‘স্কুলছাত্রকে হত্যার পর বালুর ঢিবিতে পুঁতে ফেলি’
‘অভাব-অনটনের কারণে স্কুলছাত্র হিমেলকে অপহরণ করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করি। টাকা না পাওয়ায় শিশুটিকে গলাটিপে হত্যা করে লাশ বালুর ঢিবির ভেতর পুঁতে রাখি।’ এ ঘটনায় নওগাঁ থেকে গ্রেপ্তার হওয়া মারুফ হোসেন ওরফে মানিক ও তাঁর স্ত্রী রুনা আখতার ওরফে বৃষ্টি আজ মঙ্গলবার রংপুর পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।মানিক ও বৃষ্টির স্বীকারোক্তি অনুযায়ী প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর জানান, শহরের খলিফাপাড়া এলাকার আবদুল করিম ও শাম্মী আখতারের একমাত্র ছেলে মেরাজ আহমেদ হিমেলকে (৮) গত শুক্রবার অপহরণ করেন ভাড়াটিয়া মানিক ও তাঁর স্ত্রী বৃষ্টি। এরপর চার লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তাঁরা। কিন্তু টাকা না পেয়ে তাঁরা হিমেলকে খুন করেন। পরে গতকাল বাড়ির পাশে বালুর ঢিবির মধ্যে হিমেলের লাশ পাওয়া যায়। এর পর থেকে মানিক-বৃষ্টি দম্পতি গা ঢাকা দেন।তবে লাশ উদ্ধারের পরপরই ডিবির একটি দল নওগাঁ জেলার বোয়ালিয়া এলাকা থেকে এই দম্পতিকে গ্রেপ্তার করে।আজ সাংবাদিকদের সামনে মানিক ও বৃষ্টি জানান, তাঁরা প্রেম করে বিয়ে করেন। এরপর তাঁদের নামে মামলা হয়। মামলার পর তাঁরা দু-তিন মাস আগে নওগাঁ থেকে পালিয়ে রংপুরে এসে আবদুল করিমের বাড়িতে একটি কক্ষ ভাড়া নেন। মানিক বেকার থাকায় মামলা পরিচালনা ও বাড়িভাড়া দিতে তাঁদের অনেক ঋণ করতে হয়। এর কারণে তাঁরা এ অপহরণের ঘটনা ঘটান।