‘সাহস থাকলে ভূপালের পানি খান’ (ভিডিও)
লন্ডন অলিম্পিকের আর মাত্র ২০০ দিন বাকি। আয়োজকেরা অধীর আগ্রহে ক্ষণ গণনা করছেন। কিন্তু, এরই মধ্যে ভিন্ন এক ঘটনার কারণে লন্ডন অলিম্পিকের গায়ে কালিমা লেপনের শঙ্কা তৈরি হয়েছে। কারণ, ভূপাল ট্র্যাজেডির জন্য দায়ী ডাউ কোম্পানিকে লন্ডর অলিম্পিকের স্পনসর করা হয়েছে। এর ফলে তোপের মুখে পড়েছেন অলিম্পিক আয়োজক কমিটি।
লন্ডনের রাস্তায় এ নিয়ে প্রতিবাদ হয়েছে। প্রতিবাদকারীরা অলিম্পিকের স্পনসর কর্তৃপক্ষের তালিকা থেকে ‘ডাউ কেমিক্যাল’ কোম্পানির নাম বাদ দেওয়ার দাবি জানিয়েছে। তারা বলছে, এই কোম্পানির ব্যর্থতার কারণেই ১৯৮৪ সালের ‘ভূপাল ট্র্যাজেডি’ ঘটেছিল। যে ঘটনায় প্রাণ হারিয়েছিল ২৫ হাজারের বেশি লোক। যার ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে লাখ লাখ ভূপালবাসী। আর ওই ডাউ কেমিক্যাল কোম্পানির প্লাস্টিক বিভাগ এ বছর অনুষ্ঠেয় লন্ডন অলিম্পিক স্টেডিয়াম ঢেকে রাখার কাপড় তৈরি করেছে। আর সে কাপড়ে শোভা পাবে ওই কোম্পানির নাম।প্রতিবাদকারীরা অলিম্পিক আয়োজক কমিটিকে চ্যালেঞ্জ করে বলছে, সাহস থাকলে ভূপালের পানি খেয়ে দেখুন। যুক্তরাজ্যের বিরোধী দলের পার্লামেন্ট সদস্য ব্যারি গার্ডিনার বলেন, আয়োজক কমিটির উচিত ছিল আবারও ভূপালের ওই বিয়োগান্ত ঘটনাকে স্মরণ করিয়ে না দেওয়া । ১৯৮৪ সালের ২ ডিসেম্বর রাতে মার্কিন কোম্পানি ইউনিয়ন কার্বাইডের ভূপালের কীটনাশক কারখানা থেকে নির্গত বিষাক্ত মিথাইল আইসো সায়ানায়েড (মিক) গ্যাসের কারণে ২৫ হাজার মানুষ মারা যায়। শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার মানুষ। প্রতিবাদকারীরা বলেছে, সেদিনের বিষক্রিয়ায় এখনো এক লাখেরও বেশি মানুষ নানা রকম অসুখে ভুগছে। ভূপালের পানিসহ পুরো পরিবেশ বিষাক্ত হয়ে পড়ে। ইউনিয়ন কার্বাইড এ ঘটনার জন্য ৪৭ কোটি মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়। দুর্ঘটনার এক দশক পর যুক্তরাষ্ট্রভিত্তিক ডাউ কেমিক্যাল কোম্পানি ইউনিয়ন কার্বাইডের এই কারখানাটি কিনে নেয়। ভূপালের ওই দুর্ঘটনার দিন ফারাহ খানের বয়স ছিল মাত্র ১০ বছর। নিজের চোখের সামনেই তিনি হাজার হাজার মানুষের মৃত্যু দেখেছেন এবং আরও অনেককে মারা যেতে দেখেছেন। ফারাহ খান এখন লন্ডনে থাকেন। তিনি বলেন, ‘ওই ডাউ কোম্পানির নামটা অলিম্পিক ভেন্যু ঢেকে রাখার জন্য ব্যবহূত কাপড়ে শোভা পাবে—এটা চিন্তাই করা যায় না।’ফারাহ খান আরও বলেন, ‘ডাউ কোম্পানির নাম অলিম্পিক স্টেডিয়ামে শোভা পেলে শুধু আমি নই, সেদিন ভূপালের ট্র্যাজেডির যাঁরা সাক্ষী তাঁরা সবাই ভীষণ কষ্ট পাবেন। কোম্পানিটি আমাদের জীবনকে বিষিয়ে দিয়েছে। কোম্পানিটির নাম অলিম্পিক ভেন্যুর চারপাশে বাতাসে দোল খাবে, সেটা আমরা ভাবতে পারছি না। ভূপালের ট্যাজেডি শেষ হয়ে যায়নি। যে শিশু ভবিষ্যতে ভূপালে জন্ম নেবে, তাদের ভাগ্যে কী ঘটবে?—তা এখনো নিশ্চিত নয়।’এদিকে গত মাসে ডাউ কেমিক্যাল বলেছে, অলিম্পিক স্টেডিয়ামে ব্যবহূত কাপড়ে তাদের নাম ব্যবহার করবে না। উল্লেখ্য, বিশ্বব্যাপী ১১টি বড় কোম্পানি ২০১২ সালের লন্ডন অলিম্পিকের পৃষ্ঠপোষক। ডাউ কেমিক্যাল কোম্পানি তাদের অন্যতম। রয়টার্স।