‘সিলসিলা’ থেকে ‘যব তক হ্যায় জান’ (ভিডিও)
যতক্ষণ জীবন আছে, ততক্ষণই কাজ করে করে যেতে হবে। বলিউডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক যশ চোপড়া ৮০ বছর বয়সে এসেও সম্ভবত এ মন্ত্র জপছিলেন। তাই হাতে নিয়েছিলেন শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ আর আনুশকা শর্মাকে নিয়ে ‘যব তক হ্যায় জান’ চলচ্চিত্রটি। আগামী ১৪ নভেম্বর মুক্তি পাবে নিখাদ প্রেমের এ ছবিটি। কিন্তু থাকবেন না চলচ্চিত্রের ‘রোমান্স-সম্রাট’ যশ চোপড়া। আজ রোববার মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তিনি মারা গেছেন। চিকিত্সকদের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ডেঙ্গুজ্বর হয়েছিল তাঁর।পরিচালক যশ চোপড়া নির্মিত সবচেয়ে বিতর্কিত আর একই সঙ্গে সবচেয়ে জনপ্রিয় ছবি কোনটি? যেকোনো চলচ্চিত্রপ্রেমীর চোখেই ভেসে উঠবে ১৯৮১ সালের অমিতাভ আর রেখার আবেগঘন ‘সিলসিলা’। যশ চোপড়া নির্মিত বলিউডের এ একটি চলচ্চিত্রই পুরো বলিউডের মোড় ঘুরিয়েছিল রোমান্স আর প্রেমের দিকে। ত্রিকোণ বা ত্রিভুজ প্রেমের গল্প বলিউডে পরিচয় করিয়ে দিয়েছিলেন যশ চোপড়া। মানুষের আবেগ আর প্রেম-ভালোবাসার বিষয়গুলো যশ চোপড়ার কাছে স্রেফ বাণিজ্য হয়ে ধরা দেয়নি। তিনি জানতেন, মানুষ কোন সময় কী চাইছে। তাঁর দর্শকদের চাওয়া থেকেই তিনি একে একে নির্মাণ করেছেন ‘দিল তো পাগল হ্যায়’, ‘বীর-জারা’র মতো আবেগ আর রোমান্সধর্মী চলচ্চিত্র। ‘বীর-জারা’ চলচ্চিত্র নির্মাণের পর আট বছর তিনি আর চলচ্চিত্র নির্মাণ করেননি। কেন তিনি চলচ্চিত্র নির্মাণ করেননি? নানা প্রসঙ্গে তিনি বলতেন, ‘আর একটা “সিলসিলা”র কাহিনি তৈরি করতে পারলে তবেই চলচ্চিত্রে ফিরব।’ বর্তমান সময়ে বলিউডে কোনো চলচ্চিত্র বক্স অফিসে হিট করাতে গেলে কী কী উপাদান লাগে, তার সবকিছুই জানতেন বর্ষীয়ান আর প্রভাবশালী প্রযোজক ও পরিচালক যশ চোপড়া। কমেডি-অ্যাকশন আর রোমান্সের যুগে আবার ফিরছিলেন তিনি একটা ত্রিভুজ প্রেমের ছবি নিয়ে। তবে ঘোষণা দিলেন, দর্শকদের আরেকটা ছবি উপহার দিয়ে তবেই অবসরে যাবেন তিনি। আর চলচ্চিত্রে ফিরবেন না। শেষ ছবিতে কাকে কাকে নেওয়া যায়? বলিউডের এ মুহূর্তে সবচেয়ে যিনি আলোচিত, সেই নায়িকা আর তাঁর সঙ্গে যার অন্তরঙ্গতার একটা গুজব বাতাসে ভাসছে সেই নায়ককে। সঙ্গে তরুণ হূদয়ের নতুন বলিউড সেনশেসন। ক্যাটরিনা, শাহরুখ আর আনুশকা!আর সংগীতে? সেটা এ আর রহমান আর গুলজার হলে সবচেয়ে ভালো।যশ চোপড়ার ছবির গল্প সম্পর্কে চলচ্চিত্রবোদ্ধারা বলেন, রোম্যান্টিকতার বাইরে এক পা-ও ফেলেন না যশ। তাঁর শেষ ছবিটিকে ‘সিলসিলা’য় রূপ দিতে যশ চোপড়া চেয়েছিলেন এ মুহূর্তে ব্যক্তিগত জীবনের দোলাচালে দোদুল্যমান শাহরুখ খান, গৌরী আর প্রিয়াঙ্কা চোপড়াকে। শেষ পর্যন্ত চেষ্টা করছিলেন আরেকটি ‘সিলসিলা’ বানাতে। কিন্তু তিনি হয়তো বুঝতে পেরেছিলেন, আরেকটি ‘সিলসিলা’ নয়, এবারে তাঁর সময় এসেছে নতুন দেশে যাওয়ার, নতুনভাবে ভাবার। তাই তাঁর নামটি ঠিক করলেন ‘যব তক হ্যায় জান’।১০ অক্টোবর অমিতাভ বচ্চনের ৭০তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে অংশ নেন যশ চোপড়া। পরদিন সকালে অসুস্থ বোধ করেন তিনি। শুরুতে বাড়িতেই তাঁকে চিকিত্সা দেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। চিকিত্সকেরা বললেন, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান এ পরিচালক। তাঁকে পর্যবেক্ষণে রেখেছিলেন তাঁরা। আজ রবিবার মারা গেছেন তিনি।১৯৩২ সালের ২৭ সেপ্টেম্বর অবিভক্ত ভারতের লাহোরে জন্মগ্রহণ করেন যশ চোপড়া। ১৯৫৯ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত প্রথম ছবি ‘ধুল কা ফুল’। পরবর্তী সময়ে ‘ওয়াক্ত’, ‘ইত্তেফাক’, ‘দিওয়ার’, ‘কালা পাথর’, ‘সিলসিলা’, ‘চাঁদনি’, ‘ডর’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘বির-জারা’সহ মোট ২২টি ছবি পরিচালনা করেন তিনি। কাজের স্বীকৃতি হিসেবে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন ‘পদ্মভূষণ’ খেতাব পাওয়া এই গুণী নির্মাতা। এ ছাড়া ফ্রান্সের লিজিয়ন অব অনার, পুসান চলচ্চিত্র উত্সব থেকে এশিয়ার সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার, ফিল্মফেয়ার, আইফা, দাদা সাহেব ফালকে, কিশোর কুমার পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন যশ চোপড়া।