‘সুরমা’ হস্তান্তর আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফলভাবে কাজ শেষ করার পর এবার পানিতে ভাসছে দেশে তৈরি দ্বিতীয় যুদ্ধজাহাজ বানৌজা ‘সুরমা’। আজ সোমবার এটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে।এর আগে গত বছরের ৮ অক্টোবর দেশে নির্মিত প্রথম যুদ্ধজাহাজ বানৌজা ‘পদ্মা’ পানিতে ভাসানো হয়। নৌবাহিনীর সঙ্গে খুলনা শিপইয়ার্ডের চুক্তি অনুযায়ী আরও তিনটি যুদ্ধজাহাজের নির্মাণকাজ এ বছরের মধ্যেই শেষ হওয়ার কথা।খুলনা শিপইয়ার্ড সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৫ মার্চ নৌবাহিনীর জন্য প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে পাঁচটি যুদ্ধজাহাজ নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১০ সালের মে মাসে নৌবাহিনীর সঙ্গে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের এই কাজের জন্য একটি চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি মোতাবেক ৩০ থেকে ৪২ মাসের মধ্যে এগুলো হস্তান্তর করার কথা। প্রথম জাহাজটি ১৫ মাসের মধ্যে হস্তান্তর করা হয়। দ্বিতীয়টি হস্তান্তর করা হবে আজ। অপর তিনটির নির্মাণকাজও নির্ধারিত সময়ের আগে সম্পন্ন হবে বলে জানিয়েছেন নির্মাতাপ্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।কর্মকর্তারা জানান, একই আদলে পাঁচটি জাহাজেরই নির্মাণকাজ হবে। এগুলোর গতিবেগ ঘণ্টায় ২৩ নটিক্যাল মাইল (প্রায় ৩৭ মাইল)। ৭৫০ টন ওজন এবং ৫০ দশমিক ৪ মিটার লম্বা ও ৭ দশমিক ৫ মিটার চওড়া এই যুদ্ধজাহাজের পানির নিচের গভীরতা থাকবে ৪ দশমিক ১ মিটার। এতে প্রতিপক্ষের বিমান ও জাহাজবিধ্বংসী ৩৭ মিলিমিটারের দুটি কামান ও শুধু বিমানবিধ্বংসী ২৫ মিলিমিটারের আরও দুটি কামান থাকছে। ৩১ জন ক্রু নিয়ে সাত দিনের মিশনে যাওয়ার সব প্রস্তুতি রয়েছে এই জাহাজে। খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর রিয়াজ উদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, চায়না শিপ বিল্ডিং অ্যান্ড অফশোর ইন্টারন্যাশনাল কোম্পানির (সিএসওসি) কারিগরি সহযোগিতায় এই জাহাজ নির্মাণ করা হচ্ছে। তিনি জানান, নৌবাহিনী ইতিমধ্যেই ‘সুরমা’কে সাগরে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছে।