বাংলাদেশে তাদের সুখস্মৃতি ২০০৯ সালে ত্রিদেশীয় সিরিজ জয়। এবার মহিলা বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে সেটিকে আরও পূর্ণতা দিতে চায় দলটি। কাল মিরপুরের একাডেমি মাঠে দাঁড়িয়ে শ্রীলঙ্কার অধিনায়ক দিলানি মনোদারা বললেন তা-ই বাংলাদেশে এই প্রথম এলেন?দিলানি মনোদারা: না, এই নিয়ে আমি দ্বিতীবার এলাম। প্রথমবার ২০০৯ সালে গ্রামীণফোন ত্রিদেশীয় সিরিজে এসেছিলাম। অন্য দুটি দল ছিল বাংলাদেশ ও পাকিস্তান। আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তাহলে তো বাংলাদেশে আপনাদের দারুণ একটা সুখস্মৃতি আছে...দিলানি: তা বলতে পারেন। এখানে এসে ভালোই লাগে। শ্রীলঙ্কার মতোই আবহাওয়া-পরিবেশ। ১৪ নভেম্বর থেকে বিশ্বকাপ বাছাইপর্বের খেলা শুরু। টুর্নামেন্টটা কীভাবে নিচ্ছেন?দিলানি: এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে কোয়ালিফাই করতে হবে। আশা করি, চ্যাম্পিয়ন হয়েই কোয়ালিফাই করব। সেই সামর্থ্য এবং আত্মবিশ্বাস আমাদের আছে। এই আত্মবিশ্বাসের ভিত্তি কি টিম স্পিরিট?দিলানি: হ্যাঁ, আমরা সবাই এক হয়ে খেলব। এটাই আমাদের এগিয়ে নেবে। সাম্প্রতিক সময়ে আমরা বড় কোনো টুর্নামেন্ট জিতিনি। আগামী বছর সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকিয়ে আছি। শুনলাম, অধিনায়ক হিসেবে এটা আপনার প্রথম সফর?দিলানি: হ্যাঁ, অধিনায়ক হিসেবে এটি আমার প্রথম বিদেশ সফর। সম্প্রতি বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরে আমি প্রথম অধিনায়কত্ব করেছি। আমি ক্যান্ডির মেয়ে। তবে খেলার কারণে থাকা হয় কলম্বোতেই। আপনারা কি শুধুই ক্রিকেটার, নাকি চাকরি-টাকরিও করেন?দিলানি: দু-চারজন বাদে বাকিরা বিমান ও নৌবাহিনীর চাকরিজীবী। আমি আছি বিমানবাহিনীতে। সম্প্রতিক সময়ে আমরা ১৭ জন ক্রিকেটার ক্রিকেট বোর্ডের সঙ্গে বাৎসরিক চুক্তিবদ্ধ হয়েছি। এখানে ১১-১২ জন এসেছে। এখন আমরা ফুলটাইম ক্রিকেটার। সোম থেকে শুক্রবার আমরা ক্রিকেট খেলি পুরোদমে। সম্প্রতি বাংলাদেশ দল শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচ খেলে এসেছে। বাংলাদেশের মেয়েদের কেমন দেখলেন?দিলানি: ২০০৯ সালে আমি বাংলাদেশের মেয়েদের প্রথম দেখি, তার চেয়ে এখন ওরা বেশ ভালো। আমরা বাংলাদেশের বিপক্ষে তিনটি অনুশীলন ম্যাচেই জিতলেও বাংলাদেশ ভালো খেলেছে। অধিনায়ক ভালো প্লেয়ার (সালমা)। আমার বিশ্বাস, তার নেতৃত্বে বাংলাদেশ এই টুর্নামেন্টে ভালো করবে। বাংলাদেশের মেয়েদের কারও সঙ্গে বন্ধুত্ব আছে?দিলানি: সবাইকেই বন্ধু ভাবি। তবে ঘনিষ্ঠতা তেমন নেই। কারণ তারা ইংরেজিতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করে না। তবে টুকটাক কথাবার্তা তো হয়ই। গত বছর এই সময়ে গুয়াংজুতে এশিয়ান গেমস হয়েছিল। শ্রীলঙ্কা মহিলা দল যায়নি কেন?দিলানি: দেশের মাটিতে তখন ইংল্যান্ডের সঙ্গে আমাদের সিরিজ চলছিল। তবে পরবর্তী এশিয়াডে মহিলা ক্রিকেট থাকলে আমরা অংশ নেব। এই বিশ্বকাপ বাছাইয়ে কাদের ফেবারিট ভাবছেন?দিলানি: আমার মতে, শীর্ষ তিন দল শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। এরপর পাকিস্তান। শ্রীলঙ্কা মহিলা ক্রিকেটের ঘরোয়া কাঠামোটা কেমন?দিলানি: প্রায় ২০ বছর ধরে মহিলা ক্রিকেট চলছে শ্রীলঙ্কায়। এখন পরিধি বেড়েছে। অবকাঠামো ভালো হয়েছে। সমস্যা হলো, বাংলাদেশের মতো আমাদের বিপুল জনসংখ্যা নেই। তাই মহিলা ক্রিকেটারের সংখ্যা সীমিত। সারা দেশে আমাদের মাত্র ২২-২৩টি মহিলা দল আছে। সবই ক্লাব। স্কুলপর্যায়ে ৪০টি দল আছে। শ্রীলঙ্কা মানেই মুরালিধরন, জয়াসুরিয়া...আরও অনেক বিখ্যাত ক্রিকেটার। আপনার দলে কোনো ‘মুরালিধরন’ আছে?দিলানি: হ্যাঁ, হ্যাঁ, আছে তো (হাসি)। শশীকলাকে আমরা মুরালিধরন ডাকি। সে দলের অভিজ্ঞ ব্যাটসম্যান ও স্পিনার। দলে ‘চামিন্ডা ভাস’ও আছে—উদয়সিকা। সে আমাদের এক নম্বর পেসার। দলের কোন দিকটা বেশি শক্তিশালী?দিলানি: বোলিং, ফিল্ডিং বেশি শক্তিশালী (হাসি)। আপনার প্রিয় ক্রিকেটার কে?দিলানি: কুমার সাঙ্গাকারা। তার মতো আমিও উইকেটকিপার-ব্যাটসম্যান। মিডল-অর্ডারে ব্যাট করি।