‘সেই বিচার হলেই প্রকৃত বিচার পাব’: লিমন
‘আমার মা হেনোয়ারা বেগম র্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে যে মামলা করেছেন, সেই অভিযোগ সত্য। সেই মামলার বিচার হলেই আমি প্রকৃত বিচার পাব বলে মনে করি।’আজ সরকারের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত জানার পরে লিমন হোসেন প্রথম আলো ডটকমের কাছে তার এ প্রতিক্রিয়া জানায়। টেলিফোনে দেওয়া লিমনের ভাষ্য, এই দুটি মামলার অভিযোগ মিথ্যা। মিথ্যা দুটি মামলা সরকার প্রত্যাহার করে নিয়েছে। কারণ, তারা বুঝতে পেরেছে যে তারা ভুল করেছে।১৩ জুন ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লিমনের বাঁ কানে অস্ত্রোপচার হয়। বর্তমানে সে রাজধানীর ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। সরকার মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার পর মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান লিমনকে ফোন করে সে খবর জানান।র্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে লিমনের মায়ের করা মামলা পুলিশ নেয়নি। পরে আদালতের নির্দেশে পুলিশ মামলাটি নেয়। পরে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দিয়ে শেষ করে দিয়েছে পুলিশ। এই চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করলে সেটাও খারিজ করে দেন ঝালকাঠির ম্যাজিস্ট্রেট আদালত। অবশ্য ম্যাজিস্ট্রেট আদালতের এ আদেশের বিরুদ্ধে জজ আদালতে রিভিশন দায়ের করেছেন হেনোয়ারা বেগম, যা এখনো চলছে।