‘সুযোগ পেলে কাজে লাগাতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া সিরিজে দলে থাকলেও খেলা হয়নি। এবার যাচ্ছেন জিম্বাবুয়েতে। একাদশে সুযোগ পাওয়া নিচ্ছে ভাবছেন না। তবে পেলে সুযোগটা লুফে নিতে চান শুভাগত হোম চৌধুরী আবার সুযোগ পেলেন দলে। জিম্বাবুয়ে সফরে কী আশা করছেন?শুভাগত হোম চৌধুরী: খেলার সুযোগ পাওয়াটা তো আর আমার ওপর নয়। চেষ্টা করব অনুশীলনে নিজের সেরাটা দিতে। দলের প্রয়োজন আছে বলেই আমাকে স্কোয়াডে নেওয়া হয়েছে। তেমনি প্রয়োজনে একাদশেও দেখা যেতে পারে। তবে তাড়াহুড়ো নেই। সামনে অনেক খেলা আছে। সুযোগ তো একসময় পাবই। জিম্বাবুয়েতে মাত্র ১টি টেস্ট, সেটাতে হয়তো আপনার খেলা হবে না। তবে ওয়ানডে সিরিজে সুযোগ আসতে পারে। আপনি নিজে কোনটায় বেশি স্বচ্ছন্দ?শুভাগত: সত্যি বলতে ওয়ানডেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তার মানে এই না যে, লংগার ভার্সনে অস্বস্তি বোধ করি। লংগার ভার্সন যতগুলো খেলেছি, খারাপ করিনি। এটাও জানি, লংগার ভার্সনে ভালো করা মানেই ভালো ব্যাটসম্যানের স্বীকৃতি পাওয়া। ওয়ানডেতে একটু বেশি স্বস্তি বোধ করি, এই যা। জিম্বাবুয়ের উইকেট-কন্ডিশন সম্পর্কে ধারণা আছে?শুভাগত: কিছুটা আছে। এখন বোধহয় ওখানে খানিকটা ঠান্ডা। আমি দক্ষিণ আফ্রিকায় খেলেছি। ওখানকার উইকেট-কন্ডিশনের সঙ্গে জিম্বাবুয়ের অনেক মিল আছে শুনেছি। ওই অভিজ্ঞতা কিছুটা সাহায্য করবে আশা করি।  দক্ষিণ আফ্রিকার উইকেটে খেলার অভিজ্ঞতা কেমন ছিল? সমস্যা হয়নি?শুভাগত: বাউন্স ছিল অনেক। তবে সমস্যা হয়নি, বরং ব্যাটিংয়ের জন্য আরও সহায়ক মনে হয়েছে। কারণ বল ব্যাটে আসে। আন-ইভেন বাউন্সের সম্ভাবনা নেই। একটু মানিয়ে নিলে সব ধরনের শটই খেলা যায়। আমাদের এখানে বল তো বেশি উঠেই না। ভয় থাকে কখন না আবার একটু বেশি নিচু হয়ে যায়। সব মিলিয়ে আমার মনে হয়, বাউন্সি উইকেটে ব্যাটসম্যানদের সুবিধাই হয়। শট খেলতেই কি বেশি ভালোবাসেন? আপনার চোখে নিজের ব্যাটিংয়ের শক্তিশালী দিক কোনটা?শুভাগত: শট খেলতে তো পছন্দ করিই। তবে আমার সবচেয়ে শক্তিশালী দিক সম্ভবত স্ট্রাইক রোটেট করার ক্ষমতা। অনেক সিঙ্গেলস বের করতে পারি। ম্যাচ খুব বেশি হয়তো খেলেননি, তার পরও প্রথম শ্রেণীর ক্রিকেটে ৬১.২৬ গড় তো দারুণ কিছুর ইঙ্গিত। এত ভালো রেকর্ড নিয়ে জাতীয় দলে আসা বাংলাদেশে বিরল। এটাকে কীভাবে দেখছেন?শুভাগত: অবশ্যই এটা আমাকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। ম্যাচ বেশি না খেললেও ভালো কিছু ইনিংস আমি খেলেছি। ঢাকা প্রিমিয়ার লিগেও কিছু ভালো ইনিংস আছে। গত দু-তিন মৌসুমে মোটামুটি নিয়মিত রান করেছি। আশা করি, এ সবকিছুই আমার জন্য ইতিবাচক হয়ে কাজ করবে।  বাংলাদেশে প্রায় সবাই বয়সভিত্তিক ক্রিকেট থেকে ধাপে ধাপে উঠে আসে। আপনি এখানেও ব্যতিক্রম...শুভাগত: আমি আসলে কোনো তুলনা করতে চাই না। তবে বয়সভিত্তিক ক্রিকেট খেলে আসলে নিজেকে প্রমাণের অনেক সুযোগ থাকে। আমাকে অনেক লড়াই করে আসতে হয়েছে। লিগ খেলছি অনেক দিন, ছোট দলগুলোতে খেলে খেলে আস্তে আস্তে নিজেকে প্রমাণ করেছি।  এ জন্য কি জায়গা পাকা করার তাড়নাও বেশি?শুভাগত: সেটা জানি না। তবে সুযোগ পেলে পুরোপুরি কাজে লাগাতে চাই।