‘সেনা হস্তক্ষেপে কখনোই মানবিক সংকট দূর হয় না’
পাকিস্তানে সেনা অভ্যুত্থানের গুজব ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান সাফ জানিয়ে দিয়েছেন, এ ধরনের অভ্যুত্থানে তাঁর দল সমর্থন দেবে না। কারণ, সেনা হস্তক্ষেপ কখনোই কোনো মানবিক সংকট দূর করতে পারে না। পাকিস্তানের জিও নিউজ ও টাইমস নাউয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।লাহোরে জিও নিউজকে ইমরান খান বলেন, অগণতান্ত্রিক কোনো পন্থা সহ্য করা হবে না। টাইমস নাউকে দেওয়া অপর সাক্ষত্কারে তিনি বলেন, ‘সেনা হস্তক্ষেপ কেবল রক্ত ঝরায়। আমি এর বিরোধী। এ ধরনের অভ্যুত্থান কখনোই কোনো মানবিক সংকটের সমাধান দিতে পারে না।’ইমরান বলেন, ‘আধুনিক অস্ত্রে সজ্জিত মার্কিন সেনাবাহিনীর আফগানিস্তান অভিযানের সাফল্য নিয়ে সন্দেহ আছে। ইরাক বিষয়েও তারা কোনো দীর্ঘমেয়াদি সমাধান দিতে পারেনি। এসব যুদ্ধে নিহতের সংখ্যার দিকে তাকান, কোটি কোটি ডলার ব্যয়ের দিকে খেয়াল করুন, মানুষের দুর্দশার কথা ভাবুন, অর্থনীতির ব্যাপক ক্ষতি দেখুন।’ ইমরান খান বলেন, তিনি সেনা হস্তক্ষেপের ঘোরবিরোধী। তিনি বলেন, ‘আপনারা জানেন আমি রাজনীতিবিদ। আমি পরিপূর্ণভাবে যেকোনো সামরিক সমাধানের বিরোধী। আমি সব সময় বিশ্বাস করি, সেনা সমাধানের ফলাফল হিতে বিপরীত হয়।’ যুক্তরাষ্ট্রকে পাঠানো ‘গোপন চিঠি’ কেলেঙ্কারি নিয়ে সরকার ও সেনাবাহিনীর মধ্যে বেশকিছু দিন ধরেই টানাপোড়েন চলছে। জলন্ত আগুনে ঘি হয়ে দেখা দেয় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি কর্তৃক প্রতিরক্ষা সচিব লে. জেনারেল নাইম খালেদ লোদির বরখাস্তের আদেশ। এ ছাড়া ওই চিঠির ঘটনা তদন্তে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি ও সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান লে. জেনারেল আহমদ সুজা পাশা। এমন পদক্ষেপ নিয়ে তাঁরা সংবিধান লঙ্ঘন করেছেন বলে গত সোমবার মন্তব্য করেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। এর পাল্টা জবাবে সেনাবাহিনী গত বুধবার জানায়, প্রধানমন্ত্রীর মন্তব্য দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। দেশে যখন এমন অবস্থা তখন গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিদেশযাত্রা এবং সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক নতুন মাত্রা যোগ করে। তবে আজ শুক্রবারই তিনি দেশে ফিরে এসেছেন।