‘সেবাশ্রমে’ ডানাকাটা পরিযায়ী পাখি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিকটবিপন্ন কালো মাথা কাস্তেচরা পাখিরা শীত শেষে এত দিনে আমাদের ভূখণ্ড ত্যাগ করেছে। তবে একটি পাখি এখনো রয়ে গেছে! লোহার খাঁচায় বন্দী সে! এর সঙ্গে আরও আছে একটি গেওয়লা বাটান। পরিযায়ী এই পাখিরা এখন পরবাসে আছে। এরা বন্দী আছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের সিতেশ চন্দ্র দেবের চিড়িয়াখানায়। তবে এলাকায় সিতেশ বাবু শিকারি হিসেবেও পরিচিত।সিতেশ বাবু তাঁর চিড়িয়াখানাকে বলেন বন্য প্রাণীর সেবাশ্রম। সেই সেবাশ্রমে গিয়ে দেখা যায়, একটি পুকুরে ভাসছে অর্ধশত জলচর হাঁস। ১২ প্রজাতির জলচর পাখির মধ্যে মাত্র দুই প্রজাতি আমাদের স্থায়ী। আর ১০ প্রজাতি পরিযায়ী। সেবাশ্রমের এই পাখিগুলি ওড়ে না। পাড় থেকে হাঁকডাক হলো অনেক। উড়বে কী করে? এরা যাতে উড়ে যেতে না পারে, তার জন্য সবগুলির ডানা কেটে দেওয়া হয়েছে। এরা এখন মূলত বন্দী। প্রচলিত বন্য প্রাণী আইনে কোনো ব্যক্তিগত চিড়িয়াখানা তৈরি এবং বিশেষ করে, বিরল ও বিপন্ন বন্য প্রাণী ও পরিযায়ী পাখিদের বন্দী রাখা বা ডানা কেটে পালন করা অপরাধ। কৌতূহলী হয়ে পুকুরের চার পাড় ঘুরে দেখলাম। একটি পরিযায়ী হাঁসের মরদেহ ভাসছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই একজন সে মরা হাঁসটি পুকুর থেকে তুলে ফেললেন। ছবি তুলতে চাইলে তাঁরা বারণ করলেন। এই সেবাশ্রমের পুকুরের বাকি হাঁসগুলিও হয়তো শিগগির মারা যাবে। কারণ পরিবেশটা ওদের বসবাসের উপযোগী নয়। ছোট্ট এ পুকুরে এসব পাখির কোনো প্রাকৃতিক খাবারও নেই। প্রকৃতিকভাবে হাজার বছর ধরে চলে আসা নিয়মের বাইরে পাখিগুলির জীবনধারণ করাটাও অস্বাভাবিক। সিতেশ বাবুর পুকুরে যেসব পরিযায়ী পাখি দেখা গেছে, তার মধ্যে চখা-চখী নয়টি, রাজসরালি ১০টি, উত্তরে লেঞ্জা হাঁস পাঁচটি, উত্তরে খুন্তে হাঁস তিনটি, পাতি তিলাহাঁস একটি, গিরিয়া হাঁস চারটি, পিয়ং হাঁস দুটি, লাল ঝুঁটি ভুতিহাঁস সাতটি, পাতি ভুতিহাঁস নয়টি, টিকিহাঁস সাতটি, নিকটবিপন্ন মরচে রং ভুতিহাঁস দুটি। আরও ছিল ডানাকাটা দেশি মেটে হাঁস ও ছোট সরালি। পুকুরের এক পাশে বসানো একটি সাইনবোর্ডেও আছে এসব পরিযায়ী পাখির তালিকা। যদিও বেশ কটি পাখির নাম ভুল। কথিত সেই সেবাশ্রমে খাঁচবন্দী যেসব বিপন্ন ও সুলভ পাখি দেখা গেছে, তার মধ্যে ছিল হলদে পা হরিয়াল তিনটি, নিকটবিপন্ন ধলা গলা বাতাই (White-Cheecked Partridge) একটি, নিশিবক দুটি, ছোট বগা দুটি, বেগুনি কালেম ১০টি, হিমালয়ান শকুন দুটি, শামুক খোল একটি, ভুবনচিল দুটি, শঙ্খচিল দুটি, তিলা ঘুঘু ছয়টি, সবুজ ঘুঘু তিনটি, বেগুনি কালেম ১০টি, বনমোরগ চারটি, ধুপনি বক একটি, গো-বগা একটি, পম্পাডুর হরিয়াল একটি, বিপন্ন উদায়ী পাকড়া ধনেশ বা কাউধনেশ চারটি। পাখিগুলির ডানা কাটা কেন—জানতে চাইলে সিতেশ বাবুর ছেলে সঞ্জিব দেব বলেন, সব পাখির ডানা কাটা হয়নি। উড়ছে না কেন—জানতে চাইলে তিনি আর কিছু বললেন না। প্রায় দুই ঘণ্টা সেখানে থেকে দেখা গেল, প্রায় সব পাখির ডানা কাটা। সিতেশ বাবুর আরেক ছেলে সজল দেব জানান, তিন মাস পর পর পাখিগুলোর ডানা কাটা হয়। এক মাস পর পর পাখিগুলিকে ইনজেকশন দেওয়া হয়। তবে অনেক চেষ্টা করেও সিতেশ দেবের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। বন্য প্রাণীগুলোকে রাখা হয়েছে ছোট ছোট খাঁচায়, যা এদের জন্য মোটেই উপযোগী নয়। বর্ণনা শুনে বন্য প্রাণীবিদ আনিসুজ্জামান খান বললেন, অনেক আগেই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার ছিল। পাখিবিশেষজ্ঞ ইনাম আল হক জানান, অনুমোদন ছাড়া বন্য প্রাণী আটকে রাখার অধিকার কারও নেই। সিতেশ বাবুর বন্য প্রাণীর খাবারদাবার, চিকিৎসা সম্পর্কে কোনো ধারণা নেই। কিন্তু গণমাধ্যমের কেউ কেউ না বুঝে সিতেশ বাবুকে বন্য প্রাণীদরদি হিসেবে তুলে ধরেছেন। তিনি আসলে একজন শিকারি।