‘সাড়ে তিন শ টাকা মায়ের হাতে দিই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তইউনিটে সেরা, সেরা আন্তবাহিনীতেও। জাতীয় ভলিবলেও সেরা হয়েছিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেনাবাহিনীর ল্যান্স করপোরাল রফিকুল ইসলাম। এবারের ওয়ালটন জাতীয় ভলিবলে দলকে চ্যাম্পিয়ন করতে চান বাংলাদেশ জাতীয় দলের সহ-অধিনায়ক বেশ উৎফুল্ল লাগছে আপনাকে...রফিকুল ইসলাম: তা বলতে পারেন। কোনো টুর্নামেন্ট বা জাতীয় প্রতিযোগিতা মানেই আমাদের আনন্দ। এই দেখুন, কেমন উৎসব উৎসব ভাব চারদিকে। খুবই ভালো লাগছে। আপনাদের দলের এবারের প্রস্তুতি কেমন?রফিকুল: দলের প্রস্তুতি ভালো। আশা করি, এবারও আমরা চ্যাম্পিয়ন হতে পারব। সেনাবাহিনীতে খেলার আগে কি কখনো ভলিবল খেলতেন?রফিকুল: আমি সেনাবাহিনীতে আট বছর ধরে খেলছি। সেনাবাহিনীতে ভর্তি হওয়ার আগে কিন্তু ক্রিকেট খেলতাম। জাতীয় দলে খেলার স্বপ্ন দেখতাম। কিন্তু সেনাবাহিনীতে তো ক্রিকেট নেই। তাই ওই আশা বাদ দিয়েছি। কোন পর্যায়ে ক্রিকেট খেলতেন...রফিকুল: আমি ক্লাব পর্যায়েই খেলতাম। ছিলাম অলরাউন্ডার। প্রচুর খেপ খেলতাম। নেশার মতো হয়ে গিয়েছিল। খেপ খেলে কেমন পেতেন?রফিকুল: প্রথম খেপ খেলি ১৯৯৭ সালে। মিঠাপুকুরে লিগ খেলতে যাই। ওরা আমাকে সাড়ে তিন শ টাকা দিয়েছিল। মায়ের হাতে তুলে দিয়েছিলাম ওই টাকা। এর পর থেকে নিয়মিতই বিভিন্ন জেলায় খেলতে যেতাম। আমার হাতখরচের টাকা উঠে আসত। সেনাবাহিনীতে তো আরও অন্যান্য খেলার খেলোয়াড় আছেন, ভলিবল বেছে নিলেন যে...রফিকুল: আমি আসলে মনেপ্রাণে একজন স্পোর্টসম্যান। এখানে খেলাধুলার ইচ্ছা প্রকাশ করতেই আমাকে ইউনিট থেকে বলল যে ভলিবল বা বাস্কেটবল খেলতে। আমার উচ্চতা যেহেতু অন্যদের চেয়ে বেশি, তাই আমি ভলিবল বেছে নিই। এরপর সিভিল কোচ যশোরের শহীদ ভাইয়ের তত্ত্বাবধানে নিজের খেলায় উন্নতি আনি। ভলিবলে তো সেনাবাহিনীর দাপট বেশি...রফিকুল: সেনাবাহিনীর সেরা ১২ জনের একটা দল গড়া হয় ধাপে ধাপে। প্রথমে ইউনিট পর্যায়ে, এরপর ডিভিশন পর্যায়ে সেরা ২০-২৫ জন বাছাই করা হয়। সেখান থেকে সেরা ১২ জনের দলে ঢুকতে গেলে অনেক কষ্ট হয় একজন খেলোয়াড়ের। তা ছাড়া আমার মনে হয় অন্যান্য দলের চেয়ে আমাদের প্রশিক্ষণ অনেক ভালো। এ জন্যই ওদের চেয়ে আমরা এগিয়ে। জাতীয় দলেও তো দেখা যায় সেভাবে বেসামরিক খেলোয়াড় আসে না...রফিকুল: আসলে সেনাবাহিনীর খেলোয়াড় ছাড়া ভালো মানের খেলোয়াড় পাওয়া যায় না। অন্যরাও সেভাবে আসতে চায় না। কারণ, ভলিবলে সে রকম পৃষ্ঠপোষকতা নেই, ভবিষ্যৎ নেই। কিসের আকর্ষণে আসবে? গত দুটি এসএ গেমসে বাংলাদেশ ষষ্ঠ ও পঞ্চম হয়েছিল। দুই দলেই খেলেছেন। বাংলাদেশের এত বাজে ফলের কারণ কী মনে হয়...রফিকুল: দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ—বিশেষ করে, ভারত, পাকিস্তানের খেলোয়াড়দের উচ্চতা আমাদের চেয়ে অনেক বেশি। এখানেই বেশি পিছিয়ে আমরা। তা ছাড়া আমাদের দীর্ঘ মেয়াদে উন্নতমানের প্রশিক্ষণ করানো হয় না, অথচ বাইরের দেশের খেলোয়াড়েরা সারা বছর ক্যাম্পে থাকে। এসব কারণেই আমাদের পারফরম্যান্স ভালো হয় না।