একটি ‘সার্চ কমিটির’ মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগের কথা ভাবছে সরকার। সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এই কমিটি করা হবে। কমিটি একটি সংক্ষিপ্ত তালিকা রাষ্ট্রপতির কাছে উত্থাপন করবে। রাষ্ট্রপতি সেই তালিকা থেকে নিয়োগ দেবেন।গতকাল বুধবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা জানান।মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মন্ত্রিপরিষদ-সচিব আবদুল আজিজ, স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদার, সমবায় নিবন্ধক মুসফেকা ইকফাৎ, ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও কয়েকজন ডিসি এতে বক্তব্য দেন।সৈয়দ আশরাফুল ইসলাম এ সময় আরও জানান, পর্যায়ক্রমে দেশের সব পুরোনো জেলাকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে। ইতিমধ্যে রংপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লাকে সিটি করপোরেশনে উন্নীত করা হয়েছে। অচিরেই টঙ্গী ও গাজীপুরকে নিয়ে সিটি করপোরেশন হবে।স্থানীয় সরকারমন্ত্রী জানান, স্থানীয় সরকার শক্তিশালী করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন যদি আর্থিকভাবে স্বাবলম্বী না হয়, তবে এগুলো স্বাধীন ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াতে পারবে না।জেলা প্রশাসকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারসচিব বলেন, পৌর মেয়রদের সঙ্গে উপজেলা চেয়ারম্যানদের ভাতা বাড়ানো যায় কি না, মন্ত্রণালয় তা পরীক্ষা করে দেখবে। তিনি চৌকিদার, দফাদার ও গ্রামপুলিশকে জাতীয় বেতন স্কেলের আওতায় আনার প্রস্তাব করেন। তিনি বলেন, উপজেলা চেয়ারম্যানরা গাড়ি নিয়ে জেলার বাইরে গেলে সরকারের অনুমতি নিতে হবে।পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব বলেন, সরকার এখন ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে কাউকে গরু, ছাগল বা কাউকে হাঁস-মুরগি দেওয়ার পরিকল্পনা বাদ দিতে চাইছে। এর পরিবর্তে গ্রাম সংগঠনের মাধ্যমে সঞ্চয় প্রকল্প হাতে নিচ্ছে। কোনো গ্রাহক মাসে ১০০ টাকা দিলে সরকার সমপরিমাণ টাকা ওই গ্রাহককে দেবে। এতে তারা স্বাবলম্বী হতে পারবে।বাণিজ্য মন্ত্রণালয়: বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় ডিসিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, টিসিবির ডিলার কারা, সে সম্পর্কে ডিসিদের কাছে কোনো তথ্য দেওয়া হয়নি। কী প্রক্রিয়ায় ডিলার নিয়োগ হয়, তা-ও তাঁরা জানেন না।এ বিষয়ে বাণিজ্যসচিব গোলাম হোসেন সাত দিনের মধ্যে ডিসিদের কাছে ডিলারদের তালিকা সরবরাহের প্রতিশ্রুতি দেন।জেলা প্রশাসকেরা বলেন, মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে পরে আবার টেলিফোন করে ধীরে চলার নীতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এ রকম হলে তো কাজ করা সম্ভব হয় না। কৃষি মন্ত্রণালয়: কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী কৃষিপণ্যের বাজার তদারকিতে ডিসিদের সক্রিয় হওয়ার নির্দেশ দেন। তবে ডিসিরা জানান, বাজার নিয়ন্ত্রণ আইন, ১৯৬৪ সংশোধন করা না হলে তদারকিতে তাঁদের অসুবিধা হয়। মন্ত্রী আইনটি সংশোধনের আশ্বাস দেন।কৃষিমন্ত্রী বলেন, যশোর ভেজাল সার, বীজ ও কীটনাশকের স্বর্গরাজ্য। এই জেলায় ভ্রাম্যমাণ আদালত জোরদার করে ভেজালের বিরুদ্ধে অভিযান এবং কৃষকেরা যাতে কৃষি উপকরণ সঠিক সময়ে পান, সেদিকেও নজর রাখার নির্দেশ দেন তিনি।যোগাযোগ মন্ত্রণালয়: রাস্তাঘাটের বেহাল দশা এবং পরিবহনে চাঁদাবাজির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ডিসিরা। ফেরিঘাটের অব্যবস্থাপনা নিয়েও অভিযোগ করেন কেউ কেউ। মন্ত্রী সৈয়দ আবুল হোসেন কাজের মান সঠিক রাখতে ডিসিদের তদারকি করতে নির্দেশ দেন।এ ছাড়া গতকাল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও জনপ্রশাসন নিয়েও ডিসিদের সঙ্গে মতবিনিময় হয়েছে। দুপুরে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ডিসিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। সেখানেও ডিসিরা তাঁদের কিছু অসুবিধার কথা তুলে ধরেন। রাষ্ট্রপতি এ সময় বাজার স্থিতিশীল রাখতে আইনগত ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ দেন।