জাতীয় দল থেকে অবসর নিয়েছেন আগেই। কাল আবাহনীর জার্সি গায়ে শেষ ম্যাচ খেলে ঘরোয়া ফুটবল থেকেও বিদায় নিলেন আরিফ খান (জয়)। তার পরই কথা বললেন দীর্ঘ ১৭ বছরের ফুটবল ক্যারিয়ার নিয়ে মাঠে ফুলেল শুভেচ্ছা পেলেন। পরিবারের সবাই মাঠে এসেছেন। অনেকেরই এমন বিদায় নেওয়ার সৌভাগ্য হয় না। আপনার অনুভূতি কী?আরিফ খান জয়: সব বিদায়ই কষ্টের। ১৭ বছর ফুটবল খেলে বিদায় নিতে হলো। এটাই বাস্তবতা। তবে মাঠে সবাই যেভাবে অভিনন্দন জানাল, আমি খুব খুশি। সুন্দর বিদায় নিতে পেরে আমি পরিতৃপ্তও। এ মুহূর্তে কোন কথাটা আপনার বেশি মনে পড়ছে?জয়: বেশি মনে পড়ছে এ কথাই, ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে। আজকের জয় ফুটবল খেলেই হয়েছে। একজন ফুটবলারের জীবনে এটাই সবচেয়ে বড় পাওয়া। পেছনে তাকিয়ে আপনার এত দূর আসার পেছনে নির্দিষ্ট কারও অবদানের কথা বলবেন?জয়: ক্লাব, কর্মকর্তা এবং লক্ষ-কোটি ক্রীড়ামোদী দর্শকের সমর্থনই আমাকে এত দূর এনেছে। তাদের উৎসাহ-উদ্দীপনা এবং ক্লাবগুলোর দেওয়া সুযোগ পেয়েই এত বছর খেলতে পেরেছি। এ জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। বিশেষ করে আমার পরিবারের কাছে। কোন অর্জনটাকে এগিয়ে রাখবেন?জয়: জাতীয় দলের নেতৃত্ব দেওয়া আমার অন্যতম সেরা অর্জন। জাতীয় দলের হয়ে ২০০৩ সালে সাফ ফুটবল জিতেছি। আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা বড় তিন দলের হয়ে চ্যাম্পিয়নশিপ পেয়েছি। আবাহনীর এই হ্যাটট্রিক শিরোপার প্রথম মৌসুমে আমিই ছিলাম অধিনায়ক। অতৃপ্তি কতটুকু?জয়: বাংলাদেশের ফুটবলকে এশিয়ার মানে দেখতে চেয়েছিলাম। সেটা পারলাম না। তবে আমি বিশ্বাস করি, আমাদের পরের প্রজন্ম সেই জায়গায় বাংলাদেশকে নিয়ে যাবে। খেলোয়াড়ি জীবন সম্পর্কে তো আমাদের জানাই। তার পরও বিদায়বেলায় যদি একটু পেছনে ফিরে যান...জয়: পিডব্লুডি স্পোর্টিং ক্লাবের হয়ে ঢাকার শীর্ষ পর্যায়ের আমার শুরুটা ছিল ১৯৯৩ সালে। এর পর আবাহনী, ব্রাদার্স, মোহামেডান, মুক্তিযোদ্ধা, মোহামেডান ঘুরে ২০০৩ থেকে আবাহনীতে টানা ৭ বছর খেলেছি। এ মৌসুমে আপনাকে মাঠে তেমন দেখা যায়নি কেন?জয়: এবারের লিগের প্রথম পর্বে তিনটি ম্যাচ খেলেছি। আমার সন্তান অসুস্থ ছিল, তাকে নিয়ে ভারতে গিয়েছিলাম। এর পর আজই নামলাম শেষবার। আপনার শুরু আর শেষের সময়ে পার্থক্য কী?জয়: আমার শুরুর সময়ে ফুটবল ছিল অনেক জনপ্রিয়। এখন বিশ্বকাপ উপলক্ষে যেমন ব্রাজিল-আর্জেন্টিনার পতাকায় দেশ ছেয়ে গেছে, তখন আবাহনী-মোহামেডানের পতাকায় ছেয়ে যেত। সেই অবস্থা আর নেই। ফুটবল অনেক পিছিয়ে গেছে। কেন পিছিয়ে গেল?জয়: দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান না হওয়াই মূল কারণ। এখন খেলার মাঠ নেই। নতুন প্রজন্ম আগের মতো খেলছে না। পুল-বাইন্ডিংস দলের ক্ষতি করেছে। লিগ অনিয়মিত হয়ে গিয়েছিল। সারা দেশে আগে যেমন খেলা হতো, এখন হয় না। ভবিষ্যৎ পরিকল্পনা কী? জয়: একটা ফুটবল স্কুল করছি। আগামী ১৫ তারিখ উদ্বোধন হবে। এটার নাম গোল ফুটবল স্কুলিং সেন্টার। লালমাটিয়া বয়েজ কলেজ মাঠে ট্রেনিং হবে। ১০০ বাচ্চা ছেলে নিয়ে ট্রেনিং শুরু করব। আমি ভাবলাম, নিজে খেলার চেয়ে বরং এখন দেশের প্রয়োজনে ১০টা খেলোয়াড় তৈরি করতে পারলে সেটাই ভালো হবে। জাতীয় সংসদে গিয়েও ফুটবলের কথা বলতে চাই।