জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০০৮ সালের জুলাইয়ে। তারপর আইসিএল-ঝড়ে থমকে দিয়েছিল তাঁর আন্তর্জাতিক ক্রিকেট। অবশেষে দুই বছরেরও বেশি সময় পর আবার ডাক পেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রাথমিক দলে। জাতীয় দলে এবারের ফেরা নিয়ে বললেন নাজিমউদ্দিন দীর্ঘদিন পর আবার জাতীয় দলে ডাক পেলেন...নাজিমউদ্দিন: হ্যাঁ, দুই বছরেরও বেশি সময় পর ডাক পেলাম। আইসিএল থেকে ফেরার পর ‘এ’ দলের হয়ে খেলেছি। এশিয়া কাপের স্ট্যান্ডবাইও ছিলাম। কিন্তু আইসিএল থেকে ফেরার পর প্রাথমিক বা চূড়ান্ত দলে ডাক পেলাম এই প্রথম। কেমন লাগছে?নাজিমউদ্দিন: জাতীয় দলে ডাক পাওয়ার অনুভূতিটা কেমন, তা তো আগেই জানি। কিন্তু এবার মনে হচ্ছে নতুন ডাক পেয়েছি। খুবই ভালো লাগছে। এই দীর্ঘ সময় বসে থাকার কারণ নিশ্চয়ই আইসিএল। আফসোস হয় আইসিএলে যাওয়ার জন্য?নাজিমউদ্দিন: আফসোস...হ্যাঁ, খানিকটা হয়তো হয়। আসলে ওই ব্যাপারটা আর ভাবতে চাই না। আইসিএল অতীত হয়ে গেছে। ওই পুরোনো দিন আর মনে করতে চাই না। নিউজিল্যান্ডের বিপক্ষে চূড়ান্ত দলে থাকার ব্যাপারে কতটা আশাবাদী?নাজিমউদ্দিন: এখনই এই আশাটা করা একটু কঠিন। আসলে এখন দলে যারা আছে, তারা কিন্তু অনেক ভালো খেলছে। বিশেষ করে তামিম (ইকবাল) ও ইমরুল (কায়েস) ভালো রানে আছে। জুনায়েদও (সিদ্দিক) রান পাচ্ছে। সুতরাং এখনই নিউজিল্যান্ডের বিপক্ষে দলে আসা কঠিন হবে। দলে থাকতে পারলে তো ভালো। না পারলেও আমি কষ্ট পাব না। আমার স্বপ্ন আরেকটু লম্বা। স্বপ্নটা কী?নাজিমউদ্দিন: স্বপ্ন বিশ্বকাপ খেলা। সেই স্বপ্নপূরণ হবে বলে মনে করেন?নাজিমউদ্দিন: আমি আমার কাজ করলে কেন হবে না! সামনে জাতীয় লিগের ওয়ানডে আছে, প্রিমিয়ার লিগ আছে, ‘এ’ দলের খেলা আছে। এসব জায়গায় যদি ভালো রান করতে পারি জিম্বাবুয়ের বিপক্ষে হয়তো দলে জায়গা করে নিতে পারব। আর ভালো করতে পারলে অবশ্যই বিশ্বকাপ খেলা সম্ভব। আমার এখনকার পরিকল্পনাই হলো, বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়া। আপনার বন্ধুরা আপনার অনেক আগে জাতীয় দলে জায়গা পেয়েছে। আপনার যেখানে থাকা উচিত ছিল, সেখানে আছেন?নাজিমউদ্দিন: আন্তর্জাতিক ম্যাচের কথা বললে, পিছিয়ে আছি। আসলে নিজের দোষে বলুন আর অন্য কোনো কারণে, আন্তর্জাতিক ম্যাচ তো বেশি খেলার সুযোগ পাইনি। তবে ঘরোয়া ক্রিকেট বা জাতীয় দলের বাইরের পারফরম্যান্সে কিন্তু আমি পিছিয়ে নেই। জাতীয় দলের বাইরে আপনার যে পারফরম্যান্স, সেটা জাতীয় দলের হয়ে দেখা যায়নি। কারণটা কী বলে মনে হয়?নাজিমউদ্দিন: এটা তো বলা মুশকিল। তবে আমি আসলে নিয়মিত হওয়ার সময় পাইনি। অনেকে হয়তো শুরু থেকেই রান পায়। আবার অনেকের জাতীয় দলে স্থায়ী হতে একটু সময় লাগে। আমি সেটা পাইনি। তবে পুরোনো কোনো কথা মনে রাখতে চাই না। এবার সুযোগ পেলেই নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই। কন্ডিশনিং ক্যাম্প কতটা উপকার করল?নাজিমউদ্দিন: খুবই উপকার হয়েছে। এই সময়ে চট্টগ্রাম থাকলে হয়তো একা একা অনুশীলন করতাম। কিন্তু নিজেই নিজের ভুলত্রুটি ধরাও যায় না, সংশোধনও করা যায় না। সেই সুযোগটা এখানে পেয়েছি।