‘সুইট ড্রিমস’ প্রকাশিত
সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খান ও তাঁর ভাতিজি রীনাত ফওজিয়ার যন্ত্রসংগীতের অ্যালবাম ‘সুইট ড্রিমস’ প্রকাশিত হলো। গতকাল মঙ্গলবার চ্যানেল আই কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। অ্যালবামটির পৃষ্ঠপোষকতা করেছে সিটিসেল। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব করপোরেট কমিউনিকেশনস অ্যান্ড পাবলিক রিলেশনস অফিসার তাসলিম আহমেদ, চ্যানেল আইয়ের প্রোগ্রাম ম্যানেজার শহীদুল আলম সাচ্চু, প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান, বিশিষ্ট সংগীতজ্ঞ আজাদ রহমান, চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামসহ আরও অনেকে।অ্যালবাম প্রসঙ্গে শেখ সাদী খান বলেন, ‘সুইট ড্রিমস নিয়ে অ্যালবামে মোট নয়টি ট্র্যাক আছে। এগুলো হচ্ছে হার্মনিক, সুইট ড্রিমস, লস্ট অ্যান্ড ফাউন্ড, মর্নিং সান, সানরাইজ, স্ট্রিম, হার্ট টু হার্ট, হ্যাপি জার্নি ও ফিলিংস।’শেখ সাদী খান আরও বলেন, ‘আমি এর আগেও কয়েকটি বিষয় নিয়ে ইনস্ট্রুমেন্টাল মিউজিক করেছি। এগুলো হচ্ছে সিজনস অব বাংলাদেশ, টাচ অব লাভ ও ফরগেট মি নট। আগেরগুলোর মতো এবারের অ্যালবামটিও একেবারে নিজস্ব ভাবনা থেকেই করা। ট্র্যাকগুলোতে নিজের চিন্তা-ভাবনারই প্রকাশ করার চেষ্টা করেছি। অবসরে সময়ে ইনস্ট্রমেন্টাল মিউজিক সবার মনে অন্য রকম একটা আনন্দ দেবে।’শেখ সাদী খান এও বলেন, ‘খুব শিগগিরই মুক্তিযুদ্ধের ওপর নতুন আরেকটি যন্ত্রসংগীতের অ্যালবাম শ্রোতাদের হাতে তুলে দেওয়ার চিন্তা ভাবনা করেছি। এটির কাজ একেবারে শেষ পর্যায়ে।’রীনাত ফওজিয়া বলেন, ‘সত্তরের দশক পর্যন্ত যন্ত্রসংগীতের অবস্থা বেশ জমজমাট ছিল। এখন সেটা কিছুটা হতাশাজনকই বলা যায়। ধ্রুপদী বাদ্যযন্ত্র কিন্তু আমাদের ঐতিহ্য ও শেকড়ের সঙ্গে যুক্ত। সুইট ড্রিমসের মতো অ্যালবামের মধ্য দিয়ে বাদ্যযন্ত্রের প্রসারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’সুইট ড্রিমস অ্যালবামটি বাজারে এনেছে লেজার ভিশন।