ফেডারেশনে চলছে বেগম লায়লা আলম মহিলা রেটিং দাবা। টুর্নামেন্টে খেলছেন নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের ছাত্রী জহুরাতুল জান্নাত (জিসা)। আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদকে হারিয়ে দিয়ে উচ্ছ্বসিত এই তরুণী বললেন দাবা নিয়ে তাঁর স্বপ্নের কথা চার ম্যাচের তিনটিতেই জয়। হারিয়ে দিয়েছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদকেও। এমন ফল কি আশা করেছিলেন?জহুরাতুল জান্নাত (জিসা): খেলা শুরুর আগে খুবই নার্ভাস লাগছিল। ম্যাচের আগে ভাবতেও পারিনি, রানী আন্টির সঙ্গে জিতব। তবে শুরু থেকেই আমার পজিশন ভালো ছিল। মনে হচ্ছিল যে জিতেও যেতে পারি। এর আগে কোনো বড় মাপের খেলোয়াড়ের সঙ্গে জিতেছেন?জহুরাতুল: জেতা দূরের কথা, এর আগে কোনো বড় খেলোয়াড়ের সঙ্গে খেলার সুযোগই হয়নি। শুধু একবার মলি আপুর সঙ্গে খেলে হেরে গিয়েছিলাম। এরপরই রানী হামিদ আন্টির সঙ্গে খেললাম। আমি বড় কোনো খেলোয়াড়ের সঙ্গে খেলার সুযোগের অপেক্ষায় থাকি। কিন্তু সে রকম সুযোগই যে পাই না। সুযোগ হয় না কেন?জহুরাতুল: ফেডারেশনে এমন রেটিং টুর্নামেন্ট প্রায়ই হয়। কিন্তু সাধারণত দেখা যায়, একটু বেশি রেটিংধারী খেলোয়াড়েরা এসব টুর্নামেন্টে খেলতে আগ্রহ দেখান না। তা ছাড়া আমি জাতীয় মহিলা দাবার বাছাই পেরিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত পর্বে খেলতে পারিনি। প্রতিবছরই দেখা যায় আধ বা এক পয়েন্টের জন্য বাদ পড়ছি। আপনি নাকি খুব ভালো ব্যাডমিন্টন খেলতেন। কিন্তু দাবায় আসার পেছনে কী অনুপ্রেরণা কাজ করেছে?জহুরাতুল: স্কুলে আমি ব্যাডমিন্টন খেলতাম নিয়মিত। কিন্তু আমার পাশের বাড়ির শিরিন আপু (জাতীয় দাবাড়ু শারমিন সুলতানা) দাবা খেলতেন। প্রায়ই আমি আপুর দাবা খেলা দেখতাম। স্কুল থেকে ফেরার পথেও দেখতাম রাস্তার পাশের দোকানে বসে অনেকেই দাবা খেলছে। ওদের খেলা দেখে আমারও দাবা খেলতে ইচ্ছা হতো। এরপর একদিন আমার আম্মুকে দাবা খেলার কথা বলি। আম্মু আমাকে নাহার চেস একাডেমির দাবার শিক্ষক রুমি স্যারের কাছে খেলা শিখতে পাঠান। নারায়ণগঞ্জের এই দাবা একাডেমিতে প্রতি মাসেই নিয়মিত টুর্নামেন্ট হয়। আমি নারায়ণগঞ্জের আন্তকলেজ দাবায় চ্যাম্পিয়ন। গত বছর আন্তবিভাগীয় মহিলা দাবায় রানারআপ হয়েছি। আপনাদের চেস একাডেমি সম্পর্কে কিছু বলুন।জহুরাতুল: এটা অন্য রকম একটা দাবা একাডেমি। প্রায় ২০-২২ জন ছাত্র আছে এখানে। আমাদের দাবা একাডেমিতে প্রতি মাসে একটা করে টুর্নামেন্ট হয়। রুমি স্যার আমাদের শিখিয়েছেন কীভাবে ইন্টারনেট থেকে গেম বের করে খেলতে হয়। স্যার আমাদের সব ধরনের ওপেনিংও শিখিয়েছেন। কোন ওপেনিং আপনার বেশি পছন্দের?জহুরাতুল: কালো ঘুঁটি নিলে তো সাদার চালের ওপর ওপেনিংটা নির্ভর করে। তবে সাদা নিলে সাধারণত ই-ফোর গেমটা বেশি খেলি। নারায়ণগঞ্জ থেকে এসে ঢাকায় টুর্নামেন্টে খেলেন। এতে সমস্যা হয় না?জহুরাতুল: হ্যাঁ। যাতায়াতে অনেক সমস্যা। বড় কারণ যানজট। প্রায়ই দেখা যায় টাইম প্রেশারে পড়ে যাই। এ জন্য ওই দিন খেলাটাও ভালো হয় না। ফেডারেশনে এলে গ্র্যান্ডমাস্টারদের সঙ্গে কথাটথা হয়?জহুরাতুল: জিয়াউর রহমানের সঙ্গে (গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান) মাঝেমধ্যে দাবা নিয়ে কথা বলি। কোথাও সমস্যা হলে সেটা নিয়ে আলোচনা করি। উনি আমাকে সব সময়ই সাহায্য করেন। ভবিষ্যতে কত দূর যেতে চান? জহুরাতুল: আমি একজন মহিলা গ্র্যান্ডমাস্টার হতে চাই। এর আগে আমাদের দেশের মেয়েদের মধ্যে প্রথম হতে চাই। জানি, এ জন্য আমাকে আরও অনেক পরিশ্রম করতে হবে।