‘সালোয়ার-কামিজ পরে খেলতাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলাধুলায় বাংলাদেশের মেয়েরা কোথায় দাঁড়িয়ে আছে? আগের চেয়ে এগোল, না পেছাল? পঞ্চাশ দশকের ক্রীড়াবিদ বিখ্যাত কাজী পরিবারের অন্যতম সদস্য কাজী জাহেদা আলীর চেয়ে তা আর কে ভালো বলতে পারেন। শুনুন তাঁর কথা কেমন আছেন? কী করছেন এখন?কাজী জাহেদা আলী: এমনিতে আছি ভালোই। সে অর্থে কিছুই করি না। আগে মহিলা ক্রীড়া সংস্থায় ছিলাম। অনেক দিন আগেই ছেড়ে দিয়েছি। এখন উত্তরায় বাসাতেই থাকি। নামাজ-রোজা করি, পেপার পড়ি, টিভি দেখে সময় কাটে। আরেকটি নারী দিবস সামনে। এই দিনটিকে কীভাবে দেখেন আপনি? জাহেদা: নারী দিবস এলে ইচ্ছে করে নারীদের জন্য কিছু করি। কিন্তু সেটা তো আর করতে পারি না। খারাপ লাগে। আমি অসুস্থ, কিছু করার শারীরিক সামর্থ্যও আসলে নেই। পেছনে যদি তাকান, মনে পড়ে খেলোয়াড়ি জীবনের সেই দিনগুলো?জাহেদা: ভীষণ মনে পড়ে। ১৯৫৫ সালের দিকে বড় ভাই কাজী আবদুল আলিম আমাকে মাঠে নিয়ে যান। তাঁর প্রেরণাতেই খেলাধুলায় আসি। যদিও পরিবার ছিল রক্ষণশীল। তখন মাঠে নামতাম সালোয়ার-কামিজ পরে। মানুষ তখন আজেবাজে কথা বলত। আপনি এমনিতে কোন কোন ইভেন্ট করতেন?জাহেদা: আমি ১০০, ২০০ মিটার স্প্রিন্টে সব সময় প্রথম হতাম। ১৯৫৬ সালে একবারই হাইজাম্প করেছিলাম। তারপর আর ওটা করিনি। লংজাম্পও করেছি। আমার শুরুর দিকে ৪০০ মিটার ছিল না। পরে ইভেন্টটি এলে তাতে অংশ নিয়ে রেকর্ড করেছি। আমার এই রেকর্ডটা পরে সুফিয়া খাতুন ভেঙেছে। ষাটের দশকে বিয়ে হয় আমার। এরপর আর খেলা হয়নি। পরে তো সংগঠক হয়েছেন। তা সংগঠক হিসেবে বাংলাদেশের মেয়েদের খেলাধুলা কেমন দেখেছেন?জাহেদা: ওই অভিজ্ঞতাটা ভালোই। আমি অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক-যুগ্ম সম্পাদক ছিলাম। জাজ ছিলাম। ১৯৮০ সালে পাই জাতীয় ক্রীড়া পুরস্কার। ৩-৪ বছর আগে মহিলা ক্রীড়া সংস্থা থেকে একটা পুরস্কার দিয়েছে। ভালোই কেটেছে সময়টা। মেয়েদের খেলাধুলায় তখনকার সামাজিক বাস্তবতা কেমন ছিল?জাহেদা: সামাজিক বাধা ছিল অনেক। তখন আমি, বকুল আপা, জিনাত আপারা খেলতাম। লোকে এসব খুব একটা ভালো চোখে দেখত না। বড় ভাইয়ের সঙ্গে যাওয়ায় আমি তা খুব একটা বুঝতে পারিনি। একটা দৌড় দিতাম, দিয়েই টেন্টের ভেতরে চলে যেতাম। বেশি ঘোরাফেরা করতাম না।  আগের সঙ্গে এখনকার তুলনা করলে কী বলবেন?জাহেদা: পোশাকের দিক থেকেই তো বড় পরিবর্তন। আমরা খেলতাম, লম্বা লম্বা সালোয়ার-কামিজ পরে। এখনকার মেয়েরা শর্টস পরে। এখন সবকিছু অনেক খোলামেলা, যেটা আমাদের সময় ছিল না। এখনকার খোঁজখবর রাখেন?জাহেদা: এখন খুব একটা খবর রাখি না। এখন খেলাধুলায় মজা নেই। মেয়েরা কিছু করতে পারছে না। ১৮ বছর আগে হজ করার পর থেকে আর মাঠমুখী হইনি। তবে মিস করি।  আপনারা তো তিন বোন তখন খেলতেন। সবারই নামী খেলোয়াড়। পেছনের রহস্য কী?জাহেদা: রহস্য কিছু না। সবই ভাইয়ের অবদান। আমরা ছয় বোন। খেলতাম তিনজন। সবাই অবশ্য একসঙ্গে খেলিনি। আমার ছোট বোন নাসিমা হামিদের সঙ্গে একবার একটা ইভেন্টে দ্বিতীয় হয়ে যাই। ছোটজন শামীমা রহমান অনেক পরে খেলেছে। তবে ওদের খেলা দেখতাম। শামীমা আজ পর্যন্ত জাতীয় পুরস্কারটা পেল না। এটা বড় আফসোস।  কোনো স্মরণীয় ঘটনা মনে পড়ে?জাহেদা: একবার বড় ভাই আর আমি একসঙ্গে দুজন প্রাদেশিক চ্যাম্পিয়ন হই। আমি বোধহয় ১১টা ফার্স্ট প্রাইজ পেয়েছি সেবার। বড় ভাইও ৭-৮টা পেয়েছে। পোল ভল্ট, হাইজাম্পে বেশি ভালো ছিলেন বড় ভাই। খুব ভালো লেগেছিল দুই ভাইবোনের একসঙ্গে প্রথম হওয়ার পুরস্কার হাতে নিয়ে।