প্রথম ইনিংসে ৫৮, দ্বিতীয় ইনিংসে ৭৫—তার পরও জুনায়েদ সিদ্দিকের মনে হতাশা, দ্বিতীয় ইনিংসে আউট হওয়ার পর তো রাতে ঘুমাতেই পারেননি! দুবার অনার্স বোর্ডে নাম তোলার সুযোগও পেয়েও যে কাজে লাগাতে পারলেন না! লর্ডসে খেলার অনুভূতি কেমন?জুনায়েদ সিদ্দিক: অনুভূতি চমৎকার। বাড়তি উত্তেজনা কাজ করছিল ভেতরে। ভালো কিছু করার তাড়না ছিল এখানে। লর্ডসে খেলার স্বপ্ন সবার মতো আমারও ছিল। স্বপ্নপূরণ হওয়ায় ভালো লাগছে। দুই ইনিংসে ফিফটি করেও লর্ডসের অনার্স বোর্ডে নাম তুলতে পারলেন না। এটা নিশ্চয়ই বড় হতাশা...জুনায়েদ: সেঞ্চুরি করতে পারিনি বলে খুব কষ্ট হয়েছে। সেই সুযোগ দুই ইনিংসেই এসেছিল। সেঞ্চুরিটা করতে পারলে অনেক বড় অর্জন হতো...একজন খেলোয়াড়ের জীবনে এটা সেরা অর্জন। লর্ডসের মতো মাঠে ভালো খেলা, সেঞ্চুরি মারতে পারলে অনার্স বোর্ডে নাম আসত—এটা বিশাল ব্যাপার। আমি অনেক চেষ্টা করেছি, এটাই আমার টার্গেট ছিল এখানে। আর সেঞ্চুরি করতে পারলে দলেরও উপকার হতো। হয়নি যখন হতাশ তো অবশ্যই...আরও কিছুক্ষণ থাকতে পারলে হয়তো হয়ে যেত। ইংলিশ কন্ডিশন, লর্ডসে প্রথম খেলছেন—সব মিলিয়ে কোনো ভয় কি আসেনি মনে?জুনায়েদ: না, ও রকম কোনো কিছুই ছিল না আসলে। দেশে ভালো খেলে আসায় আমার আত্মবিশ্বাস এখানেও ভালো ছিল। ইংলিশ কন্ডিশনে বাউন্স-মুভমেন্টেই বেশি সমস্যা হয় বাংলাদেশি ব্যাটসম্যানদের। এসবের সঙ্গে কেমন মানাতে পেরেছেন?জুনায়েদ: মানিয়ে নিতে পেরেছি বলেই হয়তো কিছুটা রান করতে পেরেছি। এই কন্ডিশন আমাদের দেশের তুলনায় একদমই অন্যরকম। এখানে প্রতিটি বল ফোকাস করতে হয়েছে। ফ্ল্যাট উইকেটে অনেক সময় ফোকাস সে রকম না থাকলেও টিকে থাকা যায়, এখানে সে উপায় নেই। দুই ইনিংসই এত লম্বা সময় ধরে উইকেটে থাকতে পেরেছেন কি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারার কারণেই?জুনায়েদ: এটা একটা ব্যাপার তো অবশ্যই। উইকেটে কিছুক্ষণ থাকার পরই মনে হচ্ছিল হয়তো বা মানিয়ে নিতে পারব। আউট হয়ে যাওয়ায় সে কারণেই বেশি কষ্ট পেয়েছি। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে যেভাবে আউট হলাম...খুব যে ভালো বলে আউট হয়েছি, তাও না। ক্যারিয়ারে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি ওভাবে আউট হয়ে। সারা রাত ঘুমাতে পারিনি। বিশেষ কোনো বোলারকে কি খেলতে বেশি সমস্যা হয়েছে?জুনায়েদ: কঠিন আসলে কাউকেই কখনো মনে হয় না। আমি যখন নিজে ভুল করি, তখনই আমার কাছে সবকিছু কঠিন হয়ে যায়, এলোমেলো লাগে। জিম্বাবুয়ের কোনো বোলারের স্লোয়ারেও যদি আমি আউট হয়ে যাই, আমার মনে হয়, আমি বুঝি খারাপ খেলছি। তামিম ইকবালের ইনিংসটা কেমন লাগল?জুনায়েদ: অসাধারণ ইনিংস। অবিশ্বাস্য একজন খেলোয়াড় তামিম। খুব অল্প সময়ে অনেক বেশি উন্নতি করেছে সে। ওকে দেখেই এখন আমরা অনুপ্রাণিত হচ্ছি। তামিম সেঞ্চুরি করল, আপনিও দুই ইনিংসে ফিফটি। সব মিলিয়ে লর্ডস টেস্টে কি ড্র করা উচিত ছিল না?জুনায়েদ: এটা তো বলার অপেক্ষা রাখে না। শেষ দিন যদি শেষ ৫ উইকেটে আরও বেশিক্ষণ খেলতে পারতাম, হয়তো বা ম্যাচটা বাঁচানো যেত। ওল্ড ট্রাফোর্ড টেস্টে লক্ষ্য কী থাকবে?জুনায়েদ: আমি এর আগে ওই মাঠে খেলিনি। ওখানে গিয়ে প্র্যাকটিস করে, উইকেট দেখে বুঝতে পারব কী অবস্থা। যদিও প্র্যাকটিস উইকেটের চেয়ে ম্যাচের উইকেটে অনেক পার্থক্য থাকে। দেখি আগে কী রকম সবকিছু, তার পর বলতে পারব।