‘সুরে সুরে দেখা হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপলক্ষ নতুন অ্যালবামের মোড়ক উন্মোচন হলেও অনুষ্ঠানটি আর তাতে সীমাবদ্ধ থাকেনি। বরং পরিণত হয়েছিল মনোজ্ঞ সংগীতানুষ্ঠানে। নবীন শীতের হিম হিম সন্ধ্যায় শ্রোতারা গানের সুরে আবিষ্ট ছিলেন ওই আসরে। গতকাল সোমবার ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে আয়োজন করা হয়েছিল শিল্পী প্রিয়াংকা গোপের আধুনিক বাংলা গান সুরে সুরে দেখা হবে-এর মোড়ক উন্মোচন ও সিডি প্রকাশনার এই অনুষ্ঠান।মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ্র কাব্যে ও সুরে শিল্পী প্রিয়াংকা গোপের কণ্ঠে ধারণকৃত গানের অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী ফিরোজা বেগম। পরে শিল্পী প্রিয়াংকা গোপ সংগীত পরিবেশন করেন। গানগুলোর মধ্যে ছিল: ‘তোমার আশায় পথ-চাওয়া মন’, ‘এতদিন পরে তোমায় এখনো’, ‘চিনতে পারনি তুমি আমাকে’, ‘কি হোলো হাওয়ার আজ’, ‘এ কেমন রাত্রি এলো’, ‘এখন তখন হয় যে এ-মন’, ‘এ ব্যথা লুকাতে হবে যে আমাকে’, ‘এখন সময় হোল কি তোমার’, ‘সুরে সুরে হয়ত দেখা হবে’ ইত্যাদি। প্রিয়াংকা গোপের জন্ম ঢাকার গোপীবাগে। তিনি পণ্ডিত অরুণ ভাদুড়ির শিষ্যা। ফাল্গুনী মিত্রের কাছে নিয়েছেন ধ্রুপদের তালিম আর ঠুমরি শিখেছেন উর্মি গুপ্তের কাছে। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে এবং ছায়ানটে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করছেন।