‘সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষোড়শ শতকের কবি সৈয়দ সুলতানের বহুল উদ্ধৃত পঙিক্ত দুটির প্রাসঙ্গিকতা একটু কমেনি, বিশ্বায়নের প্রবল তোড়ে দীনজনের মাতৃভাষা যখন হারিয়ে যাচ্ছে, আরও বেড়েছে:যারে যেই ভাষে প্রভু করিল সৃজনসেই ভাষ হয় তার অমূল্য রতন।‘অমূল্য-রতন’ অবহেলা করে মাইকেল মধুসূদন দত্ত মাতৃভূমি মাতৃভাষা থেকে অনেক দূরে যখন অবস্থান করছেন, তখনকার যন্ত্রণার স্বীকারোক্তি:পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণপরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরিকাটাইনু বহুদিন সুখ পরিহরি।মধুসূদন ফিরে এসেছেন মাতৃভাষার কাছেই। বাংলা সাহিত্যের ভান্ডারে কিছু অমূল্য কীর্তি রেখেই তিনি প্রায়শ্চিত্ত করেছেন।সপ্তদশ শতকের কবি আবদুল হাকিম যে ভাষায় মাতৃভাষা উপেক্ষাকারীকে গাল দিয়েছেন, একবিংশ শতকেও সেই ভর্ৎসনার তীব্রতা একটুও কমেনি। আবদুল হাকিম তাদের সোজাসাপ্টা বেজন্মাই বলেছেন:যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণীসে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়।মাতা-পিতামহ ক্রমে বঙ্গেত বসতিদেশী ভাষা উপদেশ মনে হিত অতি।বঙ্গবাণী—বাংলা ভাষা হেয় করা আবদুল হাকিম শনাক্ত সেই বিশেষ প্রকৃতির মানুষ সব কালেই ছিল, একালে অনেক বেড়েছে।১১০ বছর আগেকার ভারতী (পৌষ ১৩০৭)-তে প্রকাশিত জনৈক বিদেশি বেশদ্বেষী রচিত ‘বঙ্গে সাহেবিয়ানা’ থেকে উদ্ধৃতি অপ্রাসঙ্গিক হবে না: ‘বিলাতফেরত, ওরফে “ইঙ্গবঙ্গ” বলিতে আজকাল কি বুঝায় তাহা হূদয়ঙ্গম করা সহজ নহে। “ইঙ্গবঙ্গ” নামটাই বেশি উপযোগী বলিয়া বোধ হয়, কারণ এক পক্ষে যেমন বিলাত হইতে ফিরিয়া আসিয়াও দৈবাৎ কেহ কেহ যথেষ্ট বাঙালি থাকেন, অপর পক্ষে কালাপানি পার না হইয়াও কেহ কেহ যথেষ্টর বেশি সাহেব বনেন। তবে অধিকাংশ ইঙ্গবঙ্গই বিলাতফেরত বটে।’কালাপানি পার না হয়েও যারা যথেষ্টরও বেশি সাহেব বনে যান, সমস্যাটা তাদের নিয়েই বেশি—বাঙালি বলে ধরা পড়ার চেয়ে ফিরিঙ্গি বলে পরিচিত হওয়াটা তাদের কাছে বেশি সম্মানের, কবি আবদুল হাকিমের গালটা তাদেরই জন্য।একালে কালাপানি পার হতে তিন মাস, ছয় মাস লাগে না, বাংলাদেশ ও বিলাতের দূরত্ব সাড়ে নয় থেকে দশ ঘণ্টার হাওয়াই ভ্রমণ মাত্র। আমেরিকাও খুব দূরে নয়। বিলাত-আমেরিকার ঘটনা এখন ‘লাইভ’ দেখা যায়। স্পষ্টত বিলাত-আমেরিকাবাসী আর বঙ্গবাসীর স্থানিক দূরত্ব প্রযুক্তির কারণে অনেকটাই ঘুচে গেছে। কাজেই পাশ্চাত্যের প্রভাবে ইঙ্গবঙ্গ জনসংখ্যা বেড়ে যাওয়ারই কথা। ফলে বঙ্গবাণীর উপেক্ষাও বেড়েই চলেছে। এই উপেক্ষা কেবল ব্যক্তি পর্যায়ে নয়, প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্রীয় পর্যায়েও।দিন যতই যাচ্ছে, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সূচকে বাংলাদেশের এগিয়ে যাওয়াকে করতালি দিয়ে স্বাগত জানানো হচ্ছে। মাথাপিছু আয় বাড়ছে, সাক্ষরতার হার বাড়ছে, মানুষের আয়ুষ্কাল বাড়ছে, এমনকি একদা যা অজপাড়াগাঁ ছিল, সেখানেও বিদ্যুৎসাশ্রয়ী বাল্ব জ্বলছে, এমনকি বহুজাতিক কোম্পানির কোমল পানীয় বেচাকেনা হচ্ছে, গ্রাম ও শহরের ব্যবধান হ্রাস পাচ্ছে।কিন্তু বাংলার চর্চা কি বাড়ছে কিংবা চর্চার গুণগত বিকাশ?পড়াশোনায় নামডাক ছড়ানো শিক্ষার্থীরা বাংলায় ভালো, এ কথা কেউ বলছেন না, ইংরেজিতে ভালো কি না, তাই বলছেন। অর্থাৎ শিক্ষিত কতটা, তা মাপার গৃহীত সূচক হচ্ছে ইংরেজিজ্ঞান।ইংরেজিতে বাংলাদেশ যদি এতই এগিয়ে থাকে, তাহলে কোথায় আমাদের অরুন্ধতী রায় কিংবা অমিতাভ ঘোষের মতো ইংরেজি গ্রন্থপ্রণেতা? সার্বিকভাবে ইংরেজির অবস্থাও কিন্তু ভালো নয়।সরকারি কর্মকর্তাদের বার্ষিক গোপনীয় প্রতিবেদনে ‘বাংলা ভাষা ব্যবহারে দক্ষতা’র জন্য পাঁচ নম্বর বরাদ্দ আছে। আশার কথা, তাতে সবাই পাঁচে পাঁচ পেয়ে থাকেন। কিন্তু মূল্যায়ন যে আদৌ যথার্থ নয়, হলে বাংলা ভাষার মানচিত্র আরও প্রোজ্জ্বল হয়ে উঠত।বাংলা ভাষার দক্ষ ব্যবহার যদি বাংলাদেশের উন্নয়নের একটি সূচক হতো, সম্ভবত আমাদের লজ্জিতই হতে হতো। আমাদের এ প্রজন্মের দো-আঁশলা বাংলা নিশ্চয়ই আবদুল হাকিমকে দিয়ে আবারও বলাতো, ‘কাহার জন্ম নির্ণয় ন জানি।’