা টার্নিং পয়েন্ট হতে পারত?মাহমুদ: অবশ্যই। জিতলে অনেক বড় অনুপ্রেরণা হতো ওই টেস্ট। আমাদের ক্রিকেটের সার্বিক অবস্থা এখন হয়তো আরও ভালো থাকত। আমাদের অনেক খেলোয়াড় অকালে অবসর নিয়েছে, হয়তো এটা হতো না। মুলতান টেস্টের আট বছর পর আমাদের টেস্ট ক্রিকেট এখন যে জায়গায় আছে, সেটা কতটা সন্তোষজনক?মাহমুদ: আমাদের ক্রিকেট যে এগোচ্ছে না, তা নয়। কিন্তু সাম্প্রতিক সিরিজগুলোতে আমরা যেভাবে খেলছি, তাতে মনে প্রশ্ন জাগে, আসলেই কতটা এগিয়েছি? খেলাধুলায় সবচেয়ে বড় ব্যাপার হলো লক্ষ্য অর্জন। প্রক্রিয়া ঠিক থাকলেও যদি শেষ পর্যন্ত আপনি পারফরম না করেন, তাহলে সেটাকে ঠিক বলবেন কীভাবে? তখন প্রক্রিয়াটাই বদলানোর প্রয়োজন হয়ে পড়ে। ক্রিকেট ফলাফল-নির্ভর খেলা। ফলাফল ভালো না হলে সবাই-ই বলবে যে আমাদের প্রক্রিয়াতেই গলদ। কাজেই আমরা কতটুকু এগিয়েছি, সেটা আমাদের পারফরম্যান্সই বলে দিচ্ছে। এবারের সিরিজে কী আশা করছেন?মাহমুদ: আমি একটা কথাই বলব, ২০০৩ সালে আমরা খুব বাজে অবস্থায় থেকেই সিরিজটা খেলতে গিয়েছিলাম। ওই দলটার চেয়ে আমাদের এই দলটা বেশি শক্তিশালী। অনেক পরিণত খেলোয়াড় আছে এই দলে। সাকিব, তামিম, আশরাফুল আন্তর্জাতিক ক্রিকেটে যতগুলো ম্যাচ খেলে কালকের (আজ) ম্যাচটা খেলতে নামবে, ২০০৩-এ কিন্তু অত ম্যাচ খেলা হয়নি আমাদের। পাকিস্তান আমাদের চেয়ে ভালো দল, সন্দেহ নেই। কিন্তু আমরা যদি আমাদের শক্তি সঠিকভাবে কাজে লাগাতে পারি, ২০০৩-এর চেয়েও ভালো কিছু সম্ভব। ওয়ানডেতে কী হয়েছে না ভেবে ইতিবাচক ক্রিকেট খেলতে হবে।