‘সিলেবাস বিক্রির’ প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠ্যসূচি (সিলেবাস) বেশি দামে না কেনায় পরীক্ষার কেন্দ্রে ছাত্রীদের সিটে রোল নম্বর না বসিয়ে তাদের একটি কক্ষে আটকে রেখে টাকা দাবি করছেন এক শিক্ষক। এ নিয়ে দুই শিক্ষকের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। ছাত্রীরা এ ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। গত ২৮ নভেম্বর রোববার সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে এ ঘটনা ঘটে।শিক্ষার্থীরা জানায়, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয় গত ২৮ নভেম্বর। ওই দিন সকালে পরীক্ষা শুরুর আগে ছাত্রীরা এসে দেখে সিটে অনেকেরই রোল নম্বর বসানো হয়নি। তারা বিষয়টি শিক্ষকদের কাছে জানতে চায়। কলেজের ভূগোল বিভাগের শিক্ষক শাহাদৎ হোসেন তাদের জানান, যারা ৫০ টাকা দিয়ে তাঁর তৈরি সিলেবাস কেনেনি তাদের সিটে রোল নম্বর বসানো হয়নি। যাদের রোল নম্বর বসানো হয়নি, পরে তাদের সবাইকে একটি কক্ষে ডেকে নেন তিনি। সেখানে তাদের আটকে রেখে ৫০ টাকা করে সিলেবাস কিনে পরীক্ষার হলে প্রবেশের জন্য নির্দেশ দেন শিক্ষক শাহাদৎ হোসেন। এ সময় ইনারউদ্দিন ফাহিম নামের আরেক শিক্ষক এসে সিলেবাস নিয়ে ছাত্রীদের হয়রানি করা ঠিক হয়নি, মন্তব্য করলে ওই শিক্ষকের সঙ্গে শাহাদৎ হোসেনের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে অন্য শিক্ষক-কর্মচারীরা এসে পরিস্থিতি শান্ত করলে নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষে ছাত্রীরা এ ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।একাদশ শ্রেণীর শিক্ষার্থী রুম্পা দাস, সাবরিনা নাজনিন, রীমা দাস. রুজিনা বেগম, জেসমিন বেগম, সুরাইয়া আক্তার নিপা, কান্তা রানী দাস, দিলরুবা বেগম, লাভলী বেগম জানায়, শাহাদৎ হোসেন পরীক্ষার সিলেবাস তৈরি করে প্রথমে ৩০ টাকা করে বিক্রি করেন। কিছু ছাত্রী সেটা কেনেনও। পরে তিনি দাম বাড়িয়ে ৫০ টাকা করে বিক্রি শুরু করলে সেটি আর কেউ কেনেনি।শিক্ষক ইনারউদ্দিন ফাহিম জানান, ছাত্রীদের কাছ থেকে অন্যায়ভাবে টাকা আদায় করার প্রতিবাদ করায় তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন শাহাদৎ হোসেন।এ অভিযোগ অস্বীকার করে শাহাদৎ হোসেন বলেন, ‘সিলেবাস বিক্রির বিষয়টি আমার একার সিদ্ধান্ত নয়, এটি কর্তৃপক্ষের সিদ্ধান্ত। আমি বাস্তবায়নের চেষ্টা করেছি মাত্র।’ ভুলে ৩০ টাকার সিলেবাস ৫০ টাকায় বিক্রি হয়েছে জানিয়ে তিনি বলেন, ছাত্রীদের বাকি টাকা ফেরত দেওয়া হবে।কলেজের অধ্যক্ষ নেছার আহমদ জানান, ৩০ টাকার সিলেবাস ৫০ টাকায় বিক্রি করায় ভুল বোঝাবুঝি থেকে ঘটনাটি ঘটেছে।