‘বিরাট কষ্ট দাদা! কাজ কাম নি। তিন-চার দিন খাইনি। আমাগো কোনো সাহায্য লাগবে না। নামটা নেখেন। কাজ দেন।’এক নিঃশ্বাসে কথাগুলো বলে আশ্বাসের অপেক্ষায় টলটলে চোখ দুটি মেলে তাকিয়ে রইলেন সীতা রানী (৩৯)। ঘটনাস্থল সাতক্ষীরার শ্যামনগর থানার সিংহড়তলী গ্রাম। আইলায় বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অন্যতম। দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় আইলা আঘাত হানার এক বছর পূর্ণ হলো আজ ২৫ মে মঙ্গলবার। গত বছরের এই দিনে আইলার আঘাতে সাতক্ষীরা, খুলনা, পটুয়াখালী ও বরিশালসহ কয়েকটি জেলায় প্রাণ হারায় ১০০-এর বেশি মানুষ। বিধ্বস্ত হয় কয়েক হাজার ঘর। কয়েক শ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যায়। বড় ধরনের ক্ষতি হয় রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য অবকাঠামোরও।আইলার আঘাতের পর এক বছর চলে গেলেও অনেক স্থানে এখনো রয়েছে তার ক্ষত। হাজার হাজার মানুষ আজও রাস্তায় ও বাঁধে অবর্ণনীয় দুর্ভোগে দিন কাটাচ্ছে। পানীয়জলের অভাব প্রকট। কাজের অভাবে অনেকের সংসার চলছে না। অনেক স্থানে বাঁধ আজও মেরামত হয়নি। কোথাও কিছু কাজ হয়েছে। বাঁধ মেরামত না হওয়ায় কোথাও কোথাও বর্ষার আগেই চলছে ভাঙন। সিংহড়তলী গ্রামে বাড়ির দাওয়ায় মাদুর পেতে দিয়ে ৬৫ বছরের বৃদ্ধ কেশবালা জানালেন, তাঁর তিনটি ঘর ছিল। আইলায় ভেঙে যায় সব কটিই। গাছে, ঝোপঝাড়ে আটকে থাকা সেগুলোর কাঠ, তক্তা কুড়িয়ে জোড়াতালি দিয়ে দাঁড় করিয়েছেন একটি। বছর দশেক আগে উঠানের সবগুলো আম, শিরীষ আর জিবলীগাছ কেটে স্বামী বড় শখ করে বানিয়েছিলেন বাড়ির সবচেয়ে শক্ত ঘরটি। এখনকারটি তার ছায়াও নয়। বৃদ্ধ মৎস্যজীবী স্বামীর একার আয়ে কোনোমতে চলে সংসার। বাঁধের কাজ নেই বলে ছেলে আপাতত বেকার। তবে এত অভাবেও সুপারি দিয়ে অতিথি আপ্যায়ন করতে ভুললেন না কেশবালা। কথা বলতে বলতেই এসে জুটলেন সীতা রানী। কাজকর্মের অভাবে তার চুলায় হাঁড়ি চড়া প্রায় বন্ধ।সীতার এ দুর্দশার কারণ, তাঁর মাটি কাটার শ্রমিক স্বামী বৈদ্যুতিক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় কাজ প্রায় করতেই পারেন না। ‘ওয়াপদার’ কাজ (পাউবোর বাঁধ) এক রকম বন্ধ। সীতা নিজে জাল নিয়ে পাশের চুনকুড়ি নদীতে নেমে যেতেন প্রায়ই। সাম্প্রতিক কয়েকটি বাঘের হামলার ঘটনার পর আর সাহস করেন না।স্থানীয় এনজিও সুদীপ্তির নির্বাহী পরিচালক সমীর গাইন জানালেন, কাজ চেয়ে মানুষের এ রকম আকুতি শোনা তাঁর নিত্যদিনের অভিজ্ঞতা। আইলাবিধ্বস্ত এ জনপদে এখন সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ হয়তো ‘ওয়াপদা’ যা কি না পাউবোর বাঁধের স্থানীয় নাম। ওয়াপদা শুধু আশ্রয় নয়, বাঁধের জন্য মাটি কেটে দুটো পয়সারও মুখ দেখে স্থানীয় মানুষ। ওয়াপদার কাজ হচ্ছে না কেন, কেন বাঁধ আরও উঁচু করা হলো না—এসব প্রশ্ন সবার মুখে। ওয়াপদা কী তা চেনে দুধের বাচ্চারাও। ঘরবাড়ি বানের তোড়ে ভেসে যাওয়ার পর থেকে অনেকের জন্মও নিশ্চয় হয়েছে বাঁধের ওপর। সবারই এক কথা। এ এলাকায় বাঁধের এখন যে অবস্থা তাতে লায়লা যদি আইলার ভগ্নাংশের ক্ষমতা নিয়েও আসত তাহলেও আর রক্ষা থাকত না। আগামী বর্ষা আর ঝড়ের মৌসুমের কথা ভেবে এখনই প্রমাদ গুনছেন এখানকার মানুষ। আইলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইউনিয়ন গাবুরার চকবারায় বাঁধে আশ্রয় নেওয়াদের একজন আসাদুজ্জামান (৩৭)। তাঁর ধারণা, আগের কয়েক বছরের চেয়ে অন্তত দুই ফুট উঁচু হচ্ছে জোয়ারের পানি। বাঁধ থেকেই দেখা যায় তাঁর ‘আসল’ ঘর। আইলার ধাক্কা সামলে সেটি পড় পড় হয়ে টিকে আছে। বাঁধে প্রায় খড়কুঁটোয় তৈরি একটা ছাউনিমতো আছে তাঁর। সেখানে বউ-বাচ্চা নিয়ে রাত কাটানো যায় না বলে তাঁরা সেই পড় পড় ঘরেই থাকে। কিছুক্ষণ কথা বলে বোঝা গেল, আবার ঝড়-জলোচ্ছ্বাসে আসল ঘরটি পড়ে গেলে যাতে এখানে এসে ওঠা যায় সে উদ্দেশ্যেই বাঁধের ওপর এই জায়গা দখল।সীতা রানী, কেশবালা বা আসাদুজ্জামান সবার মধ্যেই একটা বিষয়ে বেশ মিল। নিঃসীম নৈরাশ্যের পাশাপাশি সবার মধ্যেই চরম ক্লান্তির ছাপ। গলায় জোর নেই। বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের মধ্যবয়সী নাসির তাঁর বিপরীত। বেশ উত্তেজিতভাবেই সরকারের ওপর তাঁর ক্ষোভ ঝাড়লেন নাসির। তাঁর বক্তব্য, এনজিওগুলো আছে বলেই এখানকার মানুষ টিকে আছে। তারাই কিছু কাজকর্ম আর ঋণ দেয়। আইলায় নাসিরের তিন মেয়ে তাঁর ১২টি ছাগল নিয়ে এক নৌকায় উঠেছিল। নৌকা উল্টে ১০টি ছাগলই মারা গেছে। কয়েক ঘণ্টা উল্টে যাওয়া নৌকা ধরে ভেসে ছিল কিশোরী মেয়ে তিনটি। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে।শ্যামনগরের জনপদগুলোতে মুদি দোকানের চেয়ে এনজিওর সাইন বোর্ড বেশি। অনেকেরই কাজ জলবায়ু পরিবর্তন অভিযোজন আর দারিদ্র্য বিমোচন নিয়ে। কিন্তু তিন দশকে কমপক্ষে তিনবার নতুন করে বাড়ি তুলেছেন এমন অনেকে আর কারও ওপরই ভরসা করেন না। গাবুরার বাঁধবাসী আবুল হোসেন বললেন, তিনি রাঙামাটি গিয়ে দেখে এসেছেন। সেখানে গেছে আরও অনেকেই। কিন্তু উপকূলে যখন বেশ গরম তখনো পাহাড়ে ছিল শীত। বাচ্চা আর নারীরা অসুস্থ হয়ে পড়ায় অনেকে ফিরেও এসেছে। সাগরের পানি বাড়ছে, এই বাঁধও এক দিন যদি যায়, তবে কী করবেন সঙ্গী এক বিদেশি সাংবাদিকের সেই প্রশ্নে বিশেষ বিকার দেখা গেল না আবুল হোসেনের। ‘এসব নিয়া চিন্তা করি না। আল্লা যা কপালে রাখছেন তাই হবে।’