‘সিলড্’ শব্দটি বাদ দেওয়ায় পাল্টে গেল মূল্যায়ন পদ্ধতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল অপারেটর নিয়োগের দরপত্র দলিলের দুটি অনুচ্ছেদ থেকে বাদ দেওয়া হয়েছে শুধু ‘সিলড্’ শব্দটি। এই শব্দের পারিভাষিক অর্থ গোপনীয়তা রক্ষার জন্য নথিকে মোহরাঙ্কিত করা। দরপত্র দলিলের ২২ হাজার ২৬৭ শব্দ থেকে এই একটিমাত্র শব্দ কমেছে। তাতেই পাল্টে গেছে দরপত্র মূল্যায়নের পদ্ধতি। অভিযোগ উঠেছে, সাইফ পাওয়ারটেক লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাওয়ার সুযোগ করে দিতেই দরপত্র দলিলে এই সংশোধন আনা হয়েছে। এ সংশোধনীর কারণে অনিশ্চিত হয়ে গেছে সবচেয়ে যোগ্য দরদাতা নিয়োগের প্রক্রিয়া। চট্টগ্রাম বন্দর সূত্র জানিয়েছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বন্দর কর্তৃপক্ষ বোর্ড সভায় সিদ্ধান্ত নিয়ে ‘সিলড্’ শব্দটি বাদ দিয়েছে। গত ২২ মে বন্দর বোর্ডের ১৪৬৫ নম্বর বিশেষ সভায় ১৩ হাজার ৯৮৩ নম্বর সিদ্ধান্তে বলা হয়, দরপত্র দলিলের ২.১.৯ এবং ২.৩.৩ নম্বর ধারার প্রথম বাক্যে এই সংশোধন করা হলো। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে গত ১২ ফেব্রুয়ারি পাঠানো চিঠির নির্দেশনা অনুযায়ী এই সংশোধন করা হয়েছে বলে বন্দরের বোর্ড সভার সিদ্ধান্তে বলা হয়। এক দফা সময় বাড়ানোর পর আগামী ১৭ জুলাই এই দরপত্র জমাদানের সময় নির্ধারণ করেছে বন্দর কর্তৃপক্ষ।বন্দর সূত্র জানায়, ‘সিলড্’ শব্দটি বাদ দেওয়ায় কারিগরি যোগ্যতা ও আর্থিক দরের দুটি প্রস্তাব বাঁধাই বা ‘মোহরাঙ্কিত’ ছাড়াই উন্মুক্তভাবে এক খামে জমা দিতে হবে দরদাতাদের। এ কারণে একসঙ্গে মূল্যায়ন করা হবে দুটি প্রস্তাব। সংশোধন করার আগে দুটি প্রস্তাব আলাদাভাবে বাঁধাই করে এক খামে জমা দেওয়ার কথা ছিল। এই প্রক্রিয়ায় প্রথমে কারিগরি প্রস্তাব মূল্যায়ন করে যারা যোগ্য হতো শুধু তাদের আর্থিক দর খুলে মূল্যায়নের কথা ছিল। ‘সিলড্’ শব্দটি তুলে ফেলায় প্রথমে কারিগরি যোগ্যতা মূল্যায়ন ও সে অনুযায়ী আর্থিক প্রস্তাব বিবেচনার যে পদ্ধতিগত বাধ্যবাধকতা ছিল, এখন আর তা থাকল না। এ সুযোগ কাজে লাগিয়ে কারিগরি যোগ্যতা কম হলেও শুধু আর্থিক দর বেশি দিয়ে অপেক্ষাকৃত কম যোগ্য দরদাতাও এখন টার্মিনাল পরিচালনায় নিয়োগ পেতে পারেনঅভিযোগ উঠেছে, সাইফ পাওয়ারটেক লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে সুযোগ দিতে মন্ত্রণালয় বারবার দরপত্রের শর্ত কমানো থেকে শুরু করে এ ধরনের নির্দেশনা দিয়ে টার্মিনালের দরপত্রের প্রক্রিয়া বিলম্বিত করছে। কারণ প্রাথমিক বাছাইয়ের সময় এই প্রতিষ্ঠানের অনেকগুলো অসঙ্গতি ছিল, যা মূল্যায়ন কমিটির তিন সদস্য আপত্তি দিয়েছেন। স্বয়ং অর্থমন্ত্রীও এক চিঠিতে (নং-অম/মন্ত্রী/২০১১/২০১) বলেছিলেন, ‘...এই দরদাতাকে বিশেষভাবে অনুগ্রহ করা হয়েছে।...পরে যখন আসল চুক্তির জন্য দরপত্র আসবে তখন এই অনুপযুক্ত দরদাতার জন্য জোরেসোরে তদবির শুরু হবে।’ বিদেশি অপারেটরগুলো সাইফ পাওয়ারটেকের চেয়ে কারিগরি দিক থেকে অনেক বেশি সক্ষম থাকায় প্রাথমিক বাছাইয়ে দেশি এই প্রতিষ্ঠানটি বাদ পড়ত। কিন্তু সংশোধনীর কারণে তাকে কাজ পাইয়ে দেওয়ার সুযোগ অনেক বেড়ে গেল।জানতে চাইলে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সম্প্রতি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নিয়ম মেনেই এনসিটির দরপত্রের শর্ত ও প্রক্রিয়া সংশোধন করা হয়েছে। সাইফ পাওয়ারটেক লিমিটেডকে সুযোগ দিতে এই প্রক্রিয়া করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ঠিক নয়।’ জানা গেছে, টার্মিনালে প্রাথমিক বাছাইয়ে ছয়টি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেওয়ার যোগ্য হয়েছে। এই ছয়টি হলো সিঙ্গাপুরের পিএসএ ইউরোপ, নেদারল্যান্ডের এপিএম টার্মিনালস, যুক্তরাজ্যের পেনিনসুলার অ্যান্ড ওরিয়েন্ট স্টিম নেভিগেশন কোম্পানি ও হাচিনসন পোর্ট ইনভেস্টমেন্ট লিমিটেড, ফিলিপাইনের ইন্টারন্যাশনাল কনটেইনার সার্ভিসেস এবং দেশীয় সাইফ পাওয়ারটেক লিমিটেড। হাচিনসন ছাড়া বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে গড়ে ৪০ শতাংশ করে দেশীয় কয়েকটি প্রতিষ্ঠানের অংশীদারি রয়েছে। দেশীয় প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের সঙ্গে একটি চীনের এবং একটি স্থানীয় প্রতিষ্ঠানের যৌথ অংশীদারি রয়েছে।বন্দর সূত্র জানায়, সারা দেশের আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে এই টার্মিনালে যোগ্য অপারেটর নিয়োগের গুরুত্ব সবচেয়ে বেশি। কারণ মংলা বন্দর এবং চট্টগ্রাম বন্দরের অন্য সব টার্মিনাল দিয়ে গত অর্থবছর কনটেইনার ওঠানো-নামানো হয় ১২ লাখ ২১ হাজারটি (প্রতিটি ২০ ফুট দীর্ঘ হিসাবে)। শুধু এনসিটির ক্ষমতা ব্যবহার করে কনটেইনার ওঠানো-নামানো সম্ভব অন্তত ১৩ লাখের বেশি।সংশোধনীর বিষয়ে জানতে চাইলে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজামউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দিয়েছে, সেভাবে সংশোধন করা হয়েছে। বন্দর সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের ওই নির্দেশনা নিয়ে এর আগে দ্বিমত করেছিলেন বন্দরের তৎকালীন চেয়ারম্যান কমোডর এম আনোয়ারুল ইসলাম। মন্ত্রণালয় ভুল ব্যাখ্যা দিয়ে যে নির্দেশনা দিচ্ছে, তা তিনি গত ১৬ ফেব্রুয়ারি নৌমন্ত্রণালয়ে পাঠানো এক পত্রে তুলে ধরেছিলেন। তিন মাসের মাথায় সেই একই নির্দেশনায় চাপের মুখে সিদ্ধান্ত নিল বন্দর কর্তৃপক্ষের পাঁচ সদস্যের বোর্ড। প্রসঙ্গত, ২০০৭ সালে এই টার্মিনাল নির্মাণ শেষ হয়। এই টার্মিনাল নির্মাণে বন্দরের খরচ দাঁড়াচ্ছে ৫৮২ কোটি টাকা। দরপত্রের মাধ্যমে নিয়োগ পাওয়া প্রতিষ্ঠান যন্ত্রপাতি কিনে টার্মিনালটি পরিচালনা করতে বিনিয়োগ করতে হবে ১৩৬ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১১০০ কোটি টাকা। এ জন্য নিয়োগ পাওয়া প্রতিষ্ঠান ব্যবহারকারীদের থেকে মাশুল আদায় করে কনটেইনারপ্রতি বন্দরকে দরপত্রের মাধ্যমে নির্ধারিত টাকা পরিশোধ করতে হবে। টার্মিনাল পরিচালনার ২০ বছর পর যন্ত্রপাতিসহ সব অবকাঠামো বন্দরকে ভালো অবস্থায় বুঝিয়ে দিতে হবে।