‘স্পেশাল’ দিলশান
ব্যাটিং ওপেন তো করছেনই। দলের সেরা ফিল্ডারও তিনি। কয়েক ওভার বোলিং মোটামুটি নিয়মিতই করেন, জুটি ভাঙায় জুড়ি নেই। এবার তাঁর হাতে নতুন বল!স্পিন দিয়ে বোলিং শুরু পুরোনো ঐতিহ্যের মধ্যে পড়ে গেছে। এই বিশ্বকাপে তো সেটা মোটামুটি নিয়মই হয়ে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কা অবশ্য পরশুই প্রথম স্পিন দিয়ে আক্রমণ শুরু করল। তিনজন স্পেশালিস্ট স্পিনার একাদশে, তার পরও কিনা নতুন বল উঠল তিলকরত্নে দিলশানের হাতে!অবধারিত প্রশ্ন। কুমার সাঙ্গাকারা যেন তৈরিই ছিলেন, ‘দিলশান হলো স্পেশাল ক্রিকেটার। যেটাই করতে বলা হয়, দারুণভাবে করার অসাধারণ ক্ষমতা আছে ওর। অ্যান্ড্রু স্ট্রাউস শুরুতে স্পিনের বিপক্ষে ঠিক স্বস্তি পায় না। আর বাঁ-হাতি ব্যাটসম্যানদের বিপক্ষে দিলশান সব সময়ই ভালো বোলিং করে, নতুন বলে টার্নও করাতে পারে। ফিল্ডিংয়েও ও ছিল অসাধারণ, ব্যাটিংয়ের কথা আর কী বলব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়েছে ও কতটা দায়িত্বশীল।’বোলাররা সবাই দারুণ বোলিং করেছেন, অসাধারণ ব্যাটিং করেছেন দিলশান-থারাঙ্গা। কিন্তু প্রেমাদাসায় ইংলিশদের পতনের শুরু তো নতুন বলের বোলার দিলশানের হাতে! যথারীতি লাসিথ মালিঙ্গা ছিলেন, কিন্তু আরেক প্রান্তে বোলিং শুরু করলেন দিলশান। পরিকল্পনা খুব সাধারণ, ফ্লাইট কম দিয়ে স্টাম্প সোজা বোলিং করে যাওয়া। হতচকিত স্ট্রাউসের কাছে এই সাধারণ বোলিংটাই দুর্বোধ্য হয়ে গেল। দিলশানের ১৫ বলে নিতে পেরেছিলেন ৩টি মাত্র সিঙ্গেল, শেষে তেড়েফুঁড়ে মারতে গিয়ে বোল্ড ওই দিলশানের বলেই। ৪-১-৯-১, ব্যাটিং উইকেটেও ইংল্যান্ডের ইনিংসটা ডানা ভেঙে পড়ল তো নতুন বলে দিলশানের এই স্পেলটার জন্যই!এর আগে নতুন বলে একবারই বোলিং করেছিলেন দিলশান। তবে সেটার পর পেরিয়ে গেছে সাত বছর।ডাম্বুলার ওই ম্যাচে গিলক্রিস্ট-হেইডেনদের বোলিং করে খুব একটা সুবিধা করতে পারেননি। ৬ ওভারে ৩২ রান দিয়ে উইকেট পাননি। সেই লোকটিকেই কিনা দেওয়া হলো বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচে এত বড় দায়িত্ব! দিলশান প্রমাণ করেছেন তিনি আসলেই ‘স্পেশাল’ একজন।সব সময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। নতুন বলে বোলিংয়ের প্রস্তাব আসতেই তাই লুফে নিয়েছেন, ‘কাল (পরশু) সাঙ্গা আমাকে বলেছে, নতুন বলে বোলিং করতে হবে। আমি বললাম, খুশি মনে করব। এবারই তো আর প্রথম নয়, এর আগে একবার গিলক্রিস্ট-হেইডেনকে বোলিং করেছিলাম। আত্মবিশ্বাসের তাই কমতি ছিল না।’ কমতি যে ছিল না, এটা মুখে না বললেও চলত। কাল শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ম্যাচটাই ছিল দিলশানময়। অমন বোলিংয়ের সঙ্গে যথারীতি যোগ হয়েছিল দুর্দান্ত ফিল্ডিং। আর মূল কাজ ব্যাটিং তো আছেই। ঝোড়ো ব্যাটিং নয়, কাল দেখা গেল পরিণত এক দিলশানকে। দলের জয় নিশ্চিত হওয়ার পরও উইকেট ছুড়ে দেননি। মাঠ ছেড়েছেন অপরাজিত সেঞ্চুরি করে। এই বিশ্বকাপে যেটা তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। এই বিশ্বকাপে সর্বোচ্চ রানের তালিকায়ও শচীন টেন্ডুলকারকে (৩৭৯) টপকে উঠে এসেছেন দুইয়ে (৩৯৪, ৪২২ রান নিয়ে শীর্ষে জোনাথন ট্রট)। সঙ্গে আছে ৬টি উইকেটও। টুর্নামেন্ট-সেরার লড়াইয়ে যুবরাজ সিংয়ের খুব কাছাকাছিই আছেন দিলশান।দিলশানকে নিয়ে সাঙ্গাকারার প্রশংসার ফুলঝুরি এবারই প্রথম নয়। এমন কথা এর আগেও কয়েকবার বলেছেন লঙ্কান অধিনায়ক। হয়তো বলতে হবে আবারও, দিলশান যে নিজেকে ‘স্পেশাল’ প্রমাণ করেই যাচ্ছেন!