‘স্থানীয় সরকারের ক্ষমতা আইনে আছে, বাস্তবে নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার আইনে ইউনিয়ন পরিষদকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, অনেক দেশের কেন্দ্রীয় সরকারেরও সেই ক্ষমতা নেই। কিন্তু সে আইন বাস্তবায়নের কোনো ক্ষমতাই তাদের নেই। প্রকৃত অর্থে স্থানীয় সরকার স্বাধীনভাবে কাজ করতে পারে না।আজ সোমবার ‘গণতান্ত্রিক স্থানীয় সরকার শক্তিশালীকরণ: বাংলাদেশের স্থানীয় সরকারের ভূমিকা ও কর্তৃত্ব সম্পর্কে একটি অনুসন্ধান’ শীর্ষক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।ইউএসএআইডির সহায়তায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন সমন্বয় ও নগর গবেষণা সংস্থা রাজধানীর একটি অভিজাত হোটেলে ওই সম্মেলনের আয়োজন করে। এতে প্রধানত স্থানীয় সরকার আইনের গবেষণাধর্মী পর্যালোচনা নিয়ে উপস্থাপিত দুটি প্রবন্ধ নিয়ে আলোচনা করা হয়।আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, স্থানীয় সরকার হচ্ছে রাষ্ট্রের স্তম্ভ। স্তম্ভ শক্তিশালী করা না গেলে ইমারতই দাঁড় করানো যাবে না। কিন্তু স্থানীয় সরকার স্বশাসন বা স্বায়ত্তশাসন করতে পারে না। এখানে সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাব আছে বলেও তিনি মন্তব্য করেন।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সরওয়ার জাহান বলেন, স্থানীয় সরকারকে আইনের মাধ্যমে অনেক দায়িত্ব দেওয়া আছে। কিন্তু প্রকৃতপক্ষে স্থানীয় সরকার অত স্বাধীন নয়। তিনি স্থানীয় সরকারকে অর্থনৈতিক, কারিগরিসহ সব দিক থেকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।সাংসদ আ ক ম মোজাম্মেল বলেন, স্থানীয় সরকারকে আইনে অনেক ক্ষমতা দেওয়া হলেও বাস্তবায়নের ক্ষমতা তাদের নেই। এমনকি অনেক নির্বাচিত প্রতিনিধি তাঁদের ক্ষমতা সম্পর্কেও জানেন না। তিনি প্রতিনিধি ও জনগণকে আইনগুলো সম্পর্কে জানানো ও সচেতন করার পরামর্শ দেন।সাংসদদের উপজেলা পরিষদের উপদেষ্টা করার সমালোচনা করে মোজাম্মেল বলেন, ‘এতে সাংসদদের অপমানিত করা হয়েছে। হাতির পিঠ থেকে নামিয়ে গাধার পিঠে চড়িয়ে দেওয়া হয়েছে।’সেন্টার ফর আরবান স্টাডিজের নির্বাহী পরিচালক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ জারিনা রহমান খান সম্মেলনটি সঞ্চালন করেন। বিআইআইএসএসের গবেষক মাহফুজ কবীর ও নগর পরিকল্পনাবিদ সালমা এ শফি দুটি প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া সংসদ সদস্য, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা সম্মেলনে আলোচনায় অংশ নেন।