‘সেই দিন আর নাই রে ভাই শুকনা চরোত ফসল ফলাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে—আব্বাসউদ্দীনের সেই বিখ্যাত গানের ধরলা নদী শুকিয়ে নালায় পরিণত হয়েছে। দুই পারে যত দূর চোখ যায়, শুধু বালুচর। কয়েক বছর আগে এসব চরে মানুষ ফসল ফলানোর কথা চিন্তাও করেনি। কিন্তু এখন বালুচরে সবুজে ছেয়ে গেছে। স্থানীয় ও বহিরাগত ব্যবসায়ীরা চরের জমি ভাড়া নিয়ে ফসল ফলিয়ে লাভবান হচ্ছেন।বদলে যাচ্ছে ধরলাপারের মানুষের জীবনযাত্রা। যারা একসময় নদীতে নৌকা চালিয়ে, মাছ ধরে কিংবা দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করত, তারাই এখন ফসল ফলিয়ে মনের সুখে গান গায়, ‘সেই দিন আর নাই রে ভাই, হামরা এ্যালা ধরলা নদীর শুকনা চরোত ফসলও ফলাই।’নদীর কাহিনী: সংশ্লিষ্ট বিভাগের মতে, ধরলা ভারত থেকে প্রবাহিত হয়ে কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার জয়কুমার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। কুড়িগ্রামের ওপর দিয়ে ৩৫ কিলোমিটার প্রবাহিত হয়ে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়।বর্ষায় ধরলা রুদ্রমূর্তি ধারণ করলে ব্যাপক ভাঙনে প্রতিবছর হাজার হাজার মানুষ নিঃস্ব হয়। শুকনো মৌসুমে পানি শুকিয়ে অসংখ্য চর পড়ে। চরগুলোয় তেমন আবাদ হতো না। পানি উন্নয়ন বিভাগের মতে, বর্তমানে ধরলা নদীর দুই তীরে ৫০টি চর রয়েছে।চরের মানুষের জীবন: ধরলাপারের পাঁচগাছি ইউনিয়নের কাঁচিচর গ্রামের সোবহান আলী ও মাঝের চরের এরশাদ একসময় মাছ ধরতেন। এখন নদী শুকিয়ে গেছে। মাছ নেই। বাধ্য হয়ে পেশা বদলে হয়েছেন দিনমজুর। কলাবাগানে কাজ করে ছকমল, জালাল আর কাশেম। একসময় তাঁরা ধরলা নদীতে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু নদীতে পানি না থাকায় পেশা বদল করে হয়েছেন কৃষিশ্রমিক।এভাবেই প্রতিদিন ধরলার বুকে চবরাইবাড়ী, ডাকবাংলার চর, শুষ্ক বাজার, উত্তর নওয়াবশ এলাকা থেকে কয়েক শ দিনমজুর আলু, পটল ও কলার খেতে কাজ করতে আসেন। নদীভাঙন তাঁদের জীবনযাত্রাকে বিপর্যস্ত করলেও ধরলাকে ঘিরেই আবার গড়ে তুলেছেন সংসার।যেভাবে আবাদ শুরু হলো: এক দশক আগে কুড়িগ্রাম শহরের আলু ব্যবসায়ী করিম মিয়া ধরলার চরে পাঁচ একর জমি ভাড়া নিয়ে আলুচাষ শুরু করেন। প্রথমবার আবাদ ভালো না হলেও থেমে থাকেননি তিনি। পরিশ্রম করে একসময় লাভের মুখ দেখেন।তাঁর লাভজনক আবাদ দেখে ধরলার বিভিন্ন চরে বাণিজ্যিকভাবে আলুচাষ শুরু হয়। সময় বদলের সঙ্গে বর্তমানে আলুচাষের পাশাপাশি ধান, ভুট্টা, কলা, পটল ও বেগুনের চাষ শুরু হয়েছে। শহরের ব্যবসায়ীরা লাভের আশায় জমি ভাড়া নিয়ে আবাদ করছেন। চরে স্থানীয় লোকজনও চাষ করছে। এখন চরের যেদিকে চোখ যায়, শুধু সবুজের সমারোহ। শুধু কি তাই, শহরের মানুষ চরে জমি ক্রয় করে বাগান ও গরুর খামার করেছে। উত্পাদিত ফসল চলে যায় ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে।চাষিদের কথা: গত বছর মোগলবাসা ইউনিয়নে ধরলার তীরবর্তী ১৫০ বিঘা জমিতে ভুট্টার চাষ করেন কৃষক আজিজুল হক ও আফতাব আলী। কৃষকেরা জানান, এসব জমিতে আগে কোনো আবাদ হতো না। পরে সাহস করে আজিজুল হক কুড়িগ্রামের এক ব্যবসায়ীর সঙ্গে মিলে ভুট্টার চাষ শুরু করেন। ৩০ জন জমির মালিকের কাছে থেকে বিঘাপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকা করে ভাড়া নিয়ে আবাদ করেন। ভুট্টা ভালো হয়। চরের আশপাশে ৫০০ গবাদিপশু ভুট্টার পাতা খেয়ে পুষ্ট হয়।চাষি আজিজুল হক বলেন, ‘আমরা যখন আবাদ করতে আসি, তখন দেখি গরুগুলো রোগা। দুই মাস ভুট্টার পাতা খেয়ে মোটাতাজা হয়ে যায়।’ গাভির মালিকেরা জানান, যে গাভি দুই কেজি দুধ দিত, ভুটার পাতা খেয়ে তিন কেজি দুধ দেয়। এ ছাড়া ভুটার শুকনো গাছ হাজার হাজার পরিবারের জ্বালানির চাহিদা মেটায়।গত বছর থেকে চর কুড়িগ্রামে আট একর জমিতে ১০ হাজার কলাগাছ লাগিয়েছে কুড়িগ্রামের ব্যবসায়ী আবু বকর সিদ্দিক। তিনি বলেন, ‘জমিগুলো পড়ে ছিল, একজন কৃষকের আবাদ দেখে আমিও সাহস করে কলাগাছ লাগাই। ফলন ভালো হয়েছে। বিক্রি শুরু হয়েছে। কলাবাগানে প্রতিদিন ১২ জন শ্রমিক কাজ করেন। তাঁরা আগে নৌকা চালাতেন।’ পাশেই ছয় একর জমিতে আলুচাষ করেন হোলখানা ইউনিয়নের সেকেন্দার আলী। তিনি বলেন, ‘চরে এমন ভালো আবাদ হয়, আগে জানা ছিল না। ভবিষ্যতে আরও বেশি করে আবাদ করব।’ চর বড়ভিটায় কলার সঙ্গে বাদাম আবাদ করে সাফল্য পেয়েছেন নজির হোসেন। তিনি লালমনিরহাট জেলার এক চরে জমশেদ আলীর বাদামের চাষ দেখে উত্সাহিত হন। কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার টুনটুনি ও যতীন্দ্র মোহনের চরে ১০০ বিঘা জমি নিয়ে ভুট্টার চাষ করেন।কৃষকেরা বলেন, ‘আমরা ব্যাংক ও কৃষি বিভাগের কোনো সহায়তা পাই নি।’ চাষি আবু বকর ও জমশেদ আলী বলেন, এই দুই বিভাগে ঘুরে আমরাও কোনো সহায়তা পাইনি।’ তাঁরা আরও জানান, ব্যাংগুলোতে শতকরা ১৩ ভাগ হারে সুদ দিয়ে লোন নিতে হয়। সুদ কমিয়ে আনলে এবং সহজ শর্তে লোন দিলে ব্যাপক আবাদ করে এই অঞ্চলের অবস্থার পরিবর্তন করা যেত। তবে যে হারে চরে আবাদ শুরু হয়েছে, ভবিষ্যতে এর চিত্র পাল্টে যাবে। প্রতিদিন হাজার হাজার দিনমজুর কাজ করে সংসার চালাচ্ছেন। মঙ্গা তাঁদের কাছ থেকে পালিয়েছে।দিনমজুরদের কথা: দিনমজুর সোবাহান আলী (৬৫), এরশাদ (৩২), মকবুল (৩০) ও মনজিল (২৫) ধরলা নদীপারের মানুষ। তাঁরা বলেন, ‘একসময় আমাদের গৃহস্থালি ছিল। নদীর ভাঙনে নিঃস্ব হয়ে গেছি। বাধ্য হয়ে দিনমজুরি করে সংসার চালায়। কিছু দিন আগেও চরে কোনো কাজ ছিল না। সরকারি সাহায্যে বাঁচতে হতো। কাজ না পেলে না খেয়ে থাকতে হতো। বাধ্য হয়ে কাজের সন্ধানে দেশের বিভিন্ন এলাকায় যেতাম। সে অবস্থা পাল্টেছে। গত কয়েক বছর থেকে চরে আবাদ শুরু হওয়ায় আমাদের আর অন্যখানে যেতে হয় না। সারা বছর কাজ করে খাই। চরে আলু ও কলার আবাদ হওয়ায় সারা বছর কাজ করে খেতে পারি।’ দিনমজুর কাইজুল, তাজুল ও মেহের আলী বলেন, ‘প্রতিদিন আমরা ১০০ থেকে ১২০ টাকা মজুরি পাচ্ছি। চরে আবাদ যে হারে বাড়ছে, আশা করি আমাদের দর আরও বাড়বে।’জমিতে কাজ করছিলেন জাহেলা বেওয়া (৫৬)। তিনি বলেন, ‘স্বামী মারা গেছে কয়েক বছর আগে। চার মেয়েকে নিয়ে অকুল দরিয়ায় পড়ি। অন্যের বাড়িত কাজ করে, মাটি কেটে খাবার জোগাড় করি। মাঝেমধ্যে ১০ থেকে ১৫ দিন কাম থাকে না। হাওলাদ করে চলি। চরত আবাদ হওয়ায় কাম করি দুই মুট ভাত খাবার পাই।’ পাঁচগাছি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী ইয়াসমিন তামাকখেতে কাজ করছিল। স্কুলের ছুটির দিন কাজ করে। প্রতিদিন ৫০ থেকে ৬০ টাকা আয় হয় তার। এই আয়ে তার স্কুলের খরচসহ পরিবারে সাহায্য হয়। ইয়াসমিন জানায়, চরে আলু ও কলার চাষ হওয়ায় অনেক শিশু পড়াশোনার ফাঁকে বাড়তি আয়ের জন্য কাজ করে। এতে সংসারের উপকার হয়।সরকারি পরিকল্পনার অভাব: ধরলার বুকে জেগে ওঠা চরে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন আবাদ শুরু হলেও কৃষি কর্মকর্তাদের কোনো তত্পরতা নেই। তাঁদের কাছে আবাদের নেই কোনো পরিসংখ্যান। তাঁরা কখনোই যান না ওইসব খেতে। সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে অর্থাত্ নিজের চেষ্টায় কয়েকজন ব্যবসায়ী ও কৃষক গড়ে তুলেছেন সবুজের সমারোহ। এসব খেতে ধরলার বুকজুড়ে কলাচাষ করেছেন মো. আবু বকর সিদ্দিক। তিনি বলেন, ‘জমিতে কলার আবাদ করেছি। অথচ কৃষি বিভাগের কোনো কর্মকর্তারা এক দিনের জন্যও খোঁজখবর নিতে আসেননি। চাষ করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয়। কৃষি বিভাগের লোকজনের কাছে গেলে বলেন, অমুক ওষুধ দেন। কিন্তু কোনো কাজ হয় না। বাধ্য হয়ে ওষুধ ব্যবসায়ীরা যা বলেন তাই কিনে প্রয়োগ করি। অনেক সময় ভুল মাত্রায় কীটনাশক প্রয়োগ করায় খেত নষ্ট হয়ে যায়। আবার মাঝেমধ্যে বিভিন্ন ওষুধ কোম্পানির মাঠকর্মীদের কাছে পরামর্শ নিয়ে ওষুধ দিই।’ স্থানীয় কৃষকদের দাবি, কৃষি বিভাগ ও ব্যাংক থেকে সহযোগিতা পেলে মঙ্গা অঞ্চল বলে পরিচিত কুড়িগ্রামের চরে আবাদ করে বদলে দেওয়া যেত এই অঞ্চলের অর্থনৈতিক অবস্থা।এ প্রসঙ্গে উত্তরা ব্যাংকের ম্যানেজার মো. তাজউদ্দিন জানান, আগে কৃষি খাতে ঋণ দেওয়া হতো না। গতবার থেকে দেওয়া হচ্ছে।কুড়িগ্রাম কৃষি ব্যাংকের ম্যানেজার মো. খলিলুর রহমান বলেন, ‘চরের চাষাবাদে আগে লোন দেওয়া হয়নি। এবার পরীক্ষামূলকভাবে একজন কৃষককে দিয়েছি।’কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক দেওয়ান আবদুল মজিদ বলেন, ‘আমাদের কাছে চরের সব আবাদের পরিসংখ্যান নেই। বিক্ষিপ্তভাবে বিভিন্ন ব্যক্তি চাষাবাদ করছে বলে সঠিক তথ্য পাওয়া যায় না। তবে সহযোগিতার জন্য এলে আমরা দিয়ে থাকি। বিশেষ করে আলুর চাষিদের সঙ্গে সব সময় আমাদের যোগাযোগ আছে। তাঁরা যে কোনো সমস্যায় পড়লে ছুটে আসেন। এলাকায় আলুসহ অন্যান্য ফসলের আবাদ বাড়ছে।’