খেলাটা অনেক দিন ধরেই তাঁর কাছে গৌণ। স্বামী-সংসার-সন্তানই অগ্রাধিকার পায়। তবু এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় শ্যুটিংয়ে ফিরেই মেয়েদের থ্রি পজিশনে সোনা জিতলেন অনেক কম স্কোর করেও। সাবরিনা সুলতানার এখনো সোনা জেতা মানে শ্যুটিংয়ে প্রতিদ্বন্দ্বিতা বাড়েনি। তাঁর কথায়ও সেটির সমর্থন আপনি প্রথম জাতীয় শ্যুটিংয়ে অংশ নিয়েছেন ১৯৯২ সালে। ২০ বছর পর এসেও সোনা জিতে নিজেই কি একটু অবাক নন?সাবরিনা সুলতানা: না, এই পর্যায়ে এসেও সোনা জিতে অবাক হইনি। কারণ, ৫০ মিটার থ্রি পজিশনে ভালো স্কোর করার মতো সে রকম শ্যুটার নেই। অসুস্থ (দ্বিতীয়বার মা হচ্ছেন) না হলে আমি নিজের স্কোরটা হয়তো আরেকটু ভালো করতে পারতাম। একটা পজিশনে খারাপ হয়ে গেছে। এই ইভেন্টে আপনার সেরা ৬০০-তে ৫৭৯। অথচ আজ করলেন মাত্র ৫৪৪! তবু সোনা জয় মানে আপনার প্রতিদ্বন্দ্বীই তৈরি হয়নি!সাবরিনা: স্কোর দেখে সেটা বলাই যায়। এই ইভেন্টে আমার ন্যাশনাল রেকর্ডই ৫৬৭। ইভেন্টটা ১৯৯৪ থেকে করছি এবং সম্ভবত দুবার কি তিনবার সোনা পাইনি। গতবার তো খেলতেই পারলাম না। আমারও একসময় লক্ষ্য ছিল শুধু ১০ মিটার করা। কিন্তু অনেকে বলেছে, ‘তুমি ৫০ মিটার করো। ওটাই তোমার মূল ইভেন্ট।’ এবার হয়তো প্রোনও করব। শরীর সাপোর্ট করলে ১০ মিটারও করব। সে অর্থে প্রস্তুতি ছাড়াই সোনা জয়। আপনার কৃতিত্ব নিশ্চয়ই আছে। কিন্তু সামগ্রিকভাবে দেখলে ইঙ্গিতটা ভালো নয়।সাবরিনা: এটা ঠিক, প্রতিদ্বন্দ্বিতা থাকলে আমার পক্ষে সোনা জেতা এই সময়ে কঠিন হতো। আমি খারাপ করলাম, পরে দেখলাম অন্যরাও খারাপ করেছে। তাই সোনা আমিই জিতেছি। আমার চেয়ে ২ পয়েন্ট কম করে দ্বিতীয় হয়েছে সুরাইয়া। ৫০ মিটারে ভালো শ্যুটার উঠে না আসার কারণ কী?সাবরিনা: এখনকার শ্যুটাররা কষ্ট করতে চায় না। বিশেষ করে, থ্রি পজিশনে। তিনটি আইটেম তিনভাবে করতে হয়—দাঁড়িয়ে, বসে, শুয়ে। সময়টা একটু বেশি দিতে হয়, যার জন্য এই কষ্টটা সবাই করতে চায় না। ১০ মিটারকে সবাই প্রাধান্য দেয়। সময় কম, গরমে এসি পাওয়া যায়। ৫০ মিটারে এই গরমের মধ্যে অনুশীলন করাও কষ্টকর। তাই ইভেন্টটা শ্যুটারদের সেভাবে আকৃষ্ট করতে পারে না। গুয়াংজু এশিয়াডে একটা তুচ্ছ ঘটনায় ফেডারেশন আপনাকে এক বছর নিষিদ্ধ করল। গত জাতীয় মিট করতেই পারলেন না। মাঝে কি শ্যুটিং ছেড়ে দিয়েছিলেন?সাবরিনা: অনেকটা ছেড়ে দেওয়ার মতোই। ঘর-সংসারেই সময় দিতে হয়। এবার তো মাত্র চার-পাঁচ দিন অনুশীলন করেছি ন্যাশনালের আগে। কয়েক বছর ধরে রিংকিং জন্য (গুলশান শ্যুটিং রেঞ্জের পাশেই দাঁড়ানো স্বামী সাইফুল আলম রিংকি, সাবেক জাতীয় শ্যুটার) শ্যুটিং করেছি, সে পুশ করেছে। কিন্তু আর করব কি না, নিশ্চিত নই। সময় দিতে না পারলে যেনতেনভাবে করে তো লাভ নেই। বিদায়বেলায় এসে কেমন দেখছেন দেশের শ্যুটিং?সাবরিনা: নতুন ছেলেমেয়েদের ভালোই মনে হচ্ছে। তবে তাদের গাইড দরকার। কিন্তু বেসিকটা ভালোভাবে শিখিয়ে গড়ে তোলার মতো কোচ নেই। শিক্ষক না থাকলে ছাত্র পড়াবে কে? এই জায়গাটায় বড় ঘাটতি আছে। আপনি এর আগে বলেছিলেন, খেলা ছেড়ে কোচ হবেন। সেই পরিকল্পনা কতদূর? সাবরিনা: লক্ষ্যে অবিচলই আছি। ফেডারেশনের ওপর নির্ভর করছে ব্যাপারটা। ফেডারেশন আমাকে কোচ হিসেবে নিয়োগ দিলে কাজ করব।