‘সিরীয় সরকার ধ্বংসের দ্বারপ্রান্তে’
সিরিয়ার পদত্যাগকারী প্রধানমন্ত্রী রিয়াদ হিজাব বলেছেন, নৈতিক, অর্থনৈতিক ও সামরিকভাবে ধ্বংসের দিকে যাচ্ছে সিরীয় সরকার। জর্ডানের রাজধানী আম্মানে এক বক্তব্যে তিনি এ কথা বলেন। হিজাব বলেন, সিরীয় সরকার দেশটির ৩০ ভাগের বেশি এলাকা দখলে রাখতে পারেনি। তিনি বিদেশে থাকা বিদ্রোহী এবং সিরীয় সেনাবাহিনীকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সিরিয়ার পদস্থ রাজনৈতিক ও সামরিক নেতাদের আসাদের পক্ষত্যাগের আহ্বান জানিয়েছেন।সিরিয়ায় আসাদ নেতৃত্বাধীন সরকার থেকে এ পর্যন্ত পদত্যাগকারী সর্বোচ্চ কর্মকর্তা হলেন হিজাব। পদত্যাগের পর আজ মঙ্গলবার প্রথমবারের মতো জনসম্মুখে আসেন তিনি। সরকারের প্রতি অনাস্থা দেখিয়ে ৬ আগস্ট সপরিবারে জর্ডানে পালিয়ে যান হিজাব। এর কয়েক ঘণ্টা পরই তাঁকে বরখাস্ত করা হয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দেওয়া হয়। তবে এ ঘোষণা নাকচ করে তাঁর মুখপাত্র ইতরি একটি পদত্যাগপত্র পাঠ করেন। এতে বলা হয়, হত্যা ও সন্ত্রাসের রাজত্ব থেকে অব্যাহতি এবং মহান বিপ্লবের সঙ্গী হতেই পদত্যাগ করেছেন হিজাব।