পঞ্চগড় শহরের কায়েতপাড়ার শফিকুল ইসলাম, জালাসীর আবদুস সালাম, জাহাঙ্গীর আলম, ইসলামবাগের কলেজছাত্রী রওশন আরা, ধাক্কামারার আবদুল কাইয়ুম, পাটোয়ারী পাড়ার মো. দুলালের কাছে জানতে চাওয়া হয়েছিল পৌরসভার থেকে তাঁরা কী সুবিধা পাচ্ছেন। তাঁরা কেউই এর উত্তর দিতে পারেননি। তাঁরা জানেনও না পৌরসভার নাগরিক হিসেবে কী ধরনের সুযোগ-সুবিধা তাঁদের প্রাপ্য। তবে তাঁরা এটা জানেন, পৌরকর তাঁদের দিতেই হয়। তাঁরা জানান, পৌরকর দেওয়ার তাগিদ মেয়র সাহেব মাঝেমধ্যেই মাইকযোগে প্রচার করেন। কাজেই পৌরকর দেওয়ার বিষয়টি না জানার কোনো সুযোগ নেই। আবদুল কাইয়ুম তাই কৌতুক করে বলেন, ‘কর নিতে সমস্যা নেই, সুবিধা দিতেই যত অসুবিধা।’১৯৮৫ সালের ১ জানুয়ারি নাগরিকসেবা নিশ্চিত করার লক্ষ্যে পঞ্চগড় পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পৌরসভাটি ‘এ’ শ্রেণীভুক্ত হয় ২০০৫ সালের ৪ মে। বর্তমানে ৭০ হাজার নাগরিক এই পৌরসভার বাসিন্দা।গোটা রাস্তাই যেন ডাস্টবিন১ ডিসেম্বর সকাল ১০-১১টার ঘটনা। পঞ্চগড় শহরের ইসলামবাগের আনু ও মিনা বাড়ি থেকে ময়লার একটি পলিথিন ব্যাগ নিয়ে বের হলো। তারপর কোনো দ্বিধা না করে তা ছুড়ে দিল রাস্তার ওপাশে। সেখানে কোনো ডাস্টবিন না থাকায় ময়লার ব্যাগটি পড়ল ড্রেনে। এ কাজ তারা কেন করল তা জানতে চাইলে আনুর ত্বরিত উত্তর, ‘ডাস্টবিন নেই, আমরা কী করব? ড্রেনেই ময়লা ফেলতে হয়।’শুধু মিনা আর আনু নয়, পঞ্চগড় শহরে ডাস্টবিনের অভাবে যেখানে-সেখানে আবর্জনা ফেলতে হচ্ছে সবাইকে। ময়লার স্তূপে প্রায়ই ড্রেনের পানিপ্রবাহ বন্ধ হয়ে যায়। এতে সামান্য বৃষ্টিতেই ওসব ড্রেনের পানি উপচে রাস্তাঘাটে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ময়লাযুক্ত পানির দুর্গন্ধে শহরবাসী অতিষ্ঠ হয়ে ওঠেন।পৌরসভা সূত্র জানায়, শহরে প্রায় আট হাজার পরিবার রয়েছে। পৌরসভায় স্থায়ী ডাস্টবিন আছে ১২টি। ইসলামবাগের আবদুল হান্নান জানান, তাঁদের এলাকায় কোনো স্থায়ী ডাস্টবিন না থাকায় এলাকাবাসী তাঁদের বাড়ির সামনে খোলা রাস্তা বা ড্রেনেই ময়লা-আবর্জনা ফেলেন। দুর্গন্ধে যখন থাকা দায় হয়ে যায়, তখন পৌরসভার গাড়ি এসে সেগুলো পরিষ্কার করে। এর আগ পর্যন্ত কারও টনক নড়ে না।পৌরসভার কনজারভেন্সি পরিদর্শক মো. আবদুুস সামাদ জানান, আবর্জনা নিয়ে পৌরসভাও বেশ অশান্তিতে আছে। শহরে প্রতিদিন যে পরিমাণ আবর্জনা সৃষ্টি হয়, তা অপসারণের মতো জনবল পৌরসভার নেই। অর্থাভাবে জনবল বাড়ানো যাচ্ছে না। এ ছাড়া নাগরিকদেরও সচেতনতার অভাব রয়েছে। তারা একটু কষ্ট করে ডাস্টবিনে ময়লা না ফেলে ড্রেনে কিংবা রাস্তার ওপর ময়লা ফেলে।রাতে মশা দিনে মাছিপঞ্চগড় পৌর এলাকার অধিকাংশ নর্দমা ও ডোবা দীর্ঘদিন পরিষ্কার না করায় এগুলো মশা-মাছির প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। মশা-মাছির উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী। মশার অত্যাচারে স্কুল-কলেজের শিক্ষার্থী, শ্রমজীবীসহ হাসপাতালের রোগীদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। দিনের বেলায়ও ঘরবাড়ি থেকে শুরু করে চায়ের দোকানেও একটু শান্তিতে বসা যায় না মাছির উপদ্রবে।মাছির উৎপাত সম্পর্কে রাজনগর এলাকার জাহিরুল ইসলাম বলেন, নর্দমাগুলো নিয়মিত পরিষ্কার না করায় মাছির উপদ্রব বেড়েই চলছে। অন্যদিকে দীর্ঘদিন মশকনিধন কর্মসূচি বন্ধ থাকায় মশার উৎপাত অসহনীয় হয়ে উঠেছে। এখন শুধু রাতে নয়, দিনেও মশা-মাছির অত্যাচার থেকে বাঁচতে বাসাবাড়ি, অফিস-আদালতে কয়েল জ্বালিয়ে থাকতে হচ্ছে। মসজিদপাড়ার মালেকা বেগম জানান, সারা দিন মাছির জ্বালায় জীবন অতিষ্ঠ হয়ে থাকে। আর সন্ধ্যায় যখন বাচ্চারা লেখাপড়া করতে বসে, তখন ঘরে ঝাঁকে ঝাঁকে মশা ঢোকে। বাধ্য হয়ে সন্ধ্যায় মশারি টাঙিয়ে ছেলেমেয়েদের পড়ালেখা করতে হয়।একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতাএকটু বৃষ্টি হলেই পঞ্চগড় শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, পয়োনিষ্কাশন ব্যবস্থা না রেখেই বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অপরিকল্পিত এসব স্থাপনা নির্মাণের ফলে শহরবাসীকে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইসলামবাগের দুলাল বলেন, বর্ষায় গোটা এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন ঘর থেকে বেরই হওয়া কঠিন হয়ে পড়ে।পৌরসভাও এ সমস্যার দায় স্বীকার করেছে। পৌরসভা সূত্র জানায়, অপরিকল্পিতভাবে অবকাঠামো নির্মাণ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শহরের ইসলামবাগ ও এম আর কলেজের সামনে ডোকরোপাড়া এলাকায় পানিনিষ্কাশনের ব্যবস্থাই নেই। ডোকরোপাড়া এলাকার আকতারুন নাহার জানান, সামান্য বৃষ্টি হলেই এ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। নালা না থাকার জন্য এ অবস্থা হয়েছে। নর্দমার নোংরা-দুর্গন্ধযুক্ত পানি রাস্তায় উঠে জলাবদ্ধতার সৃষ্টি করে। তা ছাড়া অধিবাসীরা যে যেভাবে পারছে জায়গা দখল করে বাড়িঘর তুলছে। এটা দেখার কেউ নেই।কাঁচা সড়কের বেহাল অবস্থাদীর্ঘদিন সংস্কারের অভাবে পঞ্চগড় পৌর এলাকার কাঁচা রাস্তাগুলো ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে। রাস্তাজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। পৌরসভা সূত্রে জানা গেছে, শহরের পৌর এলাকায় ৬২ কিলোমিটার পাকা সড়ক, ৩৮ কিলোমিটার কাঁচা সড়ক আছে। মূল শহরের সড়কগুলো পাকা হলেও শহরতলীর রাস্তা কাঁচা।পৌরসভার কাউন্সিলর মো. জহিরুল ইসলাম বলেন, ‘অর্থাভাবে অনেক সড়ক পাকা করা যায়নি। অনেক সড়কে দীর্ঘদিন এক কোদাল মাটিও ফেলা হয়নি। বরাদ্দ না পেলে আমাদের করার কিছু নেই।’ পানি সরবরাহে সংকটপঞ্চগড় পৌরসভার বেশ কিছু এলাকায় পানি সরবরাহ লাইন সম্প্রসারণ না করায় বিপুলসংখ্যক নাগরিক এই সুবিধা পাচ্ছেন না। আহম্মদনগর এলাকার মোতালেব বলেন, ‘পানির লাইন নিতে চাই। কিন্তু সরবরাহ লাইন সম্প্রসারণ করা হয়নি। তাই ইচ্ছা থাকলেও পানির লাইন নিতে পারছি না।’পৌর পানি সরবরাহ শাখা সূত্র জানায়, পৌর এলাকায় ৪৪ কিলোমিটার পানির পাইপলাইন রয়েছে। প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে পানি সরবরাহ করা হয়। পৌর কর্তৃপক্ষের দাবি, পৌরসভার ৭৫ ভাগ এলাকায় পানির লাইন স্থাপন করা হয়েছে। পানি সরবরাহ করতে বিদ্যুৎ বিলসহ খরচ হয় মাসে প্রায় দুই লাখ টাকা। সেখানে আয় হয় মাত্র এক লাখ ২৫ হাজার টাকা। প্রতি মাসে পানি সরবরাহ খাতে ভর্তুকি দিতে হয় প্রায় ৭৫ হাজার টাকা। এ ছাড়া ৩০ লাখ টাকার পানির বিল বকেয়া রয়েছে। এমন অনেকেই আছেন, যাঁরা পাঁচ বছর পানির বিল দেননি।পানি সরবরাহ শাখার তত্ত্বাবধায়ক সালেকুল ইসলাম পাটোয়ারী বলেন, অর্থাভাবে কিছু এলাকায় পানির পাইপ বসানো সম্ভব হয়নি। যেমন, তুলারডাঙ্গা. আহম্মদনগর, ঘাটিয়ারপাড়ার অংশে পানির লাইন সম্প্রসারণ করা যায়নি।যত্রতত্র বাস-রিকশাস্ট্যান্ড, যানজটে হয়রান শহরবাসীপঞ্চগড় পৌরসভার নির্দিষ্ট বাস টার্মিনাল থাকলেও মাত্র গোটাকয় বাস সেখানে অবস্থান করে। বাকিগুলো তাদের পছন্দের জায়গায় স্ট্যান্ড বানিয়ে যখন-তখন থামিয়ে যাত্রী পরিবহন করে। এ ছাড়াও যেখানে-সেখানে ট্রাক দাঁড় করিয়ে চলে মালামাল ওঠানো-নামানো। ফলে যানজটের সৃষ্টি হয়। এদিকে সরেজমিনে দেখা গেছে, নিয়মনীতির তোয়াক্কা না করে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে রিকশা-ভ্যানস্ট্যান্ড আর পৌরসভার সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে অস্থায়ী বাজার গড়ে উঠেছে। ফলে যানবাহন ও পথচারীর চলাচল ব্যাহত হচ্ছে। লাইটপোস্ট থাকলেও বাতি নেইপঞ্চগড় পৌর এলাকার অনেক লাইটপোস্টের বাতি জ্বলে না। কায়েতপাড়ার শাহজালাল বলেন, দীর্ঘদিন তাঁদের এলাকার রাস্তাগুলোয় বৈদ্যুতিক খুঁটিতে বাতির ব্যবস্থা নেই। কোথাও কোথাও বাতি থাকলেও তা নষ্ট। অন্ধকারে চলাচল করতে ভয় লাগে। পৌর কর্তৃপক্ষ যা বলেপৌরবাসীর সার্বিক নাগরিকসেবা নিশ্চিত না করতে পারা সম্পর্কে পঞ্চগড় পৌর মেয়র মো. তৌহিদুল ইসলাম বলেন, স্বপ্ন আয়ের পৌরসভা পঞ্চগড়। সরকার যে অনুদান দেয় তা খুবই কম। সরকার সারা দেশে ৩০৮টি পৌরসভায় বছরে মাত্র ২৫০ কোটি টাকা বরাদ্দ দেয়, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তিনি বলেন, কোনো এলাকায় ডাস্টবিন স্থাপন করতে গেলে যার বাড়ির সামনেই জায়গা নির্ধারণ করা হয়, তিনিই বিরোধিতা করেন। এতে করে চাইলেও ডাস্টবিন করা যাচ্ছে না। এদিকে ডাস্টবিন ও সচেতনতার অভাবে পৌরবাসীই রাস্তা ও ড্রেনে ময়লা-আবর্জনা ফেলছে। ড্রেনের পানিনিষ্কাশন বন্ধ করে দিচ্ছে। তখন পৌরসভাকে অতিরিক্ত অর্থ ব্যয় করে ড্রেন ও রাস্তা পরিষ্কার করতে হচ্ছে। তবুও সামর্থ্যের মধ্যে পৌরসভা শহর পরিষ্কার রাখা, রাস্তা সংস্কার, ড্রেন পরিষ্কার ও রাতে রাস্তায় আলোর ব্যবস্থা করে নাগরিকসেবা নিশ্চিত করতে চেষ্টা করছে। বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের আওতায় তিন কোটি ১৬ লাখ টাকার প্রকল্প প্রক্রিয়াধীন আছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে শহরতলীর অনেক কাঁচা সড়ক পাকা হবে। সব ড্রেনে কভার দেওয়া হবে। তখন আর ড্রেনের মধ্যে কেউ ময়লা-আবর্জনা ফেলতে পারবে না। তিনি স্বীকার করেন, অপরিকল্পিতভাবে ঘরবাড়ি নির্মাণের ফলে ইসলামবাগ ও ডোকরোপাড়া এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তিনি দাবি করেন, গোটা পৌর এলাকায় বিদ্যুৎ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। পৌর এলাকায় ২৬০০ পোল আছে। এসব পোলে বাতি জ্বলে। তিনি দুঃখ করে বলেন, ‘পৌরবাসীর জন্য রাস্তায় আলোর ব্যবস্থা করছি আমরা। কিন্তু আমাদের কাছ থেকে বাণিজ্যিকভাবে বিল আদায় করছে পিডিবি। তা ছাড়া পৌর এলাকার খাসজমি পৌরসভাকে বন্দোবস্ত দেওয়ার ক্ষমতা দিলে আমরা পরিকল্পিতভাবে সেখানে হাট-বাজার বসাতে পারি। আমরা বাইপাস নির্মাণের দাবি জানিয়েছি। এটা না হলে শহরের যানজট যাবে না।