কদিন আগে নেপালে যাওয়া অনূর্ধ্ব-২৩ দল থেকে বাদ পড়েছিলেন। তবে কাল বাংলাদেশ লিগের প্রথম ম্যাচেই আবাহনীর জার্সি গায়ে দুই গোল করে জবাব দিলেন তৌহিদুল আলম। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফেনী সকারের বিপক্ষে দলকে জেতানোর পর চট্টগ্রামের বোয়ালখালীর তরুণ বললেন নিজের উঠে আসার গল্প একটা জবাব বোধহয় দিয়ে দিলেন। ফিটনেস নেই বলে অনূর্ধ্ব-২৩ দলের নেপাল সফরে আপনাকে নেওয়া হয়নি...তৌহিদুল আলম: আমি আসলে জানি না কোচ কেন আমাকে বাদ দিয়েছিলেন। তবে কোচ আমাকে তখন বলেছিলেন, আমার ফিটনেসে ঘাটতি আছে। আমি চিন্তা করেছি, লিগে ভালো করতে হবে। আজ প্রথম ম্যাচে দুই গোল করলাম। ইনশাআল্লাহ, সামনের ম্যাচগুলোতে আরও ভালো খেলতে চাই। আপনাদের মতো তরুণদের দিকে তাকিয়ে আছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি ভিশন-২০২২ ঘোষণা করেছেন, এখন ভালো ফুটবল খেলার দায়িত্ব তো আপনাদের ওপর।তৌহিদ: সালাউদ্দিন ভাইয়ের ঘোষণায় উদ্দীপ্ত হয়েছি। আমরা চাই, আরও ভালো ফুটবল খেলতে। এ জন্য একজন ভালো কোচও পেয়েছি আমরা (আবাহনী)। আজ কোচ আমাকে বলেছেন, ‘তুমি ভালো ক্রস করবা। ইনসাইডে ঢুকবা।’ গোল করানোর দায়িত্বই আসলে বেশি ছিল আমার ওপর। তবে গোল পেয়ে গেলাম। এটা আমার জন্য খুব ভালো হয়েছে। নতুন কোচ আরদেশির পোরনেমাতের কাছে আপনারা নতুন কী শিখছেন?তৌহিদ: কোচ মাত্র ১০ দিন অনুশীলন করিয়েছেন আমাদের। ফিটনেসে যে ঘাটতি ছিল, তা মোটামুটি পূরণ করেছেন। এই কোচের অনুশীলন খুব ভালো। খেলোয়াড়দের কাছ থেকে সবকিছু আদায় করেন। আমার কাছে মনে হচ্ছে উনি বড় মানের কোচ। সব সময়ই পারফেকশন চান। যেটা না হয়, সেটা বারবার অনুশীলন করান। চেষ্টা করেন খেলোয়াড়দের সেরাটা আদায় করে নিতে। গত বছর আবাহনীর কোচ ছিলেন ইরানেরই আলী আকবর পোরমুসলিমি। তাঁর সঙ্গে নতুন কোচের পার্থক্য খুঁজে পাচ্ছেন?তৌহিদ: দুজনই ভালো কোচ। তবে কিছু পার্থক্য তো আছেই। এই কোচের গেম রিডিং খুব ভালো। সব সময় আক্রমণাত্মক খেলতে পছন্দ করেন। তবে সবে শুরু করেছেন নতুন কোচ, আরও কিছুটা সময় যাক। আপনার উঠে আসার গল্পটা একটু শুনি...তৌহিদ: আমার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীতে। সেখান থেকে প্রতিদিন চট্টগ্রাম শহরে এসে অনুশীলন করতাম। সকাল সকাল রওনা দিতাম, বাসে দেড় ঘণ্টার মতো লাগে শহরে আসতে। একবার আন্ত-উপজেলা অনূর্ধ্ব-১৫ খেলা হলো শহরে। সেখানে আমি সর্বোচ্চ গোলদাতা হই। ওই টুর্নামেন্টের পর চট্টগ্রাম মুক্তিযোদ্ধা আমাকে অফার করল। এক বছর সেখানে খেলে ঢাকার ফকিরের পুলে আসি। পরিবারের সমর্থন কেমন পেয়েছিলেন?তৌহিদ: আব্বা চাইতেন না আমি ফুটবল খেলি। তবে এখন তিনি খুশি, আম্মাও খুশি। বোয়ালখালীর একজন ফুটবলার হিসেবে আমি দেশের সেরা লিগে খেলছি। জাতীয় দলেও সুযোগ পেয়েছি এরই মধ্যে। বোয়ালখালী থেকে ঢাকায় এই পর্যায়ে উঠে আসা আমি একমাত্র ফুটবলার। বোয়ালখালীতে আমাকে অনেকবার সংবর্ধনা দেওয়া হয়েছে। বোয়ালখালীর ছেলে হিসেবে আমি গর্বিত। প্রথম বুট এবং বল কেনার কথা মনে আছে?তৌহিদ: ছোটবেলায় বুট কেনার জন্য আম্মার কাছে ৩০০ টাকা চেয়েছিলাম। আম্মা বলেছিলেন, ‘তোর বাবা তোকে খেলতে দেবে না। কাজেই বুট কিনবি কীভাবে।’ পরে অবশ্য আম্মা টাকা দিয়েছেন। আব্বার দোকান ছিল, তাঁকে বলে-টলে ৩০০ টাকা নিয়ে একটা বল কিনেছিলাম। তখন ক্লাস টুতে পড়ি।