‘সুবর্ণ সুযোগটা কাজে লাগাতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসলাম ওমর বেলিম, লতিফুর রহমানের পর আন্তর্জাতিক হকি আম্পায়ার পাচ্ছে না বাংলাদেশ। গত মাসে এএইচএফ কাপ হকি টুর্নামেন্ট পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক অভিষেক হলো বাংলাদেশের আম্পায়ার সেলিম লাকির। তরুণ এই আম্পায়ার স্বপ্ন দেখেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের এলিট প্যানেলে থাকবে তাঁর নাম প্রথমবারের মতো আন্তর্জাতিক হকি ম্যাচ পরিচালনা করে কেমন লাগল? সেলিম লাকি: খুবই ভালো লেগেছে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল ঘরোয়া ম্যাচের পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচ করব। সেটি সফল হয়েছে।  ব্যাংককে কতগুলো ম্যাচ পরিচালনা করেছেন?সেলিম: প্রথমে দুটি ম্যাচ করার কথা ছিল আমার। কিন্তু ওরা টানা পাঁচটি ম্যাচে আম্পায়ারের দায়িত্ব দেয়। রিজার্ভ ম্যাচসহ মোট আটটি ম্যাচ খেলিয়েছি। আমার পারফরম্যান্সে খুশি হয়েই আসলে ম্যাচের সংখ্যা বাড়িয়েছে।  এলিট প্যানেলে বাংলাদেশের আম্পায়ার নেই। বিষয়টি কীভাবে দেখেন?সেলিম: শুধু এলিট প্যানেলই নয়, উঠতি আম্পায়ারদের তালিকাতেও বাংলাদেশের কেউ নেই। আমাদের হাতে আসা সুবর্ণ এই সুযোগটা কাজে লাগাতে চাই।  হকিতে কীভাবে এলেন?সেলিম: আমার মামা হকি খেলোয়াড় মালেক চুন্নু, ওস্তাদ ফজলু এঁদের মাধ্যমেই হকি খেলতে আসি। কিন্তু আপনি কোন পর্যায়ে খেলছেন?সেলিম: আমি ১৭ বছর ঘরোয়া হকির সর্বোচ্চ পর্যায়ে খেলেছি। কিন্তু জাতীয় পতাকা বুকে লাগানোর সুযোগ পাইনি। তাই একসময় মনে হতো যখন খেলে দেশের প্রতিনিধিত্ব করতে পারিনি, তখন অন্য কোনোভাবে যদি সেটা করতে পারি। তো আম্পায়ারিং দিয়ে সেটা করেছি।  বাংলাদেশের আম্পায়ার বিদেশে ম্যাচ পরিচালনা করছে। দৃশ্যটা এখন বিরল। এশিয়ান হকি ফেডারেশন বিষয়টি কীভাবে দেখেছে?সেলিম: ওদের প্রথম কথাই ছিল যে কোনো চাপ নিয়ো না। বলেছে, ম্যাচ পরিচালনা করো আর শারীরিক ফিটনেসের ওপর জোর দাও। তাহলে তোমার আম্পায়ারিং করতে কোনো সমস্যা হবে না। আরও বলতো, তোমাদের আম্পায়ারিংয়ের জন্য তো আমরা আছিই। ভুলভ্রান্তি হলে আমরা ক্লাসে বলে দেব। ভুলভ্রান্তি কী হতো?সেলিম: ভুলভ্রান্তি তো হবেই। আমরাও তো মানুষ। কিন্তু আমি চেষ্টা করতাম যাতে ভুল না হয়।  বাংলাদেশের ঘরোয়া হকির আম্পায়ারিং চিরকালীন বিতর্কিত বিষয়। বর্তমান আম্পায়ারিং নিয়ে আপনি নিজে কতটা সন্তুষ্ট?সেলিম: অতীতের কথা বলব না। তবে এখন আমাদের আম্পায়ারিংয়ের মান অনেক ভালো। আমরা তরুণেরা সিনিয়রদের সঙ্গে মানিয়ে নিয়েই আম্পায়ারিং করছি। গত ২০১০ এর পর কিন্তু মাঠে কোনো গন্ডগোল হয়নি আম্পায়ারিং নিয়ে। অনেকেই বলেন, আম্পায়ারিংয়ের জন্য মাঠে খেলা বন্ধ হয়ে যাচ্ছে, এটা ঠিক নয়। ইদানীং যে খেলাগুলো হয়েছে জাতীয় হকি, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, শহীদ স্মৃতি—এগুলো লক্ষ করলে দেখবেন খেলা চালাতে আমাদের কোনো সমস্যা হয়নি। আমি সর্বশেষ চারটা ফাইনাল করেছি। কোনো গন্ডগোল হয়নি। কিন্তু নতুন আম্পায়ার তো উঠে আসছে না।সেলিম: ঠিকই বলেছেন। নতুন আম্পায়ার আসছে কম। আন্তর্জাতিক পর্যায়ে চল্লিশোর্ধ্ব ব্যক্তিকে আম্পায়ার করা হয় না। আন্তর্জাতিক হকি ফেডারেশন এখন তরুণ আম্পায়ার চাইছে। এ জন্য আমাদেরও তরুণ আম্পায়ার তুলে আনতে হবে।  আন্তর্জাতিক অঙ্গনে সবে শুরু আপনার। এখান থেকে এলিট প্যানেলে যাওয়া কতটা কঠিন?সেলিম: আমার বয়স মাত্র ২৭, এখনো অনেক সময় পড়ে আছে। যদি সুস্থ থাকি তাহলে ১৩-১৪ বছর সময় তো পাব। আমার সামনে একটা লক্ষ্যও বাঁধা আছে। এর পর কোনো টুর্নামেন্টে গেলে ৭.৫ পয়েন্ট স্কোর করতে হবে। এটার পর ৭ পয়েন্ট। এভাবে ধাপে ধাপেই কঠিন পথটা পেরোতে চাই। এলিট প্যানেলে ঢুকতে চাই।