‘সিআইএর চরকে’ বহিষ্কার করবে রাশিয়া
রাশিয়ায় দায়িত্ব পালনরত একজন মার্কিন কূটনীতিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে। আটক করা এই কূটনীতিককে রাশিয়া বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।রাশিয়া বলছে, কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করা এই ব্যক্তি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) চর রায়ান ফগল। মস্কোতে আটক হওয়া এই কূটনীতিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি একজন রুশ গোয়েন্দা কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রের হয়ে চরবৃত্তির কাজে নিয়োগ করার চেষ্টা চালাচ্ছিলেন।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, এই ব্যক্তি স্নায়ুযুদ্ধ উসকে দেওয়ার মতো উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছেন। এ ব্যাপারে জানাতে মস্কোয় নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফাওলকে তলব করা হয়েছে।মার্কিন রাষ্ট্রদূত জানান, রায়ান ফগল মস্কোর মার্কিন দূতাবাসে তৃতীয় রাজনৈতিক সচিব হিসেবে কাজ করেন।মার্কিন-রুশ সম্পর্কের জন্য বর্তমান সময়টি বেশ স্পর্শকাতর। দুই দেশই বর্তমানে সিরিয়ার চলমান গৃহযুদ্ধের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দিয়েছে রাশিয়া। আসাদবিরোধী অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে চরবৃত্তির অভিযোগ ওঠায় দুই দেশের সম্পর্ক আরও টানাপোড়েনের দিকে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।