মাহাদীর নতুন অ্যালবাম অন্যরকম। গানচিল থেকে কয়েক দিন আগেই এটি বাজারে এসেছে। অ্যালবামটির মোড়ক খোলার অনুষ্ঠান হবে দুটি। আজ শনিবার হবে এফএম রেডিওতে এবং কাল রোববার হবে এক সংবাদ সম্মেলনে। সব কটি গানের কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীতায়োজন করেছেন পৃথ্বীরাজ। কথা হলো মাহাদীর সঙ্গে।‘অন্যরকম’ অ্যালবামটি নিয়ে কিছু বলুন। এটি আমার দ্বিতীয় একক অ্যালবাম। সব মিলিয়ে গান আছে নয়টি। আটটি গান আমি গেয়েছি, আর একটি পৃথ্বীরাজ। গানগুলো অনেকটা সেমি-ক্ল্যাসিকাল ও সফট মেলোডিয়াস। শুনতে ভালো লাগবে। অ্যালবামটির কাজ শেষ করতে সময় লেগেছে প্রায় দুই বছর। নতুন অনেকগুলো গান করেছি। সেখান থেকে নয়টি গান নিয়েছি অ্যালবামটির জন্য। দ্বিতীয় অ্যালবাম বের করতে এত সময় নিলেন কেন? মানসিক একটা চাপ কাজ করছিল। ২০০৭ সালে বন্দনা অ্যালবামটি জনপ্রিয় হওয়ার পর চাপটা বেড়ে যায়। শ্রোতাদের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেটা পূরণের চেষ্টা করেছি। এই অ্যালবামে পৃথ্বী কিন্তু অসাধারণ কাজ করেছে। পৃথ্বীরাজের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন হলো?পৃথ্বীর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। ও শুদ্ধ সংগীতে শিক্ষিত একজন শিল্পী, সুরকার ও সংগীতায়োজক। ওর মতো মেধাবী একজন মানুষের সঙ্গে কাজ করা কঠিন। কিন্তু ও সাহায্য করায় সেটা খুব ভালোভাবেই পেরেছি। প্রথমটিতে ‘সুনীল-বরুণা’ গানটি দারুণ জনপ্রিয় হয়েছিল। এবার তেমন কিছু পাওয়ার সম্ভাবনা আছে?‘সুনীল-বরুণা’ গানটির জন্য প্রিন্স মাহমুদ ও আসিফ ইকবালের কাছে আমি কৃতজ্ঞ। এই গান একটি ইতিহাস। এই গানের জনপ্রিয়তাকে ছাড়িয়ে যাওয়া খুব কঠিন ব্যাপার। ‘সুনীল-বরুণা’ গানটি একটু আলাদাই থাকুক। এবারের গানগুলো কিন্তু একটু আলাদা। এখানেও জনপ্রিয় হওয়ার মতো গান আছে। সম্প্রতি বিয়ে করলেন। নতুন জীবন কেমন উপভোগ করছেন?অনেক ভালো। নতুন অভিজ্ঞতা। বিয়ের পর অ্যালবামের কাজ করলাম। আগে কাজের জন্য কোনো সময় ছিল না। যখন সুযোগ পেতাম, তখনই বসে পড়তাম। কিন্তু এখন গানের জন্য আলাদা সময় বের করেছি। কারণ, পরিবারকে সময় দিতে হচ্ছে। তবে সব মিলিয়ে কিন্তু ভালোই আছি।