‘সুহাসিনী ভবন’ উদ্বোধন
সিলেট নগরের চালিবন্দর এলাকার উমেশচন্দ্র নির্মলাবালা ছাত্রাবাসে গত ১৬ এপ্রিল দুপুর ১২টায় ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী সুহাসিনী দাসের নামে ‘সুহাসিনী ভবন’ উদ্বোধন করা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের অর্থায়নে নির্মিত ভবনটির উদ্বোধন করেন সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কামরান বলেন, ‘মানবতার কল্যাণে আজীবন নিবেদিতপ্রাণ সমাজসেবী সুহাসিনী দাস সমাজ উন্নয়নে যে অবদান রেখেছেন, তা অতুলনীয়। তাঁর মতো মহীয়সী নারীর শূন্যতা সিলেটবাসীর পূরণ হওয়ার নয়।’শিক্ষাবিদ সুষেন্দ্রকুমার পালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ এবং ওয়ার্ড কাউন্সিলর শাহানা বেগম শানু। সমাজ সংগঠক বিজয় কৃষ্ণ বিশ্বাসের সঞ্চালনে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন ছাত্রাবাস পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক ও ব্যাংক কর্মকর্তা বীরেন্দ্র সূত্রধর।