নাম শোনা যাচ্ছে অনেকেরই। তবে বিসিবির পছন্দের কোচদের তালিকাটা এখন ছোট হয়ে এসেছে বেশ। নতুন কোচ খোঁজার প্রক্রিয়ায় সম্পৃক্ত বিসিবি পরিচালক গাজী আশরাফ হোসেনও দিলেন সে রকম আভাস নতুন কোচ খোঁজার প্রক্রিয়া এখন কোন অবস্থায় আছে?গাজী আশরাফ হোসেন: এটা এখনো প্রক্রিয়াধীন। যাঁরা আগ্রহ প্রকাশ করেছেন বা করবেন, তাঁদের মধ্য থেকে একটা সংক্ষিপ্ত তালিকা করা হবে। সেখান থেকেই আমরা একজনকে বেছে নেব। আশা করি, এ মাসের মধ্যেই সেটা সম্ভব হবে। সংক্ষিপ্ত তালিকা তো বোধ হয় হয়েও গেছে একটা...আশরাফ: ১৫ মে পর্যন্ত একটা ডেটলাইন আছে। তার আগে সংক্ষিপ্ত তালিকা করা কঠিন। তবে সময়ের দাবিতে যেকোনো কিছুই হতে পারে। এ ক্ষেত্রে আগেভাগে কিছু বলা কঠিন। কোচ খুঁজতে গিয়ে কী কী শর্ত বিবেচনায় আনছেন আপনারা?আশরাফ: কে দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশে আসবেন এবং চ্যালেঞ্জটা নেবেন, সেটা দেখতে হবে। এশিয়া কাপে ভালো করার পর আমাদের পারফরম্যান্সটাকে কীভাবে আরও ঊর্ধ্বমুখী করা যায়, এই চ্যালেঞ্জ নিয়ে তিনি আসবেন। ঘন ঘন কোচ বদল হওয়া কখনোই ভালো না। এ ব্যাপারেও পারস্পরিক বোঝাপড়া হওয়া দরকার। কোচের মধ্যে কোন কোন গুণাবলির সমন্বয় চাইছেন?আশরাফ: হেডকোচকে অবশ্যই পরিশ্রমী হতে হবে। আমার মনে হয়, আমাদের দল এখন যে অবস্থায় আছে তাতে একটু ঘষামাজা করে তাদের আরও ভালো অবস্থানে নেওয়া সম্ভব। কোচকে এই জিনিসগুলো খুব দ্রুত বুঝতে হবে। খেলোয়াড়দের অনুপ্রাণিত করা কোচের একটা বড় কাজ। তবে আমি মনে করি, আমাদের খেলোয়াড়দের জন্য দক্ষতা বাড়ানোটাও গুরুত্বপূর্ণ। এই দুটির সমন্বয় হলে সবচেয়ে ভালো হয়। বাংলাদেশ দলের সর্বশেষ তিন কোচই ছিলেন অস্ট্রেলিয়ান। এবার দক্ষিণ আফ্রিকা বা নিউজিল্যান্ড থেকে কেউ আসবেন বলে শোনা যাচ্ছে...আশরাফ: ব্যক্তিগতভাবে আমি মনে করি, দক্ষিণ আফ্রিকান, ইংলিশ এবং অস্ট্রেলিয়ান কোচরাই হয়তো এগিয়ে থাকবেন। তাঁরা যথেষ্ট পরিশ্রমী, দক্ষতাও ভালো। গবেষণাধর্মী তথ্যের দিক দিয়েও এগিয়ে থাকেন। স্টুয়ার্ট ল বেশ ভালো মানিয়ে নিয়েছিলেন বাংলাদেশে। চুক্তির এক বছরের মাথায় তাঁর চলে যাওয়া কতটা দুর্ভাগ্যজনক?আশরাফ: স্টুয়ার্ট ল-র সঙ্গে আমাদের বোঝাপড়া ভালো হচ্ছিল। এশিয়া কাপ থেকে পারফরম্যান্সও ভালো হতে শুরু করল। এই সময়ে তাঁর চলে যাওয়াটা দুর্ভাগ্যজনক তো বটেই। খেলোয়াড়, কর্মকর্তা, নির্বাচক, সাংবাদিক, দর্শক—সবার সঙ্গেই কোচের ভালো একটা সেতুবন্ধন তৈরি হতে হয়। অনেক ভালো কোচও সেটা ঠিকভাবে তৈরি করতে পারেন না। সেদিক দিয়ে স্টুয়ার্ট ল-কে হারানো আসলেই বড় ক্ষতি। দুই বছরের চুক্তি থাকার পরও এক বছর পরই চলে গেলেন ল। মাঝপথে চাকরি ছাড়ার সুযোগ কি আছে চুক্তিতে?আশরাফ: এসব ক্ষেত্রে দুই পক্ষই সব সময় একটু স্বাধীনতা চায় এবং এটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। তা ছাড়া স্টুয়ার্ট ল পারিবারিক যে সমস্যার কারণে চলে গেলেন, সেটাকে গুরুত্ব না দিয়ে তাঁকে জোর করে ধরে রাখলে শুধু তাঁর শরীরটাকেই এখানে ধরে রাখা হতো। সেটা কতটুকু কার্যকর হতো, সন্দেহ আছে। নতুন কোচের চুক্তি প্রাথমিকভাবে কত দিনের হবে?আশরাফ: প্রাথমিকভাবে দুই বছরের ওপরে কেউই চুক্তি করে না। তার পরও চুক্তিটা ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত করা যায় কি না, সে রকম চিন্তাভাবনা আছে। সেজন্য কোচকেও যোগ্যতার প্রমাণ দিতে হবে। এই যোগ্যতা প্রমাণ করতে পারবেন, সে রকম কাউকেই বিসিবি খোঁজার চেষ্টা করছে।