সর্বশেষ প্রিমিয়ার হকি লিগে ৪টি হ্যাটট্রিকসহ করেছিলেন ২৫ গোল। সেবার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ঊষা ক্রীড়াচক্রের মইনুল ইসলাম (কৌশিক)। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠানরত জাতীয় যুব হকিতে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা বিকেএসপির এই তরুণ। চার ম্যাচে ১৪ গোল করা স্ট্রাইকার স্বপ্ন দেখেন জাতীয় দলে স্থায়ী হবেন প্রতি ম্যাচেই গোল পাচ্ছেন। দলও জিতে চলেছে। এমন পারফরম্যান্সের রহস্য কী?মঈনুল ইসলাম (কৌশিক): একা তো এভাবে এত এত গোল করা সম্ভব নয়। আমার গোলের জন্য কৃতিত্ব আসলে সব সতীর্থেরই। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েও ভারত সফরে নেহরু কাপের দল থেকে বাদ পড়েন। নিশ্চয়ই খারাপ লেগেছিল?মঈনুল: খবরটা শুনে একটু খারাপ তো লেগেছিলই। ভেবেছিলাম আমার পারফরম্যান্স হয়তো খারাপ ছিল, আর তাই নির্বাচকেরা আমাকে বাদ দিয়েছেন। এমনও হতে পারে, ফেডারেশন কর্মকর্তারা মনে করেছিলেন ভারতে গিয়ে অন্যরা আমার চেয়ে ভালো খেলবে, আমার অভিজ্ঞতা কম। এটি আপনাকে কি ভবিষ্যতে ভালো করার জন্য উদ্বুদ্ধ করেনি?মঈনুল: তা বলতে পারেন। আমার কোনো আক্ষেপ নেই। দিনের পর দিন কীভাবে ভালো করব সেটাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আমার কাজ আমি করে যাব। বাকিটা নির্বাচকেরা দেখবেন। ফরিদপুর একসময় হকির উর্বর ভূমি ছিল। অনেক বড় বড় খেলোয়াড় উঠে এসেছে ওখান থেকে। কিন্তু এখন সেভাবে খেলোয়াড় আসছে না কেন?মঈনুল: হকি খেলার জন্য আরও বেশি সুযোগ-সুবিধা আমাদের দরকার। ভালো হকি খেলোয়াড় হতে হলে অবশ্যই ভালো হকি মাঠ লাগবে। সেই মাঠই তো আমাদের নেই। আমাদের খেলতে দেখলে ছোট ভাইয়েরাও উৎসাহিত হবে। খেলতে চাইবে। এ জন্য ওদের পর্যাপ্ত হকিস্টিক, হকি বল দিতে হবে। সরকার এসব বিষয়ে নজর দিলে আবারও ফরিদপুরের হকিতে সুদিন ফিরবে। আপনাদের দলে এমনও অনেকে খেলছেন যাঁরা লেখাপড়া করেন না। আবার খেলাটাও খণ্ডকালীন হিসেবে নিয়েছেন। এসব খেলোয়াড়ের ভবিষ্যৎ কী? মঈনুল: টিমের মধ্যে অনেক রকম খেলোয়াড়ই থাকে। কেউ ভাবে খেলতে হবে তাই খেলছি। আবার খেলা শেষে ব্যবসা বা অন্য কাজে জড়িয়ে পড়ে। হকি খেলে একটা কিছু হবে, এটা জানলেই ওরা হকির কথা ভাববে। তখন খেলার দিকে আরও বেশি মনোযোগ দেবে। আপনি তো বিকেএসপি থেকে সদ্যই উচ্চমাধ্যমিক পাস করেছেন। ভর্তি হওয়ার আগে এখনকার কিশোরদের যেমন ঝোঁক, ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেননি?মঈনুল: না। ছোটবেলা থেকে আমাদের এলাকায় দেখতাম সবাই হকি খেলছে। ইসা-মুসারা আমার দূরসম্পর্কের মামা হন। ওনাদের খেলা দেখতাম। তখন ভাবতাম আমিও একদিন জাতীয় দলে খেলব। বিকেএসপিকে এখন নিশ্চয়ই খুব মিস করেন?মঈনুল: বিকেএসপির বন্ধুবান্ধবদের খুব মিস করি। আমাদের কোচ রাহুল স্যারকেও মিস করছি। আপনার ক্যারিয়ার সবে শুরু। নিজেকে কোথায় দেখতে চান?মঈনুল: বাংলাদেশের সেরা স্ট্রাইকার হতে চাই। আপনার প্রিয় খেলোয়াড় কে?মঈনুল: পাকিস্তানের শাকিল আব্বাস আর অস্ট্রেলিয়া জেমি ডুইয়ারের খেলা ভালো লাগে। টিভিতে ওঁদের খেলা পারতপক্ষে মিস করতে চাই না।