‘সার্চ কমিটি’র মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ‘সার্চ কমিটির’ মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এ কমিটি গঠন করা হবে। কমিটি সম্ভাব্য কমিশনারদের একটি সংক্ষিপ্ত তালিকা রাষ্ট্রপতির কাছে উত্থাপন করবেন। রাষ্ট্রপতি সে তালিকা থেকে কমিশনার নিয়োগ দেবেন।আজ বুধবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ডিসিদের এ সিদ্ধান্তের কথা জানান।মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, মন্ত্রিপরিষদসচিব আবদুল আজিজ, স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদার বক্তব্য দেন। সমবায় নিবন্ধক মুসফেকা ইকফাত্, ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কয়েকজন জেলা প্রশাসক এতে বক্তব্য দেন।সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, প্রশাসনের সদিচ্ছা এবং স্বাধীন নির্বাচন কমিশন ইচ্ছা করলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। কয়েকটি উপনির্বাচন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন তার প্রমাণ। এ কারণে সরকার নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে চায়। এই উদ্দেশ্যেই সংবিধান সংশোধন করা হয়েছে। নির্বাচন কমিশনের আলাদা স্বাধীন সচিবালয় থাকবে বলে উল্লেখ করেন তিনি।স্থানীয় সরকারমন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের সব পুরোনো জেলাকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে। এরই মধ্যে রংপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লাকে সিটি করপোরেশনে উন্নীত করার কথা উল্লেখ করে তিনি বলেন, অচিরেই টঙ্গি ও গাজীপুরকে নিয়ে সিটি করপোরেশন করা হবে।প্রসঙ্গত, সিটি করপোরেশন হয়নি দেশের এ রকম পুরোনো জেলা হচ্ছে টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, ফরিদপুর, নোয়াখালী, যশোর, কুষ্টিয়া, পটুয়াখালী, দিনাজপুর ও বগুড়া। ১৯টি পুরোনো জেলার অন্যতম একটি ছিল পার্বত্য চট্টগ্রাম। এখন এ জেলা আলাদা হিসেবে গণ্য হবে।বাণিজ্য মন্ত্রণালয়: ডিসি সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় ডিসিরা ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, টিসিবির ডিলার কারা সে সম্পর্কে ডিসিদের কাছে কোনো তথ্য দেওয়া হয়নি। কী প্রক্রিয়ায় ডিলার নিয়োগ দেওয়া হয়, তাও তাঁরা জানেন না।এ বিষয়ে মন্ত্রিপরিষদসচিব বাণিজ্যসচিব গোলাম হোসেনের দৃষ্টি আকর্ষণ করলে আগামী সাত দিনের মধ্যে ডিসিদের কাছে ডিলারদের তালিকা সরবরাহের প্রতিশ্রুতি দেন তিনি।জেলা প্রশাসকেরা বলেন, মজুতদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে পরে আবার টেলিফোন করে ধীরে চলার নীতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এ রকম হলে কাজ করা সম্ভব হয় না।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়: খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক খোলাবাজারে খাদ্যশস্য বিক্রি, সামাজিক নিরাপত্তার আওতায় দেওয়া সুবিধাদি যথাসময়ে প্রকৃত ব্যক্তিরা যাতে পান, সে নিশ্চয়তা বিধানের নির্দেশ দেন ডিসিদের। ডিসিরা অবশ্য বলেন, টিআর, কাবিখা কিংবা অন্যান্য প্রকল্প গ্রহণে নানা জটিলতার কারণে প্রকল্প গ্রহণ বিলম্ব হয়। ফলে যথাসময়ে প্রকল্পের কাজ শেষ করা যায় না এবং কাজের মানও ঠিক থাকে না। মন্ত্রী এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন। খাদ্যসচিব বরুণ দেব মিত্র, দুর্যোগ ব্যবস্থাপনা সচিব আসলাম আলম উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর কার্যালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয় নিয়েও ডিসিদের সঙ্গে মতবিনিময় হয়েছে। রাষ্ট্রপতি জিল্লুর রহমান ডিসিদের সম্মানে মধ্যাহ্ন ভোজ আয়োজন করেন। সেখানেও ডিসিরা তাঁদের কিছু অসুবিধার কথা তুলে ধরেন।বাজার স্থিতিশীল রাখতে আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের প্রতি রাষ্ট্রপতির নির্দেশ: রাষ্ট্রপতি জিল্লুর রহমান ভোগ্যপণ্যের দাম সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সব আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন।রাষ্ট্রপতি ভোগ্যপণ্যের কৃত্রিম মূল্যবৃদ্ধি রোধে চাহিদা, মজুদ ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত তদারক করতে জেলা প্রশাসকদের প্রতি নির্দেশ দিয়েছেন। আজ জেলা প্রশাসক সম্মেলন-২০১১ উপলক্ষে বঙ্গভবনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের উদ্দেশে দেওয়া ভাষণে এ নির্দেশনা দেন।রাষ্ট্রপতি নারী ও শিশু নির্যাতন এবং পাচার বন্ধ, মাদকদ্রব্যের অপব্যবহার, যৌতুক, ইভ টিজিং ও বাল্যবিবাহের ন্যায় সামাজিক ব্যাধি দূর করতে আইনগত পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন।অনুষ্ঠানে মন্ত্রিপরিষদসচিব এম আবদুল আজিজ শুভেচ্ছা বক্তব্য দেন এবং ঢাকা বিভাগীয় কমিশনার মহিবুল হক ধন্যবাদ জ্ঞাপন করেন।