মুক্তিযুদ্ধ বাঙালি জাতির গৌরব ও অহংকার। মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে বাঙালির স্বপ্ন-আকাঙ্ক্ষা যেভাবে বহুমাত্রা নিয়ে উন্মোচিত হয়েছে, তার বিচ্ছুরণ আছে চিত্রশিল্পীদের সৃজনধারায়। বাংলাদেশের চিত্রকলা আন্দোলন গত ৪০ বছরে সবিশেষ উজ্জ্বলতা অর্জন করেছে।মুক্তিযুদ্ধ ও বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে বেঙ্গল গ্যালারির আয়োজনে গতকাল রোববার শুরু হলো মুক্তিযুদ্ধ ও বিজয়ের ওপর দেশের ৪০ জন বিশিষ্ট শিল্পীর আঁকা চিত্রকর্মের বিশেষ প্রদর্শনী ‘সৃজনে ও সংগ্রামে চল্লিশ’। বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক বেলাল মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী ও পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস।এই প্রদর্শনীতে প্রবীণ থেকে নবীন ৪০ জন শিল্পী মুক্তিযুদ্ধ, তাঁদের চেতনা ও শক্তিকে কীভাবে অনুভব করেছেন, তার শিল্পিত প্রকাশ ঘটিয়েছেন। কেউ শত্রু হননের জন্য যুবশক্তির তীব্রতাকে, কেউ মুক্তিযোদ্ধার পরম বিক্রম, কেউ পাকিস্তানিদের নির্মমতাকে, কেউ বিজয় উল্লাসকে তুলে ধরেছেন তাঁদের সৃজনে।অংশগ্রহণকারী শিল্পীরা হলেন: কাইয়ুম চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর, মুস্তাফা মনোয়ার, সমরজিৎ রায়চৌধুরী, হাশেম খান, আবু তাহের, রফিকুন নবী, মনিরুল ইসলাম, মাহমুদুল হক, কালিদাস কর্মকার, আবদুশ শাকুর, আবুল বারক্ আলভী, হামিদুজ্জামান খান, শহিদ কবির, বীরেন সোম, কাজী গিয়াসুদ্দিন, মনসুর উল করিম, নাজলী লায়লা মনসুর, চন্দ্রশেখর দে, অলকেশ ঘোষ, শাহাবুদ্দিন, কে এম এ কাইয়ূম, ফরিদা জামান, নাসিম আহমেদ নাদভী, রণজিৎ দাস, মোহাম্মদ ইউনুস, নাসরীন বেগম, ঢালী আল মামুন, কনকচাঁপা চাকমা, শেখ আফজাল হোসেন, দিলারা বেগম প্রমুখ। ১০ দিনব্যাপী প্রদর্শনী আগামী ৩ জানুয়ারি পর্যন্ত চলবে।