দুই দিনের শুভেচ্ছা সফরে ঢাকা এসেছেন পরশু রাতে। কাল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দেখার ফাঁকে ঘুরে দেখলেন স্টেডিয়াম ও একাডেমির সুযোগ-সুবিধা। পরে সংবাদ সম্মেলনে বেশ কিছু আলোচিত সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বললেন আইসিসির প্রেসিডেন্ট নিউজিল্যান্ডের নাগরিক অ্যালান আইজ্যাক বাংলাদেশ যদি সত্যি পাকিস্তান সফরে যায়, আইসিসির সহায়তা কতটুকু থাকবে?অ্যালান আইজ্যাক: সিরিজটা হলে সেটা হবে দ্বিপক্ষীয় ব্যাপার। আইসিসির দায়িত্ব হলো ম্যাচ অফিশিয়ালদের পাঠানো এবং তাঁদের ভালো-মন্দ দেখভালের দায়িত্বটাও আইসিসির। যত দ্রুত সম্ভব পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে দেখতে উদগ্রীব আমরা। আমি যত দূর জানি, ডেভিড রিচার্ডসন (আইসিসির প্রধান নির্বাহী) বিসিবি ও পিসিবি কর্মকর্তাদের সঙ্গে কাজ করছেন এবং পাকিস্তানে ক্রিকেট ফিরিয়ে আনতে সম্ভব সবকিছু করে যাচ্ছেন। সিরিজটা হলে আইসিসি কি ম্যাচ অফিশিয়ালদের পাঠাবে?আইজ্যাক: নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে। ম্যাচ অফিশিয়ালরা যদি যেতে না চায়, সে ক্ষেত্রেও বিকল্প ভাবনা আছে আমাদের। পাকিস্তানের অফিশিয়ালদেরই ম্যাচ পরিচালনার অনুমতি দেব আমরা। পাকিস্তানে ক্রিকেট ফেরানোর জন্য এই বিশেষ ব্যবস্থার ব্যাপারটা আগেই আলোচনা করে ঠিক করেছিলাম আমরা। আইসিসি প্রধানের দায়িত্বটা কি উপভোগ করছেন?আইজ্যাক: আমি যখন আইসিসির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছিলাম, তখন প্রেসিডেন্টের দায়িত্বটা ছিল দ্বিমুখী—আলংকারিক ও প্রশাসনিক। সম্প্রতি সেটা বদলে গেছে, এখন প্রেসিডেন্টের পাশাপাশি একজন চেয়ারম্যানও থাকবেন। দায়িত্বটাও ভাগাভাগি হয়ে যাবে। বর্তমান ব্যবস্থায় আমার ও কামাল (আইসিসির ভাইস প্রেসিডেন্ট আ হ ম মুস্তফা কামাল) কারোরই ভোট নেই। আমাদের নেতৃস্থানীয় ভূমিকা আছে, দায়িত্ব আছে। কিন্তু প্রথাগতভাবেই কোনো ভোট নেই। সত্যি বলতে, আমাদের ভোট ছাড়াই আইসিসির অনেক সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। এভাবেই চলে আসছে এবং আমার ধারণা, ভালোই চলছে। বাংলাদেশের টেস্ট মর্যাদা নিয়ে প্রশ্ন ওঠে প্রায়ই, আইসিসি এটাকে কীভাবে দেখে? টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা আছে কি?আইজ্যাক: আমি যত দূর জানি, টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। আয়ারল্যান্ড টেস্ট মর্যাদা পাওয়ার ব্যাপারটা বেশ কিছুদিন ধরে প্রকাশ্যে বলে আসছে। কিন্তু আমাদের এখনো এমন কোনো চিন্তা নেই। বাংলাদেশের প্রসঙ্গে বলি, ২০১৭ সাল থেকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে, সেটা হয়তো তাদের উজ্জ্বলভাবে উপস্থাপনের একটা সুযোগ সৃষ্টি করবে। টেস্ট চ্যাম্পিয়নশিপ সবাইকেই প্রমাণ করার সুযোগ দেবে যে তারা সেরা টেস্ট খেলুড়ে দেশ। এই উপমহাদেশে ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ বলতে গেলে একরকম নিয়মই। আইসিসি এটাকে কীভাবে দেখে?আইজ্যাক: আইসিসির বার্ষিক সভায় আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং এ ব্যাপারগুলো না শোধরালে শাস্তির ব্যবস্থা রেখেছি। সর্বশেষ সভায় আমরা আবার এটা নিয়ে আলোচনা করেছি। বাস্তবতা হলো, আমাদের অবস্থান বেশি কড়া হয়ে গেল কি না, সেটাও ভেবে দেখার প্রয়োজন আছে। এখানে ও আরও অনেক দেশেই ক্রিকেট ও অন্যান্য খেলাকে সরকারের পৃষ্ঠপোষণার ওপর নির্ভর করতে হয়। সিদ্ধান্তগুলো আমরা তাই পুনর্বিবেচনা করছি। এখনই ওসব নিয়ে মন্তব্য করতে চাই না। শুধু বলতে পারি, সবকিছুই এখন পর্যালোচনার পর্যায়ে আছে। টেস্ট ক্রিকেটে উন্নতির জন্য প্রয়োজন বেশি বেশি টেস্ট খেলা, কিন্তু আইসিসির ভবিষ্যৎ সূচিতে বাংলাদেশের খেলা খুবই কম...আইজ্যাক: বোর্ডগুলো চাইলে নিজেদের মধ্যে আলোচনা করে ভবিষ্যৎ সূচির বাইরে টেস্ট খেলতে পারে। এই দায়িত্বে আসার আগে আমি নিউজিল্যান্ড ক্রিকেটের চেয়ারম্যানের দায়িত্বে ছিলাম। আমারও তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অন্যান্য দেশকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে রাজি করানো। বাস্তবতা হলো, এটা সেই পুরোনো সমস্যা, ‘ডিম আগে না মুরগি আগে।’ বেশি বেশি না খেললে পারফরম্যান্স ভালো হবে না। আবার বড় টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে বেশি বেশি খেলতে হলে পারফরম্যান্সটাও ধারাবাহিক হতে হবে। নিয়মিত ভালো খেললে ম্যাচ খেলার সুযোগও বেশি আসবে। বিসিবির বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে এই মাসের শেষে। সামনেই নির্বাচন, প্রেসিডেন্ট পদে নির্বাচন হওয়াটা কতটা জরুরি?আইজ্যাক: আমার মনে হয়, নির্বাচিত প্রেসিডেন্টের চেয়ে বেশি জরুরি হলো সরকারের হস্তক্ষেপ না থাকা। বিসিবির গঠনতন্ত্রে এসব বিষয়ে কী আছে, তা জানতে আইসিসির লোকজন বিসিবির সঙ্গে আলোচনা করছে।