‘সোহাগের বলে বৈচিত্র্য বাড়াতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০২ সালের পর বাংলাদেশ দলে আর কোনো বিশেষজ্ঞ অফ স্পিনার আসেনি। বন্ধ্যাত্বটা ঘোচালেন সোহাগ গাজী। বাংলাদেশে কেন উঠে আসছে না বিশেষজ্ঞ অফ স্পিনার, জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দিলেন সেই ব্যাখ্যা। জাতীয় দলে সর্বশেষ বিশেষজ্ঞ অফ স্পিনার ছিলেন তিনিই সোহাগ গাজীর বোলিং কেমন দেখলেন?নাঈমুর রহমান: যেকোনো নতুন খেলোয়াড়ের জন্যই টেস্ট ক্রিকেটটা কঠিন। সে তুলনায় সোহাগ গাজী ভালো শুরু করেছে। সে যে মানসিকভাবে শক্ত, সেটাই প্রমাণ করেছে অভিষেক টেস্টে। সাকলায়েন মুশতাকের মতো বোলিং কোচের সঙ্গে থাকা এর একটা কারণ। তবে আমার মনে হয়, এখনো কিছু উন্নতির জায়গা আছে। অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলো ঠিক হয়ে যাবে। আপনার পর সোহাগ গাজীই জাতীয় দলে প্রথম বিশেষজ্ঞ অফ স্পিনার। এটাকে কীভাবে দেখেন?নাঈমুর: এটা তো অনেক দিনের একটা অপূর্ণতা ছিল আমাদের দলে। সোহাগ এখন দলে নিজের জায়গাটা ধরে রাখতে পারলেই হয়। সে জন্য তাকে আরও অনেক বৈচিত্র্য আনতে হবে বলে। অফ স্পিনারদের বলে বৈচিত্র্যই বড় শক্তি। বাংলাদেশের ক্রিকেটে অফ স্পিনারের সংকটের কী কারণ মনে হয়?নাঈমুর: কেউ ডানহাতি হবে, কেউ বাঁহাতি হবে এটাই স্বাভাবিক। আর অফ স্পিনারের কথা যদি বলেন, ওরা দলের ভেতরই থাকে। এখন কথা হলো আপনি তাদের কাজে লাগাবেন কি না, কিংবা অফ স্পিনার হিসেবে খেলাবেন কি না। একাদশে ব্যাটসম্যান বাড়াতে গিয়ে আমাদের ক্লাবগুলো অফ স্পিনার খেলাতে চায় না। হয়তো ভাবে ৩-৪ জন বোলার দিয়েই তো কাজ হয়ে যায়। বাড়তি বোলার না নিয়ে ব্যাটসম্যানই নিই। অফ স্পিনারদের তাই একমাত্র কাজ হয়ে পড়ে বেঞ্চ গরম করা। এমনও ক্রিকেটার আছে ঘরোয়া ক্রিকেটে এই প্রবণতার জন্য হতাশ হয়ে খেলাই ছেড়ে দিয়েছে। সমস্যাটা কাটিয়ে ওঠা যায় কীভাবে?নাঈমুর: প্রথম শ্রেণীর ক্রিকেট বাড়াতে হবে। যত বেশি খেলা হবে, বল করার সুযোগ আসবে তত বেশি, অফ স্পিনারদের খেলানোর সম্ভাবনা বাড়বে। এ ছাড়া মানসিকতার পরিবর্তনও জরুরি। সোহাগ গাজীর তো বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও আছে...নাঈমুর: এটা অবশ্যই বাড়তি সুবিধা। অফ স্পিনারদের জন্য, তাদের দলের জন্যও। সোহাগের মতো খেলোয়াড় দরকার আছে দলে। পাশাপাশি, আমরা যদি একজন ভালো লেগ স্পিনারও খুঁজে পাই তাহলে তো আরও ভালো। তবে আমরা প্রতিপক্ষের শক্তির কথা ভেবে দল নির্বাচন করব, নাকি নিজেদের সেরা দলটা করব, সেই সিদ্ধান্তও একটা ব্যাপার। শুরুটা তো খুব ভালো হলো। আন্তর্জাতিক ক্রিকেটে সোহাগের কেমন ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন?নাঈমুর: ওকে সময় দিতে হবে। ব্যর্থ হলেই যেন আমরা ওর মতো নতুনদের ছুড়ে না ফেলি। বরং কীভাবে তার কাছ থেকে সেরা সার্ভিসটা আদায় করে নেওয়া যায়, সেটা খুঁজে বের করতে হবে। ওয়েস্ট ইন্ডিজ ৫২৭ রানে ইনিংস ঘোষণার পর দ্বিতীয় দিনেই ৩ উইকেট পড়ে গেছে বাংলাদেশের। তৃতীয় দিনে কী আশা করছেন?নাঈমুর: কঠিন কাজ, তবে কালও (আজ) যদি সারা দিন ব্যাট করতে পারি তাহলে ভালো কিছু আশা করা যাবে। সেই চেষ্টা করতে হবে। উইকেটে যত বেশি সম্ভব সময় কাটাতে হবে ব্যাটসম্যানদের। তামিম-শাহরিয়ারের ব্যাটিংয়ের ধরন নিয়ে কোনো মন্তব্য? আরেকটু কি ধৈর্য নিয়ে খেলা উচিত ছিল?নাঈমুর: কে কীভাবে ব্যাট করবে সেটা একেকজনের চরিত্রের ওপর নির্ভর করে। তবে ব্যাটসম্যান হিসেবে নিজের চরিত্রের সঙ্গে খেলার মেজাজের সমন্বয় ঘটাতে পারা উচিত। এটা ঠিক, এভাবে খেললে যতক্ষণ রান করবেন সবার হাততালি পাবেন। আমিও দেব। কিন্তু আউট হওয়াটা যদি দলের ক্ষতির কারণ হয়, সেটা মেনে নেওয়া কঠিন। টেস্টে একজন ব্যাটসম্যান ৭০ রান করে ফেলেছে মানে সে চাইলে এক শও করতে পারত।