‘সিরিয়ায় বিরোধী পক্ষে যোগ দিলেন উপমন্ত্রী’(ভিডিও)
সিরিয়ার তেল ও খনিজ সম্পদ-বিষয়ক উপমন্ত্রী আবদো হুসামেলেদিন পদত্যাগ করে প্রেসিডেন্ট বাশার-আল আসাদবিরোধী আন্দোলনে যোগ দিয়েছেন। ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে তিনি এ ঘোষণা দেন বলে আল-জাজিরা টেলিভিশনের অনলাইন জানিয়েছে।তবে আবদো হুসামেলেদিনের পদত্যাগ ও সরকারবিরোধী আন্দোলনে যোগ দেওয়ার সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি। তবে ঘটনা সত্য হলে, গত এক বছর ধরে সিরিয়ায় চলতে থাকা সরকারবিরোধী আন্দোলনে প্রেসিডেন্ট আসাদের পক্ষ ত্যাগকারীদের মধ্যে আবদো হুসামেলেদিনই হবেন সবচেয়ে বড় মাপের বেসামরিক কর্মকর্তা।ইউটিউবে প্রকাশিত ওই ভিডিওতে বলা হয়, ‘আমি আবদো হুসামেলেদিন, সিরিয়ার তেল ও খনিজ সম্পদ-বিষয়ক উপমন্ত্রী, এই সরকারের পক্ষত্যাগ করার ঘোষণা দিচ্ছি। আমি আমার পদ ত্যাগ ও ক্ষমতাসীন বাথ পার্টি থেকে সরে সিরিয়ার মহান জনগণের বিপ্লবী আন্দোলনে যোগ দিচ্ছি।’আবদো হুসামেলেদিনের নামে প্রচারিত ওই ভিডিওতে আরও বলা হয়, এই হন্তারক সরকারে থেকে তিনি মরতে চান না। জাতিসংঘ জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী গত এক বছরে সাড়ে সাত হাজারেরও বেশি বেসামরিক মানুষকে হত্যা করেছে।