টি-টোয়েন্টি ক্রিকেট দিয়েই নিজেকে চিনিয়েছিলেন। সামনে যখন অনেক টি-টোয়েন্টি ম্যাচ খেলার হাতছানি, একটু বেশি রোমাঞ্চিত তিনি হতেই পারেন। তবে প্রায় নয় মাস পর জাতীয় দলে ফিরে বাঁহাতি ওপেনার জুনায়েদ সিদ্দিক অতীত নিয়ে ভাবতে চান না। তাঁর চোখ সামনে নতুন কোচের প্রথম দিন। কেমন হলো অনুশীলন?জুনায়েদ সিদ্দিক: অনেক দিন পর আজ নেটে ব্যাটিং করলাম। তাই কোচের সঙ্গে তেমন একটা কথা বলার সুযোগ হয়নি। পরে কথা বলব। তবে মনে হচ্ছে অনেক পজিটিভ। রিচার্ড পাইবাসকে তো আগে থেকেই চেনেন। তাঁর সম্পর্কে নতুন করে জেনেছেনও। অন্যদের চেয়ে কোন দিক দিয়ে ব্যতিক্রম হতে পারেন পাইবাস?জুনায়েদ: আজ তো তেমন প্র্যাকটিস হয়নি। সবাই প্রিমিয়ার লিগের খেলা নিয়ে ব্যস্ত। ব্যাটসম্যানদের মধ্যে কেবল আমিই ছিলাম আজ, আমিই ব্যাটিং করলাম। এমনিতে কোচ ব্যাটিং নিয়ে কিছু বলেননি। হয়তো সবাই অনুশীলনে যোগ দিলে এসব নিয়ে কথা বলবেন। নতুন কোচ এসে অনেক সময় ব্যাটসম্যানদের স্বাভাবিক ব্যাটিং স্টাইলে পরিবর্তন আনতে চান। এটাকে কীভাবে দেখেন?জুনায়েদ: কিছু সময় যাওয়ার পরই আসলে বোঝা যাবে কোচের মানসিকতা, তিনি কী চান। হ্যাঁ, প্রতিটি ব্যাটসম্যানেরই স্বাভাবিক খেলা থাকে এবং সবাই চায় সেভাবে খেলতে। অনেক সময় কোচরা কিছু ফাইন টিউনিং করেন। তবে আমাকে এখন পর্যন্ত এ রকম কোনো নির্দেশনা কেউ দেননি। এক বছরের মধ্যে তিন কোচ। মানিয়ে নিতে সমস্যা হবে না তো?জুনায়েদ: আমরা পেশাদার ক্রিকেটার। কোচ যে-ই আসুক, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। কোচ অবশ্যই একটা ব্যাপার, তার পরও সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়াটাই আমাদের দায়িত্ব। স্টুয়ার্ট ল আসার পরপরই জিম্বাবুয়ে সফর ছিল এবং সেই সফরে বাংলাদেশ দলের পারফরম্যান্স ভালো ছিল না। পাইবাস আসার পরও প্রথমেই যাচ্ছেন জিম্বাবুয়ে...জুনায়েদ: আমরা সবাই চেষ্টা করব ইতিবাচক কিছু করার। যেটা হয়ে গেছে সেটা নিয়ে চিন্তা করলে শুধু নেগেটিভ বিষয়ই মাথায় আসবে। আর সাফল্য-ব্যর্থতার দায় সব সময় ক্রিকেটারদের। আমরাই হয়তো তখন ভালো ক্রিকেট খেলিনি, সেজন্য ভালো ফল হয়নি। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে জিম্বাবুয়ে থেকে ভালো কিছু নিয়ে ফিরতে চাই। ঘরোয়া, আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-টোয়েন্টিতে আপনার বেশ কিছু সুখস্মৃতি আছে। সামনে তো অনেক টি-টোয়েন্টি ম্যাচ। বাড়তি কোনো রোমাঞ্চ?জুনায়েদ: যে ধরনের ক্রিকেটই খেলি না কেন...টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি—ভালো খেললে একটা বাড়তি আত্মবিশ্বাস থাকে। তবে আগে কী হয়েছে সেটার চেয়ে বড় কথা জায়গামতো পারফর্ম করা। ওখানে গিয়ে ভালো খেলাটাই মূল জিনিস। মাঝখানে বেশ কিছুদিন দলের বাইরে থেকে আবার ফিরলেন। সবকিছু নতুন করে শুরু করতে চান?জুনায়েদ: (হাসি) অবশ্যই চেষ্টা করব নতুন করে সব শুরু করার। মাঝে কয়েকটা সিরিজ আমি দলের বাইরে ছিলাম। ইচ্ছা আছে ভালো খেলে দলে জায়গা পাকা করার। অনেক বেশি পরিশ্রম করছি সেজন্য। সুযোগ এলে কাজে লাগাব। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অনেকগুলো ২০ ওভারের ম্যাচ খেলবেন। এর আগে বিপিএল খেললেন। বিশ্বকাপে এসব কতটা কাজে লাগবে বলে মনে হয়?জুনায়েদ: বিপিএল আমাদের ক্রিকেটের জন্য অনেক বড় একটা অর্জন। বিপিএল খেলার পর খেলোয়াড়দের পেশাদারি মনোভাব বেড়েছে, সবাই ইতিবাচক চিন্তা করতে শুরু করেছে। অনেক বিদেশি খেলোয়াড় ছিল বিপিএলে, তাদের সঙ্গে আমরা অভিজ্ঞতা বিনিময় করেছি। বিপিএলের পর এশিয়া কাপে আমাদের পারফরম্যান্স ভালো হয়েছে। আমার বিশ্বাস, ভবিষ্যতেও বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগবে।