‘সাহিত্যে নিজস্ব ধারা সৃষ্টি করেছেন রশীদ করিম’
প্রখ্যাত কথাসাহিত্যিক রশীদ করিম বাংলা সাহিত্যে নিজস্ব ধারা সৃষ্টি করেছেন বলে অভিমত ব্যক্ত করেছেন বিশিষ্টজনেরা। আজ শনিবার বাংলা একাডেমী প্রাঙ্গণে এই কথাসাহিত্যিকের শেষ জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে স্মৃতিচারণায় এ কথা বলেন।অধ্যাপক মোজাফফর আহমদ বলেন, ‘রশীদ করিম অত্যন্ত বন্ধুবত্সল ও স্নেহবত্সল একজন মানুষ ছিলেন। তিনি নিজে খেতে ও অন্যকে খাওয়াতে পছন্দ করতেন।’ তাঁর সাহিত্যকর্মের প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলা সাহিত্যে রশীদ করিম এক অনন্য ব্যক্তিত্ব। সাহিত্যে প্রচলিত ধারার বাইরে গিয়ে তিনি নিজস্ব ধারায় সাহিত্য সৃষ্টি করেছেন।’বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘রশীদ করিম একজন প্রকৃত সাহিত্যিক ছিলেন। প্রচলিত সাহিত্যিকদের চেয়ে তিনি একটু আলাদা ছিলেন। নিজের ওপর তাঁর প্রবল আস্থা ছিল। তবে তিনি কখনো বাগাড়ম্বর করেননি।’ তিনি বলেন, ‘বাংলা সাহিত্যের তিনজন পথিকৃতের নাম উল্লেখ করতে গেলে রশীদ করিমের নাম গর্বের সঙ্গে উল্লেখ করা যায়।’শামসুজ্জামান খান জানান, আগামী বৃহস্পতিবার বিকেল চারটায় বাংলা একাডেমী প্রাঙ্গণে বড় আকারে জাতীয় শোকসভা অনুষ্ঠিত হবে।লেখক মফিদুল হক তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘রশীদ করিম মুক্তবুদ্ধির পথিকৃত্। তিনি ছিলেন অনন্য সাধারণ ও ব্যতিক্রমধর্মী একজন সাহিত্যিক। তাঁর মৃত্যুতে বাংলা সাহিত্যে অপূরণীয় ক্ষতি হয়েছে, যা পূরণের নয়।’আজ শনিবার ভোর চারটার দিকে রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে রশীদ করিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেলা পৌনে দুইটার দিকে ধানমন্ডির বায়তুল আমান স্থানীয় মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বিকেল সোয়া তিনটার দিকে তাঁর মরদেহ বাংলা একাডেমী প্রাঙ্গণে নেওয়া হয়। সেখানে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান বাংলা একাডেমীর মহাপরিচালক। এ ছাড়া তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। বিকেল সোয়া চারটার দিকে সেখানে শেষ জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।এর আগে রশীদ করিমের ধানমন্ডির বাসায় যান তাঁর ঘনিষ্ঠ বন্ধু জিল্লুর রহমান সিদ্দিকী। এ ছাড়া সেখানে গিয়েছিলেন মোজাফফর আহমদ, আবুল হাসনাত, সালাহউদ্দিন আহমেদ, আতাউস সামাদ, মফিদুল হক প্রমুখ।প্রধানমন্ত্রীর শোক: দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক রশীদ করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ এক শোকবার্তায় বাংলা সাহিত্যে রশীদ করিমের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁর লেখায় বাঙালির মুক্তির সংগ্রাম এবং বঙ্গবন্ধুর কথা জোরালোভাবে এসেছে। বাংলা সাহিত্যের অন্যতম লেখক রশীদ করিমের লেখায় মানবাত্মার অন্তর্গত ভাষা ফুটে উঠেছে।’