‘সেতুবন্ধ’ জোরালো করতে আজ শুরু সার্ক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর খানেক আগেও হিথাধু স্টেডিয়ামের কাছের এ এলাকাটি ছিল পতিত এক জলা। সন্ধ্যা তো দূরের কথা, সকাল বা মধ্য দুপুরেও এখানে পা মাড়াত না স্থানীয় লোকজন। এহেন স্থানেই অদ্ভুত এক আলো নিয়ে মাথা তুলে দাঁড়িয়েছে ইকুইটোরিয়াল কনভেনশন সেন্টার। স্থাপনাটি দেখতে গত মঙ্গলবার সন্ধ্যারাতে সপরিবারে ভিড় জমাতে দেখা যায় স্থানীয় লোকজনকে।সদস্যদের ‘সেতুবন্ধ’ জোরালো করার অঙ্গীকার নিয়ে আদ্দু দ্বীপপুঞ্জের রাজধানী হিথাধুর কনভেনশন সেন্টারেই আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে ১৭তম সার্ক শীর্ষ সম্মেলন। এবারের দুই দিনের শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য ‘সেতুবন্ধ’। এ অঞ্চলের জনগণের জীবনযাত্রা পাল্টে দিতে দক্ষিণ এশিয়ার নেতারা দেশগুলোর বন্ধন জোরদার করে আগামী দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করবেন। সম্মেলনে যেসব বিষয় বিশেষ গুরুত্ব পাবে তার মধ্যে রয়েছে—সদস্য দেশগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিসহ দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতারা ইতিমধ্যে পৌঁছেছেন আদ্দু সিটিতে। গতকাল বুধবার বিদেশি নেতাদের বরণ করেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। গ্যান আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে এ অঞ্চলের শীর্ষ নেতারা গেছেন ভিলিনগিলি দ্বীপের সাংরিলা রিসোর্টে। ১১ নভেম্বর পর্যন্ত তাঁদের সেখানে থাকার কথা রয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র-সচিব মোহাম্মদ মিজারুল কায়েস গতকাল প্রথম আলোকে বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, খাদ্য নিরাপত্তা, যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়গুলো শীর্ষ সম্মেলনে বিশেষ গুরুত্ব পাবে। বিশেষ করে এ মাসের শেষে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠেয় জলবায়ু শীর্ষ সম্মেলনে একটি অভিন্ন অবস্থান নেবে সার্ক। এ বিষয়ে একটি খসড়া তৈরি করা হয়েছে গত সোম ও মঙ্গলবার অনুষ্ঠিত সার্ক পররাষ্ট্রসচিবদের বৈঠকে। শীর্ষ সম্মেলন শেষে এ ব্যাপারে দক্ষিণ এশিয়ার নেতারা একটি ঘোষণা দেবেন।’এদিকে গত মঙ্গলবার বিকেলে সার্ক পররাষ্ট্রসচিবদের বৈঠক শেষে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব মোহাম্মদ নাসের সাংবাদিকদের বলেন, ‘শীর্ষ সম্মেলনে চারটি চুক্তি সই হবে। এগুলো হচ্ছে—বীজ ভান্ডার গঠন, প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সাড়া বিষয়ে দুটি এবং পণ্যের মানের সমতার বিষয়ে পারস্পরিক সনদ ও মান নিশ্চিতকরণ বিষয়ে দুটি চুক্তি।’মোহাম্মদ নাসেরের মতে, পণ্যের মান নিয়ন্ত্রণবিষয়ক দুটি চুক্তি সই হলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়বে। শীর্ষ সম্মেলনের কার্যসূচি: সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশন আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা আড়াইটায় শুরু হবে ইকুইটোরিয়াল কনভেনশন সেন্টারে। শীর্ষ নেতাদের বক্তৃতায়ই শেষ হবে উদ্বোধনী অধিবেশন। রাতে আদ্দু সিটির হুলহু মিধুতে নৈশভোজে যোগ দেবেন দক্ষিণ এশিয়ার নেতারা। আগামীকাল সকালে ভিলা লালুতে অবকাশে মিলিত হবেন তাঁরা। বিকেলে আদ্দু ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে দুই দিনের এ আয়োজন।আদ্দুর স্বপ্নযাত্রা: ভারত মহাসাগরের চোখজুড়ানো নীল জলের মাঝে বুক চিতিয়ে জেগে আছে এ দ্বীপ। সার্ক শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে উৎসবের নগরে সেজেছে আদ্দু। রাস্তার দুই পাশে উড়ছে আট দেশের পতাকা, রং লেগেছে রাস্তার দুই পাশের বিভিন্ন ভবন ও বাড়িঘরে। রয়েছে আলোকসজ্জা। মোড়ে মোড়ে রাখা হয়েছে অতিথিদের স্বাগত জানিয়ে তৈরি করা ইলেকট্রনিক প্ল্যাকার্ড। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আলোতে ঝলমলিয়ে উঠছে আদ্দু।গত দুই দিন গ্যান বিমানবন্দর থেকে ফেইদু হয়ে হিথাধু কিংবা ভিলিনগিলি সব জায়গাতেই চোখে পড়েছে উৎসবের আয়োজন। সকাল-বিকেল-সন্ধ্যা সব সময় ইকুইটোরিয়াল কনভেনশন সেন্টারের বাইরে ছিল উৎসুক মানুষের জটলা। অবাক বিস্ময়ে তাঁরা দেখছেন সার্ক শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে তাঁদের প্রিয় দ্বীপের বদলে যাওয়া।স্ত্রী ও ছেলে সুহাইলকে নিয়ে এসেছিলেন আহমেদ জাবিদ। তিনি বলেন, ‘সব সময় অবহেলিত ছিল আদ্দু। অনেক সম্ভাবনার পরও অন্ধকারে ছিলাম আমরা। ব্রিটিশদের রেখে যাওয়া বিমানবন্দর, ডাইভিং পয়েন্ট এসব থাকার পরও এখানে পর্যটন বিকশিত হয়নি। কিন্তু এখন মনে হচ্ছে, আমাদের ভাগ্য পাল্টাতে শুরু করেছে।’গত মঙ্গলবার সন্ধ্যার দিকে রাস্তা ঝাড়ু দিচ্ছিলেন মাঝবয়সী জিহুনাত। কী করছেন জানতে চাইলে জবাব এল, ‘জাতীয় দায়িত্ব পালন করছি। কারণ আমাদের এ পরিবর্তনে আমারও তো কিছু করা উচিত।’জিহুনাতের মাথার ওপর বিলবোর্ডটিতে লেখা, ‘প্রেসিডেন্ট নাশিদ, স্বপ্ন দেখার সাহস দেখানোয় আপনাকে ধন্যবাদ।’ স্বেচ্ছাসেবক তাসমিনা বললেন, ‘সত্যি, আমাদের জন্য এক পরম পাওয়া। দুই বছর আগেও কেউ ভাবিনি এখানে সার্ক হবে। আদ্দুর নাম এখন ছড়িয়ে পড়বে। কেউ ভুলতে পারবে না আদ্দুর সৌন্দর্য।’প্রস্তুতি সম্পর্কে আদ্দু সিটি কাউন্সিলের মেয়র আবদুল্লাহ সাদিক বলেন, ‘সার্ক উপলক্ষে এ শহরে প্রায় পাঁচ হাজার অতিথি আসছেন। অতিথির আবাসন নিয়ে শুরুতে চিন্তিত ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। শহরবাসীর অনেকেই অতিথিদের থাকার সুযোগ করে দিতে বাড়িঘর খালি করে অন্য দ্বীপে গেছেন।’মেয়র সাদিক জানান, রাষ্ট্র ও সরকারপ্রধান, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের থাকার জন্য বিভিন্ন দ্বীপে ব্যবস্থা করা হয়েছে। আয়োজনের খুঁটিনাটি: তৃতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের এ সম্মেলনের আয়োজন করেছে মালদ্বীপ। এর আগে দুবার রাজধানী মালেতে হলেও এবারই প্রথমবারের মতো সার্ক শীর্ষ সম্মেলনের আসর বসেছে দেশটির একেবারে দক্ষিণের দ্বীপ আদ্দুতে। তাই অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তার হাত বাড়িয়েছে সার্ক সদস্য ও পর্যবেক্ষকেরা। এদের মধ্যে ভারত সরকার দিয়েছে ৫০ লাখ ডলার, পাকিস্তান সরকার চার লাখ ছয় হাজার ৮৯০ ডলার, শ্রীলঙ্কা আদ্দু নগরে ছয় কিলোমিটার সড়ক নির্মাণে সহযোগিতা ও কিছু যানবাহন দিয়েছে আর বাংলাদেশ দিয়েছে সাতটি ট্রাক।সার্কের অন্যতম পর্যবেক্ষক চীন এক কোটি ২০ লাখ ইউয়ান মূল্যমানের গাড়ি, অফিস ও রান্নাঘরের সামগ্রী এবং সিসিটিভি দিয়েছে। সার্ক শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে আদ্দু দ্বীপপুঞ্জের আকাশ, স্থল আর জলজুড়ে সমন্বিত নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছেন প্রায় চার হাজার নিরাপত্তাকর্মী। নিশ্ছিদ্র নিরাপত্তার পুরোভাগে আছে মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ)। গ্যান বিমানবন্দর থেকে হিথাধুর কনভেনশন সেন্টার পর্যন্ত লিংক রোডজুড়ে পাহারা দিচ্ছে পুলিশ। সেই সঙ্গে নিয়মিত টহল দিচ্ছেন এমএনডিএফের সদস্যরা। নিরাপত্তাবলয় গড়ে তোলার অংশ হিসেবে ৭ নভেম্বর থেকে আকাশজুড়ে ঘুরপাক খাচ্ছে হেলিকপ্টার। আর সাগর ও এর তলদেশ চষে বেড়াচ্ছেন কোস্ট গার্ড এবং এমএনডিএফের সদস্যরা। সার্বিক নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে এমএনডিএফের দক্ষিণাঞ্চলের কমান্ডার ক্যাপ্টেন আহমেদ মুজতবা মোহাম্মেদ সাংবাদিকদের জানিয়েছেন, সার্বিক নিরাপত্তায় সহযোগিতা দিচ্ছে ভারত। ৩০টি নৌযান, দুটি হেলিকপ্টার ও একটি ডোনিয়ার বিমান মোতায়েন করা হয়েছে। এর মধ্যে হেলিকপ্টার দুটি দিয়েছে ভারত। যাঁরা বক্তৃতা করবেন: দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতারা ছাড়াও শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করবেন পর্যবেক্ষকদের প্রতিনিধিদলের নেতারা। চীনের উপপররাষ্ট্রমন্ত্রী ঝ্যাং জিজুন, জাপানের উপপররাষ্ট্রমন্ত্রী জোয়ে নাকানো, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কিম জায়ে-শিন এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও’ ব্লেক ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, ইরান ও মিয়ানমারের প্রতিনিধি বক্তব্য দেবেন। তবে পর্যবেক্ষকদের প্রতিনিধিরা মঞ্চে না গিয়ে তাঁদের আসনে থেকেই বক্তৃতা করবেন। পরবর্তী শীর্ষ সম্মেলন নেপালে: সার্ক সচিবালয়ের এক কর্মকর্তা গতকাল এ প্রতিবেদককে বলেন, ২০১৩ সালের প্রথমার্ধে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কাঠমান্ডুতে। ইতিমধ্যে এ বিষয়টি চূড়ান্ত হয়েছে।