অনেক দিন ধরেই ভাবছিলেন। শেষ পর্যন্ত সিদ্ধান্তটি নিয়েই নিলেন মেহেদি হাসান (উজ্জ্বল)। আর ফুটবল খেলবেন না আলোচিত এই মিডফিল্ডার। কাল মাগুরার বাড়ি থেকে ফোনে জানালেন খেলা ছাড়ার কারণ ফুটবল ছাড়ছেন কেন?মেহেদি হাসান (উজ্জ্বল): প্রথম কারণ, পরিবারকে বেশি করে সময় দিতে চাই। তা ছাড়া আগের মতো আর উপভোগ করতে পারছিলাম না। ফুটবলে এখন আর গ্ল্যামার নেই। ফুটবল খেলেও তো পরিবারকে সময় দেওয়া যায়। তাই বলে খেলা ছাড়তে হবে?মেহেদি: বছরের বেশির ভাগ সময় ক্যাম্পে থাকতে হয়। পরিবারকে চাইলেই সময় দেওয়া যায় না। আমার দেড় বছরের একটা সন্তান আছে। ওকে ছেড়ে দূরে থাকা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তার পরও খেলা ছাড়া কি ঠিক হলো?মেহেদি: ঠিক কি ঠিক না, সেটি নিয়ে আর ভাবছি না। আমি মনে করি, ফুটবল খেলে যা পাওয়ার পেয়ে গেছি। একটাই অতৃপ্তি ছিল সুপার কাপটা না জেতা। সেটাও এবার আবাহনীর হয়ে জিতেছি। কাজেই ফুটবল সেভাবে আর আমাকে টানছে না। সিদ্ধান্তটা কঠিন, তবু না খেলার সিদ্ধান্ত নিয়েছি। ফুটবলে এখন আগের চেয়ে টাকা আসছে বেশি। এমন সময়েই কি না আপনি ফুটবল ছাড়ছেন!মেহেদি: হয়তো টাকা বেশি আসছে। কিন্তু আমি কখনো টাকার জন্য ফুটবল খেলিনি। যত দিন ভালো লেগেছে খেলেছি। এখন একটা জিনিস দেখলেই খারাপ লাগে। আগে আবাহনী ক্লাব থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে যাওয়ার সময় রাস্তায় একটা খবর হয়ে যেত, এখন মশা-মাছিও টের পায় না। এসব দেখে মন উঠে গেছে। আপনার মা-বাবা মেনে নিলেন এই সিদ্ধান্ত?মেহেদি: ওনারা প্রথমে মানতে চাননি। এটা তো মানতে চাইবেন না স্বাভাবিক। পরে বলেছেন, তোমার যেটা ভালো লাগবে সেটা করো। তাঁরা আমার ওপর কিছু চাপিয়ে দিতে চান না। আপনি সচ্ছল পরিবারের ছেলে। তা খেলা ছেড়ে এখন কী করবেন?মেহেদি: এখন আপাতত কিছুদিন পরিবার নিয়েই থাকব। তারপর একটা ব্যবসা-ট্যাবসায় নামব। আমার বাবা আক্তারুজ্জামান ব্যবসা করেন। মা (নাসরিন আক্তার) মাগুরা মোহামেডানের সভানেত্রী ছিলেন আট বছর। আসন্ন মৌসুমের জন্য মোহামেডান সম্ভবত আপনাকে চেয়েছিল। আপনি কথাও বলেছেন। মোহামেডানকে না করে দিয়েছেন?মেহেদি: আমি মোহামেডানের সঙ্গে কথা বলেছিলাম। কোচ মানিক ভাইকে বলেছিলাম, আমাকে বাড়িতে আসার জন্য প্রয়োজনমতো ছুটি দিতে হবে। কিন্তু সেটা তো আর হয় না। যেহেতু আমি কোনো টাকাপয়সা নিইনি মোহামেডান থেকে, তাই না খেলার ব্যাপারটা জানানোর প্রয়োজন বোধ করিনি। জাতীয় ক্রিকেট দলের সদ্য সাবেক অধিনায়ক সাকিব আল হাসান আপনার মামাতো ভাই। খেলা ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার আগে সাকিবের সঙ্গে পরামর্শ করেছেন?মেহেদি: না, না। এটা নিয়ে মা-বাবা ছাড়া আর কারও সঙ্গে কথা হয়নি। এটা তো বলার কোনো ব্যাপার নয়। খুশির খবর দেওয়া যায়, খেলা ছাড়ার ব্যাপার নিয়ে আমার দু-চারজন খেলোয়াড় বন্ধু এখন জেনেছে। খেলার বাইরেও কয়েকজন জানে। এখন জেনে যাচ্ছে সবাই। জেনে বলছে, কেন ছাড়লি? কেউই খুশি না। স্থানীয় লিগে খেলবেন?মেহেদি: স্থানীয় লিগ তো নিয়মিত হয় না। খেলতে চাইলেও সুযোগ কই? তবে মাঠ থেকে তো দূরে থাকতে পারব না। একটা ইচ্ছা আছে, কাছের লোকজনকে নিয়ে একদিন একটা স্থানীয় যেকোনো ম্যাচে শেষ টানতে পারি। এ রকম একটা পরিকল্পনা করছি। তবে জাতীয় দল এবং জাতীয় পর্যায়ে আর খেলছি না এটা চূড়ান্ত।