তাঁর ১৬ বছরের ক্যারিয়ারে সবচেয়ে স্মরণীয় দিনটি গেছে কাল। প্রথমবারের মতো দক্ষিণ এশীয় বাস্কেটবলে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। ট্রফি হাতে নিয়ে ক্যামেরাবন্দী হলেন। বাংলাদেশ দলের অধিনায়ক রাশেদুজ্জামান এমন একটা গর্বিত মুহূর্তেরই স্বপ্ন দেখতেন দক্ষিণ এশীয় বাস্কেটবলে এই প্রথম চ্যাম্পিয়ন হলেন। টুর্নামেন্ট শুরুর আগে কি এমনটা ভাবতে পেরেছিলেন? রাশেদুজ্জামান: আমাদের সবার মনেই এমন একটা স্বপ্ন ছিল। যখন আমরা নিশ্চিত হলাম ভারত খেলতে আসছে না, ভেবে নিই এটাই নিজেদের প্রমাণের বড় সুযোগ। শুধু পাকিস্তানকে হারালেই চলবে এবং আমরা সেটা করেও দেখিয়েছি। দুই বছর আগে শেখ কামাল আন্তর্জাতিক বাস্কেটবলেও চ্যাম্পিয়ন হয়েছিলেন। কিন্তু এবার যেন একটু বেশিই উচ্ছ্বসিত আপনারা!রাশেদুজ্জামান: আসলে শেখ কামাল আন্তর্জাতিক বাস্কেটবলে অনেক দেশের জাতীয় দল আসেনি। মালয়েশিয়া সেবার যুবদল পাঠিয়েছিল। ভারতও পাঠিয়েছিল পশ্চিমবঙ্গ দল। কিন্তু এবার নেপাল, পাকিস্তান, মালদ্বীপ ও ভুটানের সেরা দলই এসেছে। এ জন্য এই টুর্নামেন্ট জিতে আমরা একটু বেশিই খুশি। আরেকটা কথা, এর আগে পাকিস্তানকে কখনো হারাতে পারিনি আমরা। আমি নিজেও কখনো পাকিস্তানের সঙ্গে খেলিনি। এই প্রথম ওদের হারালাম। এটা অনেক গর্বের ব্যাপার। আমাদের বাস্কেটবলে এটা ইতিহাস হয়ে থাকবে। বলতে পারেন, আমার জীবনের স্মরণীয় দিন আজ। এখন এ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখাই তো বড় কাজ হবে আপনাদের।রাশেদুজ্জামান: অবশ্যই সাফল্যটা ধরে রাখতে চাইব। এ জন্য ফেডারেশনকে অনেক কাজ করতে হবে। দীর্ঘমেয়াদি ক্যাম্প করতে হবে। ঘন ঘন টুর্নামেন্ট আয়োজন করতে হবে। তা ছাড়া আমাদের লিগটাকে আকর্ষণীয় করতে হবে। তুলে আনতে হবে নতুন নতুন খেলোয়াড়। বর্তমান জাতীয় দলে ঘুরেফিরে রাশেদ, শাওন, মিথুন, তোজাম্মেল নামের চেনা মুখগুলোকেই দেখা যায়। এঁদের সবাই সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী কিংবা বিজিবির খেলোয়াড়। বেসামরিক খেলোয়াড় কেন আসছে না?রাশেদুজ্জামান: বাস্কেটবলে ফুটবল, ক্রিকেট, হকির মতো টাকাপয়সা নেই। স্পনসর কোম্পানিগুলো যদি এগিয়ে আসত তাহলে ভালো হতো। টাকাপয়সা পেলে দেখবেন অনেকেই বাস্কেটবলে আসতে শুরু করবে। ফাইনালে গ্যালারি-ভর্তি দর্শকের সমর্থন কেমন লাগল?রাশেদুজ্জামান: খুবই ভালো লাগল। আগে তো দর্শকই থাকত না। এখন গ্যালারি কিছুটা হলেও ভরে যায়। বাস্কেটবলের জন্য এটা অনেক বড় পাওয়া। আপনি তো নৌবাহিনীতে চাকরি করেন, ওখান থেকে নিশ্চয়ই অনেক প্রণোদনা পান?রাশেদুজ্জাামান: সব সময়ই পাই। যেমন: আমাদের র্যাঙ্ক বাড়ে। প্রমোশন হয় চাকরিতে। এখন আমি সার্জেন্ট পদে আছি। নেভিতে বলে পেটি অফিসার। খেলেই এখানে এসেছি। এ ছাড়া আমাদের জন্য আলাদা প্রাইজমানিও থাকে। ক্রিকেট ছেড়ে বাস্কেটবলে এসে তো খারাপ করলেন না, কী বলেন?রাশেদুজ্জামান: আমি রাজশাহীতে ক্রিকেট খেলতাম। ঢাকায় এসেও প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগে খেলেছি। এরপর ১৯৯৭ সালে ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক স্যার (এ কে সরকার) আমার উচ্চতা দেখে নেভিতে ভর্তি করিয়ে দেন খেলোয়াড় কোটায়। উনি বলেছিলেন, বাস্কেটবল খেললে তুমি অনেক ভালো করবে। এখন মনে হয়, খুব খারাপ করিনি। ক্রিকেটে না থাকায় আমার কোনো আক্ষেপও নেই। বাস্কেটবল আমাকে চাকরি, খ্যাতি, সম্মান—সব দিয়েছে। বাংলাদেশ দল নিয়ে আর কী স্বপ্ন দেখেন?রাশেদুজ্জামান: স্বপ্ন দেখি এবার ভারতকে হারাব। আমরা এখনো ভারতের কাছে যেভাবে হারি খুব লজ্জা লাগে। তবে এখন মনে হয়, ওদের সঙ্গে লড়াই করতে পারব। একসময় তো বাস্কেটবল অনেক জনপ্রিয় ছিল দেশে। আমি চাই, সেই দিনগুলো আবারও ফিরে আসুক।